কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে ২ ডিসেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘কৃষক কার্ড’ কর্মসূচির পাইলট পর্যায়ের দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর। ওই দিন প্রধানমন্ত্রী কুষ্টিয়া জেলার সদর উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর বিভাগের কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কৃষি মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
কৃষক কার্ড কর্মসূচির খুলনা ও ঢাকা বিভাগ (২ ডিসেম্বর উদ্বোধন)
এ পর্যায়ে খুলনা ও ঢাকা বিভাগের প্রায় ২ লক্ষ ৯০ হাজার কৃষক অন্তর্ভুক্ত থাকবেন। এর মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক বিবেচনায় জনপ্রতি বছরে ২ হাজার ৫০০ টাকা হারে প্রায় ২ লক্ষ ৬৯ হাজার কৃষকের ব্যাংক হিসাবে আইবাসের মাধ্যমে প্রায় ৬৭ কোটি ২০ লক্ষ টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে কুষ্টিয়া সদর উপজেলার দুটি কৃষি ব্লকের ২ হাজার ৮৫০ জন কৃষককে সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে কৃষক কার্ড দেওয়া হবে।
রংপুর বিভাগ (৫ ডিসেম্বর উদ্বোধন)
এ পর্যায়ে রংপুর বিভাগের প্রায় ১ লক্ষ ৫৪ হাজার কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক বিবেচনায় প্রায় ১ লক্ষ ৩৭ হাজার কৃষকের ব্যাংক হিসাবে আইবাসের মাধ্যমে প্রায় ৩৪ কোটি ৪৩ লক্ষ টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে গোবিন্দগঞ্জ উপজেলার একটি কৃষি ব্লকের ১ হাজার ৯৯০ জন কৃষককে সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে কার্ড প্রদান করা হবে।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, চলতি ডিসেম্বর মাসে ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও পৃথকভাবে কৃষক কার্ড উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
কর্মসূচির আওতায় দেশব্যাপী প্রাথমিকভাবে রাষ্ট্রীয় তিনটি ব্যাংক—বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসি ও জনতা ব্যাংক পিএলসি সংযুক্ত রয়েছে। কার্ড মুদ্রণ শেষে পর্যায়ক্রমে সব কৃষককে কার্ড দেওয়া হবে। তবে এ পর্যায়ে সহায়তার আওতাভুক্ত কৃষকেরা কার্ড ছাড়াও সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে নগদ অর্থ তুলে তা দিয়ে শুধুমাত্র কৃষি উপকরণ কিনতে পারবেন। কৃষি উপকরণ কেনার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসে বা উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবহিত করে তা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করতে হবে। কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিতে উপজেলা কৃষি অফিসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আগামী চার বছরে দেশের ৬৪টি জেলা, ৫০৩টি উপজেলা, ১৬টি মেট্রোপলিটন এলাকা ও ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লকে পর্যায়ক্রমে প্রায় ২ কোটি ৩৫ লাখ কৃষককে এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। চলতি জুলাই/২০২৬–জুন/২০২৭ অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষককে কার্ড দেওয়া এবং ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক বিবেচনায় প্রায় ৩৯ লাখ কৃষককে প্রায় ৯৭০ কোটি টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মাঠপর্যায়ে প্রায় ৭ হাজার ২০০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা তথ্য সংগ্রহ করছেন। ২৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে প্রায় ২৭ লাখ ৩ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে; এর মধ্যে প্রায় ১৯ লাখ ১১ হাজার কৃষকের তথ্য উপজেলা কমিটি অনুমোদন দিয়েছে এবং ব্যাংক হিসাব খোলা হয়েছে।
এর আগে ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইল সদর উপজেলায় প্রি-পাইলটিংয়ের মাধ্যমে আট বিভাগের ১০ জেলার ১১টি উপজেলা ও ১১টি কৃষি ব্লকের ২০ হাজার ৮৩২ জন কৃষককে কার্ড দেওয়া হয়। পরবর্তীতে ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় পাইলট পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করা হয়, যার মাধ্যমে ৭৭টি উপজেলার প্রায় ১ লাখ কৃষকের ব্যাংক হিসাবে কৃষি উপকরণ সহায়তা পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে কৃষি সচিব মো. সেলিম খান বলেন, কৃষক কার্ডের মাধ্যমে চাষযোগ্য জমি, ফসলের বৈচিত্র্য, চাহিদা ও মাটির স্বাস্থ্যসহ কৃষিসংশ্লিষ্ট তথ্য নিয়ে একটি সমন্বিত বৃহৎ ডেটাবেইস গড়ে তোলা হচ্ছে, যা কৃষিকে আধুনিক, তথ্যনির্ভর ও পরিকল্পিত ব্যবস্থাপনায় নেবে এবং কৃষকের মর্যাদা বাড়াবে।
কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকার কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে অর্থনীতির প্রধান খাতে পরিণত করতে কাজ করছে। চাহিদামাফিক উৎপাদন ব্যবস্থা চালু এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণসহ ফসল উৎপাদনের সব সেবা এই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে। তথ্য যাচাইয়ে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, জমির পরিমাণ ও কৃষিকাজের তথ্য নেওয়া হচ্ছে, যাতে ভুল তথ্যে কেউ সুবিধা নিতে না পারেন এবং প্রকৃত কোনো কৃষক বঞ্চিত না হন।









