Ajker Patrika

মামলা ঝুলছে ৪০ হাজার বিচারক মাত্র ৫ জন

• বিচারক সংকটে একের অধিক বেঞ্চও গঠন করা যাচ্ছে না

• প্রতিবছর দায়ের হওয়া মামলার মাত্র ১৮% নিষ্পত্তি হচ্ছে

• বিচারক নিয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন, হাইকোর্টে রিট

এস এম নূর মোহাম্মদ, ঢাকা
মামলা ঝুলছে ৪০ হাজার বিচারক মাত্র ৫ জন
ফাইল ছবি

বিচারক সংকটে ক্রমেই মামলাজট বাড়ছে দেশের সর্বোচ্চ আদালতে। বিচারক সংকটের কারণে আপিল বিভাগে একাধিক বেঞ্চও গঠন করা যাচ্ছে না। এর আগে সর্বোচ্চ ১১ জন বিচারপতি ছিলেন আপিল বিভাগে। বেঞ্চ গঠন করা হয়েছিল তিনটি পর্যন্ত। অথচ এখন একটি মাত্র বেঞ্চে চলছে বিচারকাজ।

মামলাজট কমাতে দ্রুতই আপিল বিভাগে বিচারপতি নিয়োগের দাবি জানিয়েছেন আইনজীবীরা। সবশেষ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতেও বিচারপতি নিয়োগের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের নেতারা।

সুপ্রিম কোর্টে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে দেওয়ানি ২৩ হাজার ৬৪৫, ফৌজদারি ১৬ হাজার ৭৪ এবং অন্যান্য মামলা রয়েছে ২৯১টি।

বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা মাত্র পাঁচজন। এর মধ্যে বিচারপতি হাবিবুল গণি শপথ নিয়েছেন গত ৩০ আগস্ট।

আইনজীবীরা জানান, অনেক গুরুত্বপূর্ণ মামলাও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বিচারক সংকটের কারণে একাধিক বেঞ্চ গঠন করা যাচ্ছে না। তাই দ্রুত আপিল বিভাগে বিচারক নিয়োগের দাবি তাঁদের।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন আজকের পত্রিকাকে বলেন, বিচারপতির অভাবে আপিল বিভাগ অনেকটা অকার্যকর হয়ে পড়েছে। আগে তিনটি বেঞ্চ ছিল। এখন মাত্র একটি বেঞ্চ। জরুরি অনেক মামলাও শুনানি করা যাচ্ছে না। এতে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপিল বিভাগে আরও অন্তত পাঁচ-ছয়জন বিচারপতি নিয়োগ করা উচিত। সেই সঙ্গে হাইকোর্ট বিভাগেও বিচারপতি বাড়ানো উচিত বলে মনে করেন তিনি।

বারের সভাপতির সঙ্গে একমত পোষণ করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলও। তিনি আজকের পত্রিকাকে বলেন, আপিল বিভাগে বিচারকের সংকট রয়েছে। তবে কেবল সংখ্যা বাড়ালেই সমস্যার সমাধান হবে না। এর জন্য অবশ্যই সৎ, দক্ষ ও কর্মঠ বিচারপতি প্রয়োজন। আশা করা হচ্ছে রাষ্ট্রপতি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

১৯৭২ সালের ১৬ ডিসেম্বর আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সমন্বয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট যাত্রা শুরু করে। ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর চারজন বিচারপতিকে নিয়ে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়। সে সময় আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৪ হাজার ৫৬টি এবং দেশের জনসংখ্যা ছিল প্রায় ৬ কোটি ৪৩ লাখ। বর্তমানে দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৮১ লাখ। এখন আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

আপিল বিভাগে প্রয়োজনীয়সংখ্যক বিচারপতি নিয়োগ দিতে গত ২২ জুলাই রাষ্ট্রপতির কাছে আবেদন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

শিশির মনির আজকের পত্রিকাকে বলেন, বিচারপতি সংকটে অনেক গুরুত্বপূর্ণ মামলাও শুনানি করা যাচ্ছে না। মামলাজট বাড়ছে। কোনো মামলায় আপিল শুনানি করতে হলে কয়েক বছর লেগে যাচ্ছে। তাই, দ্রুত আপিল বিভাগে প্রয়োজনীয়সংখ্যক দক্ষ বিচারপতি নিয়োগ দেওয়া দরকার।

এদিকে সুপ্রিম কোর্টের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ, প্রয়োজনীয়সংখ্যক বিচারপতি নিয়োগ এবং আইনজীবীদের পেশাগত মৌলিক সুযোগ-সুবিধা বাড়ানোর নির্দেশনা চেয়ে রিট করেছেন হুমায়ুন কবির পল্লবসহ ২৬ আইনজীবী। ৩ নভেম্বর করা ওই রিটে বলা হয়, প্রতিবছর দায়ের হওয়া মামলার বিপরীতে হাইকোর্ট বিভাগে প্রায় ৩৫ শতাংশ এবং আপিল বিভাগে মাত্র ১৮ শতাংশ মামলা নিষ্পত্তি হচ্ছে।

জানতে চাইলে হুমায়ুন কবির পল্লব বলেন, ‘সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারক সংকট। পর্যাপ্ত বিচারপতি নিয়োগ চেয়ে করা রিট আবেদনটির প্রাথমিক শুনানি হয়েছে। হাইকোর্ট তিন মাস শুনানি মুলতবি করেছেন। আশা করি তিন মাস পর এটি আবারও শুনানির জন্য আসবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত