Ajker Patrika

বাংলাদেশ-জার্মানি সংসদীয় সহযোগিতা জোরদারে বৈঠক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫১
বাংলাদেশ-জার্মানি সংসদীয় সহযোগিতা জোরদারে বৈঠক
সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে জার্মানির সংসদীয় প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক। ছবি: সংগৃহীত

সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে জার্মানির সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবারের এ বৈঠকে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা জোরদার, সংসদীয় কূটনীতি, নির্বাচনী প্রক্রিয়া, রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

বৈঠকে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, কমিটির সদস্য এস কে আজিজুল বারী, এ বি এম মোশাররফ হোসেন এবং সানজিদা ইসলাম।

জার্মান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বুন্দেসট্যাগের সদস্য নিকোলাস কাপের। প্রতিনিধিদলে আরও ছিলেন—বুন্দেসট্যাগের সদস্য গেরোল্ড ওটেন, জোহান সাথফ ও উলে শাউস এবং ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

বৈঠকে জার্মানিকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার এবং ইউরোপীয় ইউনিয়নের একটি শীর্ষস্থানীয় অংশীদার রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক রূপান্তর দুই দেশের অংশীদারত্বকে আরও ব্যাপক ও সুদৃঢ় পর্যায়ে উন্নীত করার নতুন সুযোগ সৃষ্টি করেছে। জার্মানির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।

নির্বাচনী প্রক্রিয়ার তথ্য-উপাত্ত তুলে ধরে বৈঠকে জানানো হয়, দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের ৬০ দশমিক ২৩ শতাংশ। নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও অর্থবহ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে নারীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত রয়েছে বলেও উল্লেখ করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ নির্বাচনী পর্যবেক্ষণ মিশন পাঠানোর জন্য ধন্যবাদ জানানো হয়। মিশনের চূড়ান্ত প্রতিবেদনের সুপারিশগুলো নির্বাচনী প্রক্রিয়ার সততাকে আরও শক্তিশালী করবে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।

সংসদীয় প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে জাতীয় সংসদ ও জার্মান বুন্দেসট্যাগের মধ্যে সংসদীয় কূটনীতি গভীর করার আগ্রহ প্রকাশ করা হয়। এ যোগাযোগকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে উভয় সংসদে ‘বাংলাদেশ-জার্মানি সংসদীয় মৈত্রী গ্রুপ’ গঠনের প্রস্তাব করা হয়।

বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপ নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে জার্মানির সংসদীয় প্রতিনিধিদল, বাংলাদেশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত