
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের বিরোধিতায় আন্দোলনের ১২ দিনের মাথায় মন্ত্রী-নেতাদের সঙ্গে বৈঠকের সুযোগ পেলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল শনিবার সেই বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, পেনশন নিয়ে ভুল-বোঝাবুঝির অবসান হয়েছে। অচিরেই সমস্যার সমাধান হবে। তবে শিক্ষকনেতাদের কণ্ঠে ভিন্ন সুর। তাঁরা বলছেন, বৈঠক নিয়ে তাঁরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। এই অবস্থায় আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ নিয়ে আজ রোববার শিক্ষকদের দিক থেকে ঘোষণা আসতে পারে।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গতকাল সকালে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন ওবায়দুল কাদের। সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার প্রমুখ।
শিক্ষকনেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো আখতারুল ইসলাম, মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদাসহ ১৩ জন। বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা চলে।
বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এ বছর সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমে অন্তর্ভুক্ত হবেন না। আগামী বছরের জুলাই থেকে এই স্কিমের কার্যকারিতা শুরু হবে। তিনি আরও বলেন, ‘পেনশন স্কিম ২০২৪ না ২০২৫—এ নিয়ে একটা ভুল-বোঝাবুঝি ছিল, তা দূর হয়েছে। ২০২৫ সালের ১ জুলাই থেকে সবার জন্য সর্বজনীন পেনশন স্কিম।’
শিক্ষকদের সুপার গ্রেড ও স্কেল প্রদানের বিষয়ে আলোচনা হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ও আর্থিক সুবিধাদি আলোচনা করব। তাঁদের লিখিত দাবিনামা প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে। পরবর্তী সিদ্ধান্ত আলাপ-আলোচনা করে নেব। সব সমস্যা অচিরেই সমাধান হবে।
শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাঁরা সাংগঠনিকভাবে ফেডারেশনের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
তবে শিক্ষকনেতারা বলছেন, বৈঠকের মাধ্যমে শিক্ষকদের সঙ্গে সরকারের আলোচনা শুরু হয়েছে। কিছুটা হলেও সরকার তাঁদের সম্মানিত করেছেন। তারপরও বৈঠক নিয়ে তাঁরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। শিক্ষকেরা সরকারের প্রস্তাব কীভাবে দেখছেন, সেটা সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত হবে। আজ রোববার চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবেন। সেখানে শিক্ষকদের আন্দোলনের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা বা সমস্যার সমাধানে আশ্বাস দেওয়া হবে বলে মনে করছেন শিক্ষকেরা।
আর বৈঠকে উপস্থিত এক শিক্ষকনেতা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বৈঠকে বলা হয়েছে, প্রত্যয় পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে ভুলক্রমে। কিন্তু আমরা তো বুঝেছি, এটা ইচ্ছাকৃতভাবেই আমলারা করেছেন। এখন আমরা আন্দোলন করছি বলেই তারা এ ঘোষণা দিচ্ছে।’
আলোচনায় সন্তুষ্ট কি না এমন প্রশ্নে ড. মো আখতারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘একসঙ্গে (কাদের) দাঁড়িয়ে আমরা কোনো বক্তব্য দিতে পারি নাই। তবে আলোচনা হয়েছে গঠনমূলক, যেটা ভবিষ্যতে সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ। রোববার আমাদের নিয়মিত কর্মসূচি চলবে। সেদিন আমাদের শিক্ষক ফেডারেশনের বৈঠক করে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী প্রতিভা জাগ্রত করতে স্কুল ও কলেজ পর্যায়ে জাঁকজমকপূর্ণভাবে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। নতুন উদ্ভাবন এবং তা বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে কার্যকর পদক্ষেপ নিতেও মন্ত্রণালয়কে সুপারিশ করে
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি শূন্যপদে দ্রুত নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানোর সুপারিশ করেছে এ-সংক্রান্ত কমিটি। একই সঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে নিয়োগের জন্য আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দৈনিক...
১ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট নথি অনুযায়ী, দেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মোট অনুমোদিত ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি পদের বিপরীতে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জনবল কর্মরত রয়েছেন। হিসাব অনুযায়ী, সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই সংখ্যা অনুমোদিত পদের প্রায় ২৬ দশমিক ২৯ শতাংশ। অর্থাৎ, প্রতি ১০০টি অনুমোদিত পদের মধ্যে ২৬টির...
২ ঘণ্টা আগে
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সীমিত পরিসরে কার্যক্রম চলায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত ফ্লাইট চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। এখন পর্যন্ত ১০০টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ৪১টি এবং বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে পরিচালিত ৫৯টি ট্রানজিট
২ ঘণ্টা আগে