
নিমস দাইয়ের শেষবারের ফেসবুক পোস্টটি হয়তো পৃথিবীর অনেক পর্বতারোহীর অনুপ্রেরণা হয়ে থাকবে অনন্তকাল। পাহাড় কখনো জয় করা যায় না। আর সেটা তিনি জানতেন বলেই হয়তো পৃথিবীর ১২তম উঁচু পর্বত ব্রড পিকের উদ্দেশে লিখেছিলেন, ‘আমাকে শুধু একটা নিরাপদ প্যাসেজ দিয়ো, যেটা দিয়ে চূড়ায় উঠে আবার নিরাপদে আমি নিচে নেমে আসব।’ ব্রড পিক সেই প্রার্থনায় সাড়া না দিয়ে নিজের শুভ্র কোলে অনন্তকালের জন্য আশ্রয় দিয়েছেন নির্মল পুর্জা ওরফে নিমস দাইকে।
পৃথিবীর আধুনিক প্রযুক্তি, গিয়ার্স, নিরাপদ পোশাক কিংবা শক্ত ক্লাইম্বিং রোপ—সবকিছুই পাহাড়ের কাছে তুচ্ছ। সেরা মাউন্টেনিয়ার ও শেরপাদেরও তার কাছে হার মানতে হয়, হারিয়ে যেতে হয়। গত ৩১ জুলাই সে রকমই এক মর্মান্তিক ঘটনা ঘটল পাকিস্তানের কারাকোরাম রেঞ্জের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার শৃঙ্গ ব্রড পিকে। তুষারধসে হারিয়ে গেলেন নিমস দাইসহ ওয়ার্ল্ড মাউন্টেনিয়ার কমিউনিটির ১০টি তাজা প্রাণ। তাঁরা প্রত্যেকে ছিলেন নিজ নিজ অর্জন, কর্মদক্ষতা আর অভিজ্ঞতায় পরিপূর্ণ এক-একটি অনুপ্রেরণা।
নিমস দাই হিসেবে পরিচিত নির্মল পূর্জা ছিলেন কিংবদন্তি নেপালি ক্লাইম্বার, গাইড এবং শেরপাদের নেতা। সাবেক ব্রিটিশ আর্মির এই সদস্য জন্মগ্রহণ করেছিলেন ১৯৮৩ সালের ২৫ জুলাই।
পাহাড় ছিল তাঁর ঘর আর খেলার মাঠ।
তিনি তাঁর শেষ পোস্টে লিখেছিলেন, ‘আমার প্রতিযোগিতাটা ছিল আজীবন আমার নিজের সঙ্গে। নিজের সীমাবদ্ধতা প্রতিদিন আরেকটু বাড়িয়ে, নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্যই একেকটি পর্বতে আরোহণ করি। তাই সব সময় নিজের সঙ্গে এই যুদ্ধে আমি আশপাশে অন্য কাউকে অনুসরণ করিনি, তাতে পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা থেকে যায় প্রবল।’
পৃথিবীর সব কটি সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায় উঠেছিলেন নিমস দাই। সেই তিনিই বলেছিলেন, ‘কোনো পাহাড়কেই আমি হালকাভাবে নিইনি, একটিও না। ঠিক যে মুহূর্তে বেসক্যাম্প থেকে আমার অভিযানের প্রথম কদম ফেলেছি, সেই মুহূর্ত থেকে পাহাড়ের প্রতি বিনয়ী ও অনুগত।’
পাহাড়ের প্রতি সীমাহীন আগ্রহ, ভালোবাসা অতিমানবীয় শারীরিক সক্ষমতা আর ইতিবাচক মানসিকতা দিয়ে এত ‘অসম্ভব’ অভিযান করে গেছেন নিমস দাই। তাই তাঁকে পৃথিবীর ‘গ্রেটেস্ট মাউন্টেনিয়ার’দের অন্যতম বিবেচনা করা হয়। তাঁর অনন্য রেকর্ডগুলোই তার সাক্ষ্য দেয়।

পৃথিবীতে ৮ হাজার মিটারের বেশি উঁচু পর্বত আছে ১৪টি। ২০১৯ সালে নিমস দাই সেসব পর্বতের চূড়ায় উঠেছিলেন সবচেয়ে কম সময়ে, মাত্র ৬ মাস ৬ দিনে। নেটফ্লিক্স তাঁর এই অবিশ্বাস্য গতিময় সামিট ডকুমেন্ট করে; যার নাম ‘ফোরটিন পিকস: নাথিং ইজ ইম্পসিবল!’
সর্ব প্রথম ১৪টি আট-হাজারি পিক সামিট সম্পন্ন করেছিলেন ইতালিয়ান কিংবদন্তি মাউন্টেনিয়ার রেইনহোল্ড মেসনার। ১৯৭০ সালে নাঙ্গা পর্বত দিয়ে আরোহণ শুরু করা এই লিজেন্ড সবগুলো সামিট শেষ করেন ১৯৮৬ সালে লোৎসে সামিটের মাধ্যমে। এরপর দক্ষিণ কোরিয়ার কিম চাং-হো ৭ বছর ১০ মাসে এবং জেরজি কুকুজকা প্রায় ৮ বছর সময়কালে ১৪টি আট-হাজারি পিক সামিট শেষ করেন। তবে উল্লেখ্য, ২০২৩ সালে নিমস দাই এর ৬ মাসে চৌদ্দটি আট-হাজারি সামিটের রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস লেখেন নওরোজিয়ান মাউন্টেনিয়ার ক্রিস্টিন হারলিয়া ও নেপালের তেনজেন শেরপা। তাঁরা মাত্র ৯২ দিনে ১৪টি পিক সামিট সম্পন্ন করেন।
২০২৪ সালে নিমস দাই নিজের রেকর্ড ভেঙে আবারও সব ৮ হাজার মিটার পর্বত সামিট শুরু করেন অক্সিজেন ছাড়া। তারই অংশ হিসেবে তিনি গ্যাশারব্রাম ২ সামিট করে নেমে আসার সময় ব্রড পিক সামিটে গিয়েছিলেন। ১৩টি সামিট সম্পন্ন হয়েছিল, শুধু ১টি বাকি ছিল।

জুলাই ২০২৬ পর্যন্ত নিমস দাই পৃথিবীতে একমাত্র মানুষ ছিলেন, যিনি ৫৭ বার ৮ হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত সামিট করে সফলভাবে নেমে এসেছিলেন। এই ৫৭ বারের মধ্যে ২৯ বার সামিট ছিল অক্সিজেন ছাড়া।
জানুয়ারি ২০২১ সালে নিমস দাইয়ের নেতৃত্বে নেপালি একটি দল শীতকালে কে-টু সামিট করেন। পাকিস্তানের এই একমাত্র আট হাজারি পর্বতে পৃথিবীর কোনো এলিট মাউন্টেনিয়ার শীতকালে সামিট করার কথা ভাবেননি। কে-টু পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্বতগুলোর একটি। ক্লাইম্বিং সিজনে এতে মৃত্যুহার সবচেয়ে বেশি। ২০২১ সালের শীতে তাঁরা কয়েকজন শেরপা পাশাপাশি হাত ধরে নেপালের জাতীয় সংগীত গাইতে গাইতে কে-টু সামিট করেছিলেন।
নিমস দাই ও তাঁর টিম এলিট এক্সপ্যাড একটি অকল্পনীয় রেকর্ড করেছিলেন। তাঁরা এভারেস্ট সামিট করে সেখান থেকে নেমে সরাসরি লোৎসে এবং মাকালু—এই তিন সর্বোচ্চ উচ্চতার পর্বত সামিট করেন মাত্র ৪৮ ঘণ্টায়! এ ছাড়া পৃথিবীর পাঁচটি সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট, কে-টু, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে এবং মাকালু জয় করেন মাত্র ৭০ দিনে।
পর্বত আরোহণ পৃথিবীর অন্যতম কষ্টসাধ্য অ্যাডভেঞ্চার স্পোর্টস। পাহাড়সম দৃঢ় মানসিকতা, শারীরিক শক্তি, দক্ষতা, বছরের পর বছর প্রশিক্ষণ, প্র্যাকটিস, বিপুল পরিমাণ অর্থ এবং অসমসাহস না থাকলে পর্বতারোহণের যোগ্যতা অর্জন করা যায় না। পর্বতারোহণের প্রতিটি পদক্ষেপে আছে মৃত্যুর হাতছানি, একাকিত্ব সঙ্গে নিয়ে প্রকৃতির কৃপায় পর্বতশৃঙ্গে পৌঁছানোর তাড়া। নিমস দাই সেই এক্সট্রিম স্পোর্টসের বৈশ্বিক অ্যাম্বাসেডর।
তবে সব দুঃসাহস আর স্বপ্নের কিছু মূল্য আছে। সুউচ্চ পাহাড়ের মতোই সেই মূল্যটাও কিন্তু অনেক চড়া। এই পাহাড়কে ভালোবেসে অনন্তকালের জন্য পাহাড়েই রয়ে গেছেন বহু কিংবদন্তি।
জর্জ ম্যালরি থেকে রব হল, আমাদের সজল খালেদ থেকে নেপালের নির্মল পুর্জা অর্থাৎ নিমস দাই—সবাই হারিয়ে গেছেন পর্বতের সেই বিশাল ক্যানভাসে। পাহাড় দেশ, ধর্ম, বর্ণ দেখে না। দেখে না তার রিজে নিমস দাই চড়লেন, নাকি জর্জ ম্যালরি। তাই পাহাড়ের সামনে নতজানু আমরা, নিতান্তই ক্ষুদ্র।

তারপরেও মানুষ কেন এ ধরনের ঝুঁকি নিয়ে পাহাড়ে চড়েন? জর্জ ম্যালরি এর উত্তরে বলেছিলেন, ‘বিকজ ইট ইজ দেয়ার’। আর নিমস দাই বলে যান ‘গিভিং আপ ইজ নট ইন মাই ব্ল্যাড স্যার, নট ইন মাই ব্ল্যাড।’
নিমসের অনন্য অসাধারণ সফল অভিযানগুলো ভবিষ্যতে পৃথিবীর সব পর্বতারোহণকারীর চলার পথের পাথেয় হয়ে থাকবে নিঃসন্দেহে। নিমস দাই তাই হার মানেননি। ‘দ্য সন অব দ্য মাউন্টেইন’ তাই ব্রড পিকের শুভ্র পাহাড়েই রয়ে গেলেন অসীমের অভিযানে।

স্পেনের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে পায়েলা অন্যতম। চাল, মাংস ও সবজি দিয়ে তৈরি এই এক পাত্রের খাবারটি দেখতে কিছুটা আমাদের পোলাওয়ের মতো হলেও রান্নার ধরন ও স্বাদে কিছুটা ভিন্নতা রয়েছে। মূলত চিকেন পায়েলা ঝামেলাবিহীন খাবার। এর একই প্যানে থাকে ভাত, সবজি ও প্রোটিনের সংমিশ্রণ। বাসমতী চাল ২ কাপ, চিকেন ৩০০...
১০ ঘণ্টা আগে
স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। ফলে ত্বক স্বাভাবিকভাবেই চিটচিটে ও তৈলাক্ত হয়ে পড়ে। এমন আবহাওয়ায় অনেকেই মনে করেন, বাতাসে এত জলীয় বাষ্প থাকার ফলে ত্বক বুঝি পর্যাপ্ত হাইড্রেশন বা আর্দ্রতা পাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বিদেশি খাবারের স্বাদ নিতে সব সময় বিদেশি উপকরণের প্রয়োজন হয় না। আমাদের রান্নাঘরের থাকা চাল, ডাল, পাস্তা আর ছোলা দিয়ে তৈরি করা যায় মিসরের জনপ্রিয় খাবার কোশারি। দেশটির জনপ্রিয় এই পদটিতে একসঙ্গে মেলে দেশীয় ভাত-ডালের পরিচিত স্বাদ, পাস্তার ভিন্নতা আর মসলাদার টমেটো সসের স্বাদ।
১৭ ঘণ্টা আগে
ঘাম হওয়া শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। তাপমাত্রা বেড়ে গেলে ঘামের মাধ্যমে শরীর নিজেকে ঠান্ডা রাখে। তাই ঘাম পুরোপুরি বন্ধ করার চেষ্টা না করে অতিরিক্ত ঘাম থেকে তৈরি হওয়া অস্বস্তি কমানোর দিকে নজর দেওয়া উচিত। দৈনন্দিন জীবনে কিছু সহজ অভ্যাস মেনে চললে শরৎকালের অতিরিক্ত ঘাম অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব...
১ দিন আগে