প্রতিবছর শত শত মানুষ এভারেস্টের চূড়ায় ওঠার জন্য যান। এই যাত্রায় প্রতিবছর বিভিন্ন ঘটনার নীরব সাক্ষী হয়ে থাকে পৃথিবীর এই সর্বোচ্চ শৃঙ্গ। ২০১৯ সালের এক ছবিতে দেখা যায়, শত শত পর্বতারোহী এক সরু ঢালে সারিতে দাঁড়িয়ে আছেন চূড়ায় ওঠার অপেক্ষায়। দৃশ্যটি যেন এক সতর্কবার্তা। এভারেস্টে দিন দিন ভিড় বাড়ছে। সেখানে অভিজ্ঞদের পাশাপাশি অনভিজ্ঞরাও ভিড় জমাচ্ছে। ফল—অতিরিক্ত ভিড় আর মৃত্যুর সংখ্যা বৃদ্ধি।
২০২৩ সালের সামিট মৌসুমে চূড়ায় উঠতে গিয়ে ১৮ জনের মৃত্যু হয়। এক মৌসুমে মৃত্যুর এটি রেকর্ড। ২০২৪ সালে ৯০০ জন পান সামিটের অনুমতিপত্র। তাঁদের মধ্যে অন্তত ১২ জনের মৃত্যু হয়।
৮ হাজার মিটার ওপরে ভয়ংকর ‘ডেথ জোন’ শুরু হয়। সেখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ সমুদ্রপৃষ্ঠের এক-তৃতীয়াংশ মাত্র। এই উচ্চতায় শরীরের কোষ ধীরে ধীরে মরে যেতে শুরু করে। মস্তিষ্ক ও ফুসফুসে তরল জমে। ফলে দেখা দেয় হ্যালুসিনেশন এবং শেষ পর্যন্ত মৃত্যুর আশঙ্কা তৈরি হয়।
উচ্চতার সঙ্গে শরীরের প্রতিক্রিয়া
» ৫ হাজার মিটার ওপরে: মাথাব্যথা, মাথা ঘোরা ও বমি ভাব শুরু হয়।
» ৬ হাজার মিটার ওপরে: ডিহাইড্রেশন, নাক দিয়ে রক্ত পড়া ও হ্যালুসিনেশন দেখা দিতে পারে।
» ৭ হাজার মিটার ওপরে: হাত, পা, নাক, কান বা ঠোঁটে মারাত্মক ফ্রস্টবাইটের ঝুঁকি তৈরি হয়।
» ৮ হাজার মিটার ওপরে: ডেথ জোন। অক্সিজেনের অভাবে মস্তিষ্ক ফুলে যায় এবং নিচের সব ঝুঁকি আরও মারাত্মক হয়ে ওঠে।
এভারেস্টের চূড়ায় ওঠার প্রতিটি পদক্ষেপ যেন এক যুদ্ধ। প্রতিটি নিশ্বাসের জন্য লড়তে হয় সেখানে।
প্রকৃতি নয়, বিপদ এখন মানুষের তৈরি
অক্সিজেনের অভাব ছাড়াও রয়েছে তুষারধস, গভীর বরফ খাত, ঘণ্টায় শত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডার ঝুঁকি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এখন বড় বিপদ হলো ভিড়। ডেথ জোনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার কারণে অক্সিজেন শেষ হয়ে যেতে থাকে। শরীর জমে যায় ঠান্ডায়, আর সামান্য ভুলই হয়ে ওঠে মৃত্যুফাঁদ।
আবর্জনার পাহাড়ে ঢাকা
বাণিজ্যিক অভিযানের দাপটে আরেকটি ভয়াবহ সমস্যা তৈরি হয়েছে। তা হলো প্রতি মৌসুমে পড়ে থাকে টন টন বর্জ্য। সেগুলোর মধ্যে আছে ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডার, ছেঁড়া তাঁবু, ক্যানজাত খাবার, এমনকি মানববর্জ্যও। পরিচ্ছন্নতার বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও এভারেস্টকে এখন অনেকে ‘বিশ্বের সর্বোচ্চ আবর্জনার স্তূপ’ বলছেন।
২০২৪ সালে নেপাল সেনাবাহিনী এভারেস্ট, লোৎসে ও নুপসে থেকে ১১ টন বর্জ্য, ৪টি মৃতদেহ এবং একটি কঙ্কাল উদ্ধার করে।
নতুন নিয়ম, পুরোনো প্রশ্ন
বিপর্যয় মোকাবিলায় নেপালের সুপ্রিম কোর্ট সরকারকে পর্বতারোহণের অনুমতিপত্র সীমিত করার নির্দেশ দিয়েছেন। ২০২৪ সাল থেকে বিদেশিদের জন্য প্রধান মৌসুমে (মার্চ-মে) অনুমতিপত্রের ফি ৩৬ শতাংশ বাড়িয়ে ১৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
তবে বিশেষজ্ঞদের অনেকে সন্দিহান এই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। কারণ, এভারেস্ট অভিযানেই ব্যয় হয় ১ লাখ ডলারের বেশি। তাই কয়েক হাজার ডলার বাড়ানোয় অর্থবান অভিযাত্রীদের উৎসাহ কমবে না। হিমালয়ান রেসকিউ অ্যাসোসিয়েশনের এক সদস্য বলেছেন, ‘সমস্যা শুধু সংখ্যায় নয়, দক্ষতা আর অভিজ্ঞতার ঘাটতিতেও। তাই এভারেস্টের চূড়ায় যাঁরা উঠতে চান, তাঁদের জন্য যোগ্যতার ক্ষেত্রে ভিন্ন নিয়ম থাকা উচিত।’
মানবের জয় বনাম প্রকৃতির সীমা
মানুষের জয় করার প্রবল ইচ্ছা ও প্রকৃতির সহনশীলতার সীমা—এই দুইয়ের মধ্যে এখন দাঁড়িয়ে আছে এভারেস্ট। স্থিতিশীল ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা না গড়ে তুললে ঝুঁকিতে পড়বে শুধু প্রকৃতি নয়, সেই সঙ্গে প্রাণও হারাবেন অনেক স্বপ্নবাজ অভিযাত্রী।
সূত্র: বিবিসি

প্রযুক্তির ছোঁয়ায় আমাদের দৈনন্দিন জীবন এখন অনেকটাই স্ক্রিননির্ভর। বাজার করার তালিকা বানানো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নোট—সবকিছুতেই আমাদের আঙুল চলে কি-বোর্ডের ওপর। তবে সম্প্রতি মনস্তত্ত্ব ও নিউরোসায়েন্সের গবেষণায় দেখা গেছে, কম্পিউটারে টাইপ করার চেয়ে হাত দিয়ে লেখার মধ্যে মস্তিষ্কের এক দারুণ ক্ষমতা
১ ঘণ্টা আগে
আবহাওয়ার বদল কিংবা দিন শেষে ক্লান্ত মন নিয়ে একটি ভিন্ন স্বাদের কিছু খেতে ইচ্ছা করে অনেকের। সব সময় একই নুডলস না খেয়ে একটু ভিন্ন কিছুর স্বাদ তো নেওয়াই যায়। সেখানে যদি আদা-রসুনের সুবাস এবং হালকা ঝালের এক অপূর্ব মিশ্রণ ঘটে, তবে তো কথায় নেই।
৩ ঘণ্টা আগে
প্রেমের সম্পর্কে আসা মানেই যেন সম্পর্কের রং চেনার এক নিরন্তর খেলা। সম্পর্কের নীল আকাশে যেমন কখনো কখনো লাল সতর্কবার্তা থমকে দাঁড়ানোর ইঙ্গিত দেয়, তেমনি কিছু ক্ষেত্রে ভেসে ওঠে হলুদ সংকেত বা ‘ইয়েলো ফ্ল্যাগ’। ট্রাফিক লাইটের হলুদ আলো মানেই গাড়ি থামিয়ে একটু থামা, দেখা এবং ভাবা। সম্পর্কের ক্ষেত্রেও ইয়েলো
১৫ ঘণ্টা আগে
মানুষের জীবনের পথে হাঁটা সব সময় একরকম হয় না। আলো আর ছায়ার মতো সুখ আর দুঃখ, সংশয় আর আত্মবিশ্বাস হাত ধরাধরি করে চলে। কখনো কোনো এক হঠাৎ আড্ডায়, বাসে কিংবা অপরিচিত মানুষের মাঝে দাঁড়িয়ে বুকের ভেতরটা অজানা ভয়ে কেঁপে ওঠে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কোনো একটি খামতি দেখে কিংবা অতীতের কারও বিষাক্ত মন্তব্যের
১৭ ঘণ্টা আগে