
বিশ্বব্যাপী নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতা, সামষ্টিক অর্থনৈতিক সংকট ও পরিবেশগত বিরূপ অভিঘাতের মুখে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত করার জন্য জাতিসংঘের কাছে যৌথভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ও নেপাল। টেকসই উন্নয়ন ও সফল উত্তরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সংস্কার, সাশ্রয়ী রেয়াতি অর্থায়ন বৃদ্ধি এবং জলবায়ু তহবিল সহজলভ্য করারও দাবি জানানো হয়েছে।
সোমবার (১৩ জুলাই, ২০২৬) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে এলডিসি গ্রুপের পক্ষে বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশের পক্ষ থেকে এই প্রস্তাব পেশ করা হয়।
জাতিসংঘের এই উচ্চপর্যায়ের অধিবেশনে এলডিসি গ্রুপের পক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সময়সীমা ঘনিয়ে এলেও বিশ্ব এখনো কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে অনেক পিছিয়ে রয়েছে। বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলো বর্তমানে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব, ক্রমবর্ধমান ঋণের বোঝা, সীমিত অভ্যন্তরীণ রাজস্ব ক্ষমতা, সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) হ্রাস এবং তীব্র ডিজিটাল বৈষম্যের মতো বহুমাত্রিক ও জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এই সংকটগুলো শুধু এসডিজি অর্জনের পথকেই বাধাগ্রস্ত করছে না, বরং ২০৩১ সালের মধ্যে বেশির ভাগ এলডিসিভুক্ত দেশকে স্থায়ীভাবে উত্তরণের লক্ষ্য নিয়ে নেওয়া দোহা কর্মসূচির বাস্তবায়নকেও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। বর্তমানে বাংলাদেশের মতো বিশ্বের ১৪টি দেশ এলডিসি থেকে উত্তরণের বিভিন্ন পর্যায়ে রয়েছে, যাদের জন্য এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের ধারাবাহিক নীতিগত ও আর্থিক সহযোগিতা জরুরি।
উপদেষ্টা ড. তিতুমীর বলেন, বাংলাদেশ ও নেপাল যে অতিরিক্ত তিন বছর সময় বৃদ্ধির আবেদন করেছে, তাকে কোনোভাবেই উত্তরণ প্রক্রিয়ার বিলম্ব হিসেবে দেখা উচিত হবে না। বরং এটিকে দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি (এসটিএস) কার্যকরভাবে বাস্তবায়ন এবং প্রয়োজনীয় অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পন্ন করার একটি কৌশলগত ও বাস্তবসম্মত সুযোগ হিসেবে বিবেচনা করতে হবে। আগামী বছর কাতারে অনুষ্ঠিতব্য দোহা কর্মসূচির মধ্যমেয়াদি পর্যালোচনাকে এলডিসিভুক্ত দেশগুলোর জন্য একটি বড় সুযোগ হিসেবে আখ্যায়িত করে তিনি সেখানে বিশ্বনেতা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রধান এবং উন্নয়ন সহযোগীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান, যাতে সম্মেলন থেকে বাস্তবমুখী ও ফলপ্রসূ সিদ্ধান্ত আসে।
এলডিসি গ্রুপের পক্ষ থেকে বৈশ্বিক উন্নয়নের জন্য পাঁচটি প্রধান অগ্রাধিকারমূলক কর্মসূচি বিশ্বদরবারে তুলে ধরা হয়। এই কর্মসূচির মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে ঋণঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত ও সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণ নিশ্চিত করা; শিক্ষা, স্বাস্থ্য, উৎপাদনশীল খাত এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গঠনে বিনিয়োগ বৃদ্ধি করা; এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামোর আমূল সংস্কারের মাধ্যমে এলডিসিগুলোর জন্য ন্যায্য অর্থায়নের সুযোগ সৃষ্টি করা। একই সঙ্গে উন্নত দেশগুলোকে সংরক্ষণবাদী বাণিজ্যনীতি পরিহার করে এলডিসিগুলোর বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার সম্প্রসারণের পাশাপাশি ক্ষয়ক্ষতি তহবিলে (লস অ্যান্ড ড্যামেজ ফান্ড) কার্যকর অর্থায়নের তাগিদ দেওয়া হয়।
উপদেষ্টা আরও বলেন, প্রযুক্তিগত সক্ষমতা ও প্রযুক্তি হস্তান্তর বৃদ্ধি ছাড়া এলডিসিগুলোর পক্ষে চতুর্থ শিল্পবিপ্লবের সুফল ঘরে তোলা সম্ভব নয়। পরিশেষে, ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, এলডিসিগুলোর বর্তমান সংকট আসলে আন্তর্জাতিক সংহতি এবং বহুপক্ষীয় ব্যবস্থার কার্যকারিতার একটি বড় পরীক্ষা; তাই দোহা কর্মসূচির মধ্যমেয়াদি পর্যালোচনা যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে বৈশ্বিক আস্থা পুনর্গঠন এবং কাউকে পিছিয়ে না রেখে টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, সে জন্য সব অংশীদারকে একযোগে কাজ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত রূপরেখার আলোকেই প্রথম ১৮০ দিনে একাধিক প্রশংসনীয় উদ্যোগ ও জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে সরকার একের পর এক বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হলেও তা অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে মোকাবিলা করেছে।
৩১ মিনিট আগে
চট্টগ্রামের কালুরঘাটের স্বাধীনতা কমপ্লেক্স-এর নাম পরিবর্তন করেছে সরকার। গত ১২ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন শাখা ঐতিহাসিক এই কমপ্লেক্সের নাম বদলে জিয়া স্মৃতি কমপ্লেক্স করে প্রজ্ঞাপন জারি করা হয়।
৩৬ মিনিট আগে
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস যাওয়ার পথে নেভিগেশন ব্যবস্থা ও জ্বালানি সংকটে দিকভ্রষ্ট হয়ে প্রায় ১০ দিন সাগরে ভাসতে হয়েছে ৪২ অভিবাসনপ্রত্যাশীকে। তীব্র গরম, প্রচণ্ড রোদ, খাবার ও পানির সংকটে এ সময় ৯ বাংলাদেশি ও এক সুদানিসহ ১০ জনের মৃত্যু হয়েছে। মিসরের মারসা মাতরুহ উপকূল থেকে জীবিত উদ্ধার...
১ ঘণ্টা আগে
মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুল জনস্রোত এবং নির্বাচন পরবর্তী বিভিন্ন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণই প্রমাণ করে সরকারের ক্ষমতার একমাত্র উৎস এ দেশের মানুষ।’
১ ঘণ্টা আগে