
প্রায় দুই মাসের অচলাবস্থার পর সরবরাহ লাইনে চাপ বৃদ্ধি পাওয়ায় ঢাকার আশপাশের কলকারখানাগুলোর উৎপাদনব্যবস্থায় স্বস্তি ফিরেছে। তবে উৎপাদন পুরোপুরি স্বাভাবিক রাখতে গ্যাসের চাপ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন শিল্পমালিকেরা।
গত মঙ্গলবারই গ্যাসের সরবরাহ দৈনিক ২৪০০ মিলিয়ন ঘনফুট অতিক্রম করে ২৬০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হওয়ার খবর দিয়েছিল পেট্রোবাংলা। তবে শিল্পাঞ্চলগুলোতে এর প্রভাব অনুভূত হয় এক দিন পর বুধবার।
সর্বশেষ গতকাল বৃহস্পতিবার পেট্রোবাংলার প্রতিবেদনে দেখা যায়, দুপুর ১২টায় জাতীয় সঞ্চালন লাইনে ঘণ্টায় ২৬০৬ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সঞ্চালন করা হচ্ছিল। এ সময় ভাসমান দুই এলএনজি টার্মিনাল থেকে ৯৯২ মিলিয়ন ঘনফুট এবং দেশীয় কূপ থেকে ১৬১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছিল।
সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনালের গ্যাস সরবরাহ ক্ষমতা দৈনিক ১১০০ মিলিয়ন ঘনফুট। তবে গত ২১ জুলাই একটি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর এলএনজি সরবরাহ ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসে। গত দুই মাসে টার্মিনালে অগ্নিকাণ্ড ছাড়াও সময়মতো এলএনজি না আসা, বিশ্ববাজারে এলএনজির মূল্যবৃদ্ধি এবং অন্যান্য কারণে সরবরাহ একপর্যায়ে ৩০০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছিল। তখন জাতীয় সঞ্চালন লাইনে এলএনজি ও দেশীয় গ্যাস মিলে মোট সরবরাহ ছিল দৈনিক ১৮০০ মিলিয়ন ঘনফুটের কিছুটা বেশি। এ সময় গ্যাসের অভাবে সারা দেশে লোডশেডিং, কারখানার উৎপাদন বন্ধ, সিএনজিচালিত গাড়ির চলাচল বিঘ্নিত হয়েছিল। গ্যাস ছিল না বাসাবাড়ির রান্নাঘরেও।
তবে চলতি সেপ্টেম্বর থেকে এলএনজি কার্গো আসতে শুরু করায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। দুই এলএনজি টার্মিনাল থেকে ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করে জাতীয় সরবরাহ ২৩০০ থেকে ২৪০০ মিলিয়ন ঘনফুটে ওঠানামা করছিল। গত সোমবার মধ্যরাতে এলএনজি সরবরাহ ৯০০ মিলিয়ন ঘনফুট অতিক্রম করায় শিগগির সারা দেশে স্বস্তির আভাস পাচ্ছিলেন শিল্পমালিকেরা।গতকাল ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভারসহ বিভিন্ন এলাকার শিল্পমালিকদের সঙ্গে কথা বলে সেই স্বস্তির কথাই জানা গেল।
এদিকে গ্যাসের সরবরাহ বাড়ায় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদনও কিছুটা বেড়েছে। গ্যাসভিত্তিক কেন্দ্রগুলো থেকে আগে যেখানে ৪৭০০ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল, গ্যাসের চাপ বাড়ার পর তা সাড়ে ৫ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। তবে একই সময়ে রামপাল ও পটুয়াখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট বিকল হওয়ায় বিদ্যুতের সামগ্রিক উৎপাদন বাড়েনি, লোডশেডিংয়ের ভোগান্তি আগের মতোই রয়ে গেছে।
পেট্রোবাংলার পরিচালক এম শোয়েব বলেন, এলএনজি থেকে গ্যাস সরবরাহ বেশি পাওয়ার পর সামগ্রিক সরবরাহ ২৬০০ মিলিয়ন ঘনফুট অতিক্রম করেছে। এতে শিল্পকারখানার পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্যও বরাদ্দ বাড়ানো গেছে। আগে যেখানে বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য দৈনিক ৮৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস বরাদ্দ ছিল, এখন সেটা ৯৫০ মিলিয়ন ফুটের কাছাকাছি।
ঢাকার আবদুল্লাহপুর আরএসআর সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, মঙ্গলবার থেকে নিরবচ্ছিন্নভাবে ৪-৫ পিএসআই চাপে গ্যাস পাওয়া যাচ্ছে। ফলে যানবাহনগুলো ভোগান্তি ছাড়াই তাদের প্রয়োজনীয় গ্যাস নিতে পারছে।
গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের চাপ ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রমে কিছুটা স্বস্তি ফিরেছে। গতকাল সকাল থেকে গাজীপুরের হ্যামস গার্মেন্টস, স্প্যারো ফ্যাশন, ডিবিএল গার্মেন্টস, পল্লী বিদ্যুতের জয়দেবপুর গ্রিড এবং তিতাস গ্যাসের আঞ্চলিক বিপণন কেন্দ্রে (স্টেশন) খোঁজখবর নিয়ে শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
আমান গার্মেন্টসের শ্রমিক মনিরা বেগম বলেন, গত কয়েক সপ্তাহ কারখানায় তেমন কাজ ছিল না। গ্যাসের সমস্যার কারণে কারখানার শ্রমিকেরা অলস সময় পার করেছেন। গত দুদিন কাজ একটু বেড়েছে।
ডিবিএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ আব্দুল কাদির অনু বলেন, গ্যাসের চাপ বাড়ায় শিল্পকারখানাগুলোতে উৎপাদন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে উৎপাদন আরও স্বাভাবিক হবে।
হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিকুর রহমান বলেন, আগের তুলনায় অনেকটাই স্বস্তির খবর। গ্যাস সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়েছে। কয়েক সপ্তাহ যেখানে শ্রমিকেরা অলস সময় কাটাতেন, এখন পুরোদমে কাজ করছেন।
টঙ্গীর নদীবন্দর এলাকায় রাব্বানি ওয়াশিং অ্যান্ড ডাইং কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রাব্বানি বলেন, দুই দিন ধরে গ্যাসের চাপ বৃদ্ধি পেয়েছে। পাম্প থেকে অবৈধভাবে গ্যাস কিনতে হচ্ছে না। সঠিক সময়ে পোশাক রপ্তানি করতে ২৪ ঘণ্টাই কারখানা চালাতে হচ্ছে।
তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক মোস্তফা মাহবুব আজকের পত্রিকাকে বলেন, শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে। গাজীপুরের শিল্পকারখানায় দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে গত কয়েক সপ্তাহ সরবরাহ করা হতো ২৬০ মিলিয়ন ঘনফুট। মঙ্গলবার রাত থেকে সরবরাহ বেড়ে বর্তমানে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে।
ফতুল্লা ডাইং অ্যান্ড ক্যালেন্ডারিং মিলসের চিফ ইঞ্জিনিয়ার ফজলুল হক তুষার বলেন, ‘আমাদের এত দিন উৎপাদন চলছে ৫০ শতাংশ। গ্যাসের চাপ বৃদ্ধি পাওয়ায় এখন ৭০-৮০ শতাংশ উৎপাদন করা যাচ্ছে।’
এদিকে এক বিজ্ঞপ্তিকে তিতাস জানিয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের জন্য আশুলিয়া-সাভারসহ বিস্তীর্ণ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ফলে আজ শুক্রবার সকাল ৮টা থেকে কাল শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আশপাশের এলাকাতেও এ সময় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন নারায়ণগঞ্জ, শ্রীপুর (গাজীপুর) ও টঙ্গী প্রতিনিধি]

আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার প্রাথমিক পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে সেই পরিকল্পনা অনুযায়ী ভোট শুরু হচ্ছে না। সরকারের তরফ থেকে ইসিকে জানানো হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে চলতি বছর ইউপি নির্বাচন করার মতো প্রস্তুতি নেই।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠন, পেশাদার শিল্পী তৈরি ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় খসড়া নীতিমালা পর্যালোচনা সভা হয়েছে। সভায় বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে নীতিমালার কাঠামো, প্রশিক্ষণ ও শিল্পী নির্বাচন নিয়ে মতামত দেন...
৭ ঘণ্টা আগে
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বুন্দেসট্যাগ সদস্য মি. নিকলাস কাপের নেতৃত্বে প্রতিনিধিদলে মি. গেরোল্ড ওটেন, মি. জোহান সাথফ, মিজ উলে শাউস এবং ড. রুডিগার লোটজ ঢাকায় নিযুক্ত জার্মান
৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে জার্মান সংসদীয় প্রতিনিধিদলের বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, নির্বাচনী প্রক্রিয়া, সংসদীয় কূটনীতি, রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে...
৭ ঘণ্টা আগে