
বাংলাদেশের ই-পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ যুক্ত করা হয়েছে। আজ রোববার এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে নতুন নকশা অনুযায়ী ই-পাসপোর্টের জলছাপ পুনর্বিন্যাস ও সংশোধনের নির্দেশ দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এখন থেকে নতুন করে ইস্যু হওয়া পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ থাকবে। তাঁদের ভাষ্য, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত ও ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, ই-পাসপোর্টের জলছাপে বেশ কয়েকটি নতুন ছবি সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’ শিরোনামে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ ওয়াসিম আকরামের ছবি। এ ছাড়া সব ধর্মের প্রতীকও যুক্ত করা হয়েছে।
নতুন জলছাপে জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, কক্সবাজারের ঝাউবন ও সমুদ্রসৈকত, টাঙ্গুয়ার হাওর, ইলিশ, নীলগিরি, আহসান মঞ্জিল, কাঁঠাল, স্বর্ণমন্দির, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রাজশাহীর আমবাগান, পানামনগর, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, পাট, চা-বাগান, সুন্দরবন, হলি রোজারি চার্চ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’ স্থান পেয়েছে।
অন্যদিকে, আগের নকশা থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও মুজিবনগর স্মৃতিসৌধের ছবি বাদ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২০ সালে ই-পাসপোর্ট চালুর সময় পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ বাদ দেওয়া হয়েছিল। এরপর বিভিন্ন মহল থেকে এটি পুনর্বহালের দাবি ওঠে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার পাসপোর্টের নকশা ও বিষয়বস্তু পর্যালোচনা শুরু করে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সংশোধিত নকশা ও জলছাপ চূড়ান্ত করা হয়েছে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন ই-পাসপোর্ট ইস্যু করা হবে। বর্তমান পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন বা জটিলতা থাকবে না। মেয়াদ শেষে নবায়নের সময় তাঁরা নতুন নকশার পাসপোর্ট পাবেন।

বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং স্টেশন পরিচালনার সঙ্গে বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশনের কিছু লোক জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। অটোরিকশা নিয়ন্ত্রণে কর্মসংস্থান...
১৭ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাজধানীর প্রধান সড়কগুলোতে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ নিয়মিত অভিযান চাল
১ ঘণ্টা আগে
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঞাসহ পাঁচ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। আজ সোমবার পৃথকভাবে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। অন্য চার কর্মকর্তা হলেন—ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা...
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সদস্য ড. মো. রফিকুল ইসলামকে বিপিসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে পেট্রোবাংলার চেয়ারম্যান নিয়োগ দিয়ে গতকাল রোববার ও আজ সোমবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়...
১ ঘণ্টা আগে