Ajker Patrika

জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৫: ২৬
জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি ও বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, আলাপ-আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান হওয়া প্রয়োজন।

আজ রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।

চব্বিশের গণ-অভ্যুত্থানে জীবনোৎসর্গকারী শহীদ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ‘ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এই সভার আয়োজন করে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে সনদে যেসব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেখানে পরিষ্কার বলা আছে—যেসব বিষয়ে দলগুলো একমত হতে পারেনি, নির্বাচনের মাধ্যমে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, তারা নিজেদের মেনিফেস্টো অনুযায়ী কাজ করবে। কিন্তু বিষয়টি কেন জানি আমরা এড়িয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, দেশের মানুষের ওপর আস্থা ও বিশ্বাস রেখে আমরা একটি ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারব। বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, বর্তমান সরকার সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছে। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের যে ক্ষতি করেছে, তা এই অল্প সময়ে পুরোপুরি শুধরে নেওয়া সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে। আওয়ামী লীগ একদলীয় ব্যবস্থা ‘বাকশাল’ কায়েম করতে গিয়ে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এবং গুম-খুন-নিপীড়ন চালিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আমার দেশ সম্পাদক ও এনইসির যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান বলেন, ‘জুলাইতে আমাদের যে লড়াই শুরু হয়েছে, তা এখনো শেষ হয়নি। বাংলাদেশ যত দিন থাকবে, এই লড়াই তত দিন চলবে।’

সাংবাদিকদের তোষামোদি সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদের উত্থানের পেছনে মিডিয়ার তোষামোদিও দায়ী ছিল। এনইসি কোনো তোষামোদিতে বিশ্বাস করে না।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর জুলাই আন্দোলনে শহীদ পাঁচ সাংবাদিকের পরিবারের হাতে নগদ এক লাখ টাকা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

দৈনিক যুগান্তর সম্পাদক, কবি ও গবেষক আবদুল হাই শিকদারের সম্পাদনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত