Ajker Patrika

২৪ ঘণ্টা বিনোদনে মাতবে কক্সবাজার, তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু

আজকের পত্রিকা ডেস্ক­
২৪ ঘণ্টা বিনোদনে মাতবে কক্সবাজার, তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু
ছবি: সংগৃহীত

দেশি-বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে আরও আকর্ষণীয় ও আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’। এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে কক্সবাজারের হোটেল শৈবালের বিচফ্রন্টে ‘ইন্ট্রোডিউসিং দ্য ওয়েভ অব এক্সপেরিয়েন্স’ শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্নিভালের আনুষ্ঠানিক পরিচিতি এবং সপ্তাহব্যাপী পরীক্ষামূলক (ট্রায়াল রান) কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশন্স লিমিটেডের পরিকল্পনা ও সৃজনশীল ব্যবস্থাপনায় এ কার্নিভালের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না কক্সবাজারের পর্যটন উন্নয়ন, পর্যটকবান্ধব পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ কার্নিভালের মূল লক্ষ্য পর্যটনের মাধ্যমে দেশের জিডিপি প্রবৃদ্ধি, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়া। সরকারি-বেসরকারি অংশীদারত্ব ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কক্সবাজারকে বিশ্বের অন্যতম সেরা ও টেকসই পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তাঁরা।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়ে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে আধুনিক সুযোগ-সুবিধা, পরিচ্ছন্নতা ও বিশ্বমানের পর্যটন অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে এ কার্নিভাল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সামীমুজ্জামান আরও বলেন, সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় পুরো কার্নিভাল এলাকাকে প্লাস্টিকমুক্ত ও পরিবেশবান্ধব জোন হিসেবে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ড দল ও সিসিটিভি নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

এর আগে স্বাগত বক্তব্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম কার্নিভালের সামগ্রিক পরিকল্পনা ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, রোববার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী পরীক্ষামূলক কার্যক্রম শেষে ছুটির মৌসুমের শুরু থেকেই কার্নিভালটি পূর্ণাঙ্গভাবে চালু হবে। এ উৎসবে কক্সবাজারের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

থাকছে বিনোদন, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের নানা আয়োজন

পর্যটকদের দিন-রাত ২৪ ঘণ্টা আনন্দ ও বিনোদনের সুযোগ দিতে কার্নিভাল এলাকাকে সাজানো হয়েছে কয়েকটি বিশেষ জোনে।

শিল্প ও সংস্কৃতিবিষয়ক আয়োজনে থাকছে দেশি-বিদেশি শিল্পীদের তৈরি বালুর ভাস্কর্য, ওপেন থিয়েটারে লোকজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট এবং উন্মুক্ত প্রাঙ্গণে সিনেমা প্রদর্শনী।

প্রকৃতি ও রোমাঞ্চপ্রেমীদের জন্য সমুদ্রসৈকতে ক্যাম্পিং, ক্যাম্পফায়ার, তারাভরা আকাশ উপভোগের সুযোগ এবং বিচ ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন থাকছে। খাবার ও কেনাকাটার জন্য থাকবে দেশীয় ও স্থানীয় খাবারের সমৃদ্ধ ফুড জোন এবং হস্তশিল্প ও ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের বিশেষ মার্কেট জোন।

এ ছাড়া শিশুদের জন্য আলাদা কিডস জোন এবং সমুদ্রের তীরে বসে বই পড়ার জন্য থাকবে উন্মুক্ত লাইব্রেরি। সব মিলিয়ে পরিবার, শিশু, তরুণ ও বিদেশি পর্যটকদের জন্য ভিন্নধর্মী বিনোদন ও অবকাশযাপনের অভিজ্ঞতা তৈরির পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক এম. এ. মান্নান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত (পিপিএম), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান, কক্সবাজারের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এ. টি. এম. নুরুল বাশার চৌধুরী এবং ট্যুরিস্ট পুলিশ (কক্সবাজার অঞ্চল)-এর পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা।

অনুষ্ঠানে কক্সবাজারের ঐতিহ্য ও বালিয়াড়ির গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘কক্সবাজারের গল্প’ প্রদর্শন করা হয়। এ সময় কার্নিভালের থিম সংও পরিবেশন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত