
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও সাতক্ষীরার বিখ্যাত আম এবার ঢাকাবাসীর দোরগোড়ায় পৌঁছাবে সরাসরি চাষিদের হাত থেকে। ডাক বিভাগের বিশ্বস্ত নেটওয়ার্ক এবং পরিবহন ও সেবা কাঠামো ব্যবহার করে কওমির তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে এ কর্মকাণ্ড শুরু হতে যাচ্ছে, যার মাধ্যমে প্রতিদিন প্রায় ৪ হাজার কেজি আম ঢাকার গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের ডাক ভবনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বাংলাদেশ ডাক বিভাগকে আমরা সংস্কারের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি। এই সংস্কার কার্যক্রমের একটি অংশ হচ্ছে সাপ্লাই চেইনগুলোকে সচল করা। ডাক বিভাগের বিদ্যমান অবকাঠামোগুলোকে কাজে লাগিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা কীভাবে উপকৃত হতে পারে, আমরা সেই চেষ্টা করছি। যেহেতু ডাক বিভাগ অত্যন্ত প্রাচীন একটি সরকারি প্রতিষ্ঠান, যাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে শাখা রয়েছে, তাই আমরা মনে করি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ডাক বিভাগের বিদ্যমান সক্ষমতা কাজে লাগিয়ে প্রত্যন্ত অঞ্চলে তাদের পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছাতে পারবে। অন্যথায় তাদের জন্য সাপ্লাই চেইন তৈরি করে ভোক্তা পর্যন্ত পৌঁছানোর এ কাজ কঠিন হবে।’
এই কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন কওমি উদ্যোক্তারা—যারা কওমি মাদ্রাসার শিক্ষিত তরুণদের জন্য তৈরি করা একটি প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের উদ্যোক্তা-জীবনের যাত্রা শুরু করেছেন। ইসলামি আদর্শ ও নৈতিকতার আলোকে গড়ে ওঠা এই কমিউনিটির লক্ষ্য হালাল উপার্জনের মাধ্যমে আত্মনির্ভরতা অর্জন, প্রযুক্তি ও দক্ষতা শেখানো এবং একটি বিশ্বাসযোগ্য ও বরকতময় ব্যবসায়িক মানসিকতা গড়ে তোলা।
বর্তমানে তাদের কমিউনিটিতে যুক্ত আছেন ৮০ হাজারের বেশি কওমি তরুণ উদ্যোক্তা, যাঁরা ফ্রিল্যান্সিং, অনলাইন বিজনেস, ই-কমার্স, কৃষি ও উৎপাদন খাতে নিজেদের ক্যারিয়ার গড়ছেন।
বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশ ডাক বিভাগ এই প্রকল্পের পরিবহন সহযোগী হিসেবে কাজ করছে। ডাক বিভাগের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে চাষিদের কাছ থেকে সংগৃহীত আম প্রতিদিন ঢাকার প্রতিটি প্রান্তে গ্রাহকদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে, যা ভোক্তাদের জন্য নিশ্চিত করবে এক অনন্য অভিজ্ঞতা।
উদ্যোক্তারা আশা করছেন, এই প্রকল্প শুধু একটি মৌসুমি কার্যক্রম নয়, বরং এটি একটি টেকসই কৃষিপণ্য বিপণন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। যা ভবিষ্যতে অন্যান্য ফল, কৃষিপণ্য ও আঞ্চলিক উৎপাদনের ক্ষেত্রেও অনুকরণীয় উদাহরণ হতে পারে।
এই উদ্যোগের আওতায় প্রতিদিন প্রায় ৪ হাজার কেজি আম ঢাকায় পরিবহন করার পরিকল্পনা নেওয়া হয়েছে ডাক বিভাগের বিশ্বস্ত লজিস্টিক নেটওয়ার্কের ওপর আস্থা রেখে। এই উদ্যোগের মাধ্যমে সুলভে পরিবহন সুবিধা পাচ্ছেন উদ্যোক্তা ও চাষিরা; ভোক্তাপর্যায়ে যার সুফল সরাসরি গ্রাহকেরাও উপভোগ করবেন।
এই উদ্যোগের সেবা নিতে যেকোনো নাগরিক কওমি উদ্যোক্তা নামের ফেসবুক গ্রুপ বা এই উদ্যোগের সঙ্গে যুক্ত বিক্রেতাদের ফেসবুক পেজে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন।

দেশে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা নিশ্চিত করা এবং অবৈধ হ্যান্ডসেটের ব্যবহার নিয়ন্ত্রণে জাতীয় সরঞ্জাম পরিচিতি নিবন্ধন (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার বা এনইআইআর) কার্যক্রম চালুর ছয় মাস পেরিয়ে গেছে। এখনো পূর্ণাঙ্গভাবে এই ব্যবস্থা কার্যকর করা যায়নি।
১ ঘণ্টা আগে
রূপপুরে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোড বা জ্বালানি স্থাপন সম্পন্ন হওয়ার পর প্রায় দুই মাস ধরে চলছে পরীক্ষা-নিরীক্ষা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কিছু পরীক্ষায় নেতিবাচক ফল আসায় সতর্কতা ও আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় সব পরীক্ষা নতুন করে চালাতে হচ্ছে।
২ ঘণ্টা আগে
দেশে প্রতিবছর গড়ে পাহাড়ধসের ২৩টি ঘটনা ঘটে। এসব ঘটনায় গড়ে ২৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়। আহত হয় অর্ধশত মানুষ। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের গত সাড়ে ১০ বছরের পরিসংখ্যান বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচার না করতে দেশের সব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে