Ajker Patrika

এবারের গাজা ফ্লোটিলায় থাকবে বাংলাদেশের জাহাজ

বিশেষ প্রতিনিধি, ঢাকা
এবারের গাজা ফ্লোটিলায় থাকবে বাংলাদেশের জাহাজ
গত বছর গাজাগামী সুমুদ ফ্লোটিলায় ছিলেন বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম। ছবি: সংগৃহীত

গাজার ইসরায়েলি অবরোধ পুরোপুরি ভাঙার উদ্দেশ্য নিয়ে আবারও ফ্লোটিলা যাচ্ছে। সেই ফ্লোটিলায় এবার বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ অংশ নেবে। আজ সোমবার সচিবালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করার পর আলোকচিত্রী শহিদুল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

শহিদুল আলম বলেন, ‘পরিকল্পনা ছিল আমরা ২৯ মার্চ রওনা দেব। কিন্তু যেহেতু মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে সে জন্য ১২ এপ্রিল ঠিক করা হয়েছে। যুদ্ধের পরিস্থিতির কারণে সেটাও হয়তো পেছাতে পারে।’ তিনি আরও বলেন, ‘অনেকগুলো জাহাজ যাবে, তার মধ্যে বাংলাদেশের একটি জাহাজও যাবে।’

এই আলোকচিত্রী আরও বলেন, ‘এবারও গাজা ইস্যুতে এই ফ্লোটিলা যাবে। ইরান ইস্যু তো ফিলিস্তিনকে কেন্দ্র করেই অনেক অর্থে। এটা একেবারেই আমরা গাজার অবরোধটাকে ভাঙব সেই উদ্দেশ্যে যাচ্ছি।’ সার্বিক পরিস্থিতি নিয়ে নাগরিক সমাজ যে বিষয়গুলো ভাবছে সেগুলো প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন বলে জানান শহিদুল আলম।

তিনি বলেন, ‘গতবার যখন আমরা ফ্লোটিলায় গিয়েছিলাম উনি (তারেক রহমান) আমাদের ভীষণভাবে সমর্থন করেছিলেন এবং উনি আমাদের প্রথম সমর্থন দিয়েছিলেন। তারপর অধ্যাপক ইউনূস জোরালো ভূমিকা রেখেছিলেন। এবার আমরা আবারও ফ্লোটিলায় যাচ্ছি। এবার আমরা একটি বাংলাদেশি জাহাজ নিয়ে যাচ্ছি। সেটার ব্যাপারে উনি নিজে আগ্রহী। এটাকে কীভাবে সাপোর্ট দেওয়া যায়, কীভাবে সহযোগিতা করা যায় এবং বাংলাদেশকে যাতে এখানে প্রতিনিধিত্ব করা যায় সেটি নিয়ে আলাপ হয়েছে।’

বাংলাদেশ থেকে কতজন এবারের ফ্লোটিলায় যাচ্ছে সেই প্রশ্নে শহিদুল আলম বলেন, ‘এই প্রক্রিয়াটা জটিল। কারণ আন্তর্জাতিক একটি পদ্ধতির মাধ্যমে বাছাই করা হয়। আবেদন যে কেউ করুক, নির্বাচন যখন হয় অনেক যাচাই-বাছাই হয়। কারণ, কাকে নেওয়া হচ্ছে অনেক নিরাপত্তার ব্যাপার রয়েছে, দক্ষতার ব্যাপার রয়েছে, সেগুলো যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয়। জাহাজটি যাচ্ছে এবং সেটি বাংলাদেশের পতাকা বহন করে যাবে সেটা নিশ্চিত। আমলাতান্ত্রিক জটিলতাগুলো যেন কমানো যায় সেটার ব্যাপারে উনি (প্রধানমন্ত্রী) বলেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত