Ajker Patrika

নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে, অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: সড়কমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১২: ৩২
নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে, অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: সড়কমন্ত্রী
গাবতলী বাস টার্মিনালে পরিদর্শনে সড়ক ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: আজকের পত্রিকা

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ মেলেনি বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আরও বলেন, ঈদযাত্রা উপলক্ষে দেশের বিভিন্ন রুটে গণপরিবহনে নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বরং কিছু ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়েও ২০-৩০ টাকা কম নেওয়ার ঘটনাও রয়েছে।

আজ বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় গাবতলী বাস টার্মিনালে পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, বাস টার্মিনালগুলোতে পুলিশ, র‍্যাব ও ভিজিল্যান্স টিমের কন্ট্রোল রুম রয়েছে এবং সর্বত্র নির্ধারিত ভাড়ার তালিকা টানানো হয়েছে। কোনো যাত্রী অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অনিয়ম বা যাত্রী হয়রানির ঘটনা পাওয়া যায়নি।

মন্ত্রী আরও বলেন, অধিকাংশ রুটে এখনো টিকিট পাওয়া যাচ্ছে, যদিও কিছু রুটে টিকিট আগেই শেষ হয়ে গেছে। সামগ্রিকভাবে যাত্রীরা নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি যেতে পারছেন। গত ১৫-২০ দিনের প্রস্তুতি, পরিবহন মালিক-শ্রমিক এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

দূরপাল্লার বাসে মাঝপথে নামা যাত্রীদের পুরো ভাড়া নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হবে মন্ত্রী বলেন, বাসের ভাড়া নির্ধারণ করা হয় নির্দিষ্ট গন্তব্য অনুযায়ী। যেমন, ঢাকায় থেকে খুলনাগামী বাসের খরচ ও ভাড়া পুরো রুট হিসেবেই নির্ধারিত। তাই কেউ মাঝপথে নামলেও পুরো ভাড়া প্রযোজ্য হয়।

জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৫ মার্চ রাত থেকেই গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। কেউ সমস্যায় পড়লে হটলাইনে যোগাযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধভাবে গড়ে ওঠা কাউন্টার প্রসঙ্গে তিনি বলেন, অনেক পরিবহন নিজ উদ্যোগে আবাসিক এলাকায় সাব-কাউন্টার চালু করেছে। এতে মূল টার্মিনালের গুরুত্ব কমছে। ঈদের পর এসব কাউন্টার নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে আনার জন্য মালিকদের নির্দেশ দেওয়া হবে এবং বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে।

লোকাল বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি নির্দিষ্ট তথ্য দিয়ে অভিযোগ করার আহ্বান জানান। তিনি বলেন, কোথাও অনিয়মের চেষ্টা হলে তাৎক্ষণিক মোবাইল টিম গিয়ে জরিমানা করছে। যেমন নবীনগর ও বাইপাইলে অতিরিক্ত ভাড়া নেওয়ার চেষ্টা করলে জরিমানা করা হয়েছে। একইভাবে চট্টগ্রাম রোডেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

সড়কমন্ত্রী আরও বলেন, কোথাও বিচ্ছিন্নভাবে অনিয়মের চেষ্টা থাকলেও তা নিয়ন্ত্রণে আনা গেছে। মহাসড়কগুলোতে যানজট নেই, সব রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও চাপ তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অনেক সময় যাত্রীর চাপের কারণে কিছু বাস টার্মিনালে না এসে মাঝপথ থেকেই যাত্রী নিয়ে গন্তব্যে চলে যাচ্ছে। এতে মনিটরিংয়ে কিছুটা অসুবিধা হয়। তবে যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বাকি বিষয়গুলো ঈদের পর কঠোরভাবে দেখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত