অনুমতি ছাড়া বিদেশে অবস্থান এবং দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব হাবিবা শারমিনকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটি আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাবিবা শারমিন উন্নত চিকিৎসার জন্য ২০২১ সালের ১৮ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১৭ ডিসেম্বর পর্যন্ত ৩৬৫ দিন বিনা বেতনে অসাধারণ (বহিঃবাংলাদেশ) ছুটির জন্য ২০২১ সালের ৮ ডিসেম্বর আবেদন করেন। ওই আবেদন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠালে তা মঞ্জুর হয়নি। তবে ছুটির আবেদন করার পর থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
পরে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ তাঁকে ২০২৩ সালের ২৫ মে কাজে যোগদানের আদেশ দিলেও তিনি যোগ দেননি। যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জানিয়ে ২০২৩ সালের ১০ জুন থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনা বেতনে অসাধারণ (বহিঃবাংলাদেশ) ছুটির জন্য ই-মেইলে আবার আবেদন করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিনা অনুমতিতে দেশত্যাগ করে বিদেশে অবস্থান এবং ২০২১ সালের ৯ ডিসেম্বর থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে হাবিবা শারমিনের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’’ এর অভিযোগে বিভাগীয় কার্যধারা শুরু করা হয়।
কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দেননি। পরে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া মো. আল আমিন সরকার ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তাঁর তদন্ত প্রতিবেদনে হাবিবা শারমিনের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানান।
অভিযোগ প্রমাণিত হওয়ায় হাবিবা শারমিনকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ তাঁর বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ই-মেইলে পাঠানো হয়।
দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর ২০২৪ সালের ১৭ অক্টোবর হাবিবা শারমিন অসুস্থতার কারণে শিগগির দেশে ফিরে চাকরিতে যোগ দেওয়া সম্ভব নয় জানিয়ে বিধি অনুযায়ী চাকরি থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। এরপর তাঁকে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত বহাল রাখা হয়।
প্রস্তাবিত গুরুদণ্ডের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একমত পোষণ করে। চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত রাষ্ট্রপতি অনুমোদন করায় ২০২১ সালের ৯ ডিসেম্বর থেকে হাবিবা শারমিনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার বড় উদ্যোগ নিয়েছে সরকার। সেখানে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় একটি আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে ওই এলাকার ৭২ একর জায়গায় স্থানান্তর করা হবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার।
৮ মিনিট আগে
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে ও কোন ধাপে কবে নির্বাচন হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক নাজনীন সুলতানাকে বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাঁকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
তারিকুল ওমরকে প্রেষণে বিআরটিসির চেয়ারম্যান পদে পদায়ন করে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই নিয়োগ দিয়ে তাঁর চাকরি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ন্যস্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগে