
চৈত্র মাস শুরু হয়ে গেছে। এই তপ্ত দিনে রোজা রাখার পর এক গ্লাস ঠান্ডা ও সতেজ পানীয়ের কোনো বিকল্প নেই। সৌদি আরব ও মিসরে ইফতারের টেবিলের অবিচ্ছেদ্য পানীয় সোবিয়া। সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই পানীয় শুধু তৃষ্ণা মেটায় না, এর সঙ্গে মিশে আছে কয়েক শ বছরের ইতিহাস। সৌদি আরবের রাস্তায় রমজান মাসে প্লাস্টিক বোতলে বা প্যাকেটে রঙিন সোবিয়া বিক্রি হতে দেখা যায়। তবে ঘরে তৈরি খাঁটি রেসিপিতে তৈরি সোবিয়া স্বাদ ও স্বাস্থ্যের দিক থেকে অনেক বেশি উন্নত।
সোবিয়ার ঐতিহাসিক পথচলা
সোবিয়া মূলত হিজাজ অঞ্চলের (মক্কা ও মদিনা) একটি ঐতিহ্যবাহী পানীয়। ধারণা করা হয়, কয়েক শ বছর আগে মিসরের হজযাত্রীদের কাফেলার মাধ্যমে এই পানীয় আরবে প্রবেশ করে। সময়ের সঙ্গে সঙ্গে এটি হিজাজি পরিবারগুলোর প্রিয় পানীয়তে পরিণত হয়। তবে সৌদি আরবের সোবিয়া এবং মিসরের সোবিয়ার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আরবে এটি বার্লি বা যব এবং রুটির গুঁড়া দিয়ে তৈরি করে গাঁজন প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়। অন্যদিকে, মিসরে এটি তৈরি করা হয় চাল ও নারকেলের দুধ দিয়ে। এটি খেতে অনেকটা ডেজার্টের মতো ক্রিমি ও সুস্বাদু। বর্তমানে মিসরের এই চাল ও নারকেলের দুধের সোবিয়াই বিশ্বজুড়ে বেশি সমাদৃত। মিসরীয় সংস্কৃতিতে সোবিয়াকে শুধু একটি পানীয় বললে ভুল হবে, এটি মূলত একটি উৎসবের পানীয়। যদিও সারা বছর বিভিন্ন মুদি দোকানে এটি পাওয়া যায়। তবে রমজান মাসে এর জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে ওঠে।
মিসরীয় ঘরানার সোবিয়া রেসিপি
৬ জনের উপযোগী করে সঠিক মাপে সোবিয়া তৈরির প্রণালি—
উপকরণ
চাল আধা কাপ, পানি ২ কাপ, ঠান্ডা তরল দুধ ৩ কাপ, নারকেলের দুধ ২ কাপ, চিনি আধা কাপ, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, বরফ কুঁচি প্রয়োজনমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে চাল ঠান্ডা পানিতে ধুয়ে ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর একটি হাঁড়িতে ২ কাপ পানি দিয়ে ভেজানো চাল মৃদু আঁচে প্রায় ৩০ মিনিট সেদ্ধ করুন। মাঝে মাঝে নাড়ুন যতক্ষণ না চাল পানি পুরোপুরি শুষে নিয়ে একদম নরম হয়ে যায়। সেদ্ধ চাল চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হতে দিন। চাল ঠান্ডা হয়ে গেলে তাতে ঠান্ডা তরল দুধ যোগ করুন। এবার এতে নারকেলের দুধ, ভ্যানিলা এসেন্স এবং চিনি মেশান। মিশ্রণটি একটি ব্লেন্ডারে নিয়ে একদম মসৃণ হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ব্লেন্ড করুন। পরিবেশনের আগে একটি পাতলা পরিষ্কার কাপড় বা ছাঁকনি দিয়ে মিশ্রণটি ছেঁকে নিন, যাতে কোনো দানা না থাকে। গ্লাসে প্রচুর বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন প্রশান্তিদায়ক সোবিয়া।
আপনি যদি আরও পাতলা সোবিয়া পছন্দ করেন, তবে চাল সেদ্ধ না করে গ্রাইন্ডারে মিহি গুঁড়া করে পানিতে কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে তারপর অন্যান্য উপকরণের সঙ্গে মিশিয়ে ব্লেন্ড করতে পারেন।
সূত্র: আরব নিউজ, ১৯৬ ফ্লেবার্স

কফি ঘুমের সমস্যা তৈরি করে, এই তথ্য সবাই জানে। কিন্তু কোন সময় কফি পানে ঘুমের সমস্যা দেখা দিতে পারে? কফির মূল উপাদান ক্যাফেইন। এই ক্যাফেইন কীভাবে আমাদের ঘুম কেড়ে নেয়, এ নিয়ে হয়েছে বিস্তর গবেষণা। স্লিপ ফাউন্ডেশন প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষের ওপর সমীক্ষা চালিয়ে দেখেছে, বিকেলে নিয়মিত ক্যাফেইন গ্রহণ...
১ ঘণ্টা আগে
আজ মেষ রাশির মানুষদের গ্রহরাজ মঙ্গলের সরাসরি তাপে মাথা গরম থাকার শতভাগ সম্ভাবনা। সকাল সকাল ঘুম থেকে উঠেই মনে হতে পারে আপনিই পৃথিবীর শেষ যোদ্ধা, আর বাকি সবাই আপনার শত্রু। অফিসে বসের সামনাসামনি হলে হঠাৎ কোনো মহৎ বিপ্লব ঘটানোর চেষ্টা করবেন না...
৩ ঘণ্টা আগে
কলার কেচাপ! না চোখ কপালে তোলার দরকার নেই। ফিলিপাইনের দারুণ জনপ্রিয় খাবার কলার কেচাপ বা বানানা কেচাপ। মিষ্টি, টক ও মসলার স্বাদের মিশেলে তৈরি সসটি দেশটির খাবারের সংস্কৃতিতে বিশেষ জায়গা করে নিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিলিপাইনে টমেটোর সরবরাহ কমে গেলে খাদ্যপ্রযুক্তিবিদ মারিয়া ইয়ালাগান ওরোসা কলা...
৩ ঘণ্টা আগেবাড়ির যে মেয়েটি এখন সবচেয়ে আনন্দে রয়েছেন, তাঁর বয়স আঠারো, না কুড়ি? তাহলে এই গল্পটা তাঁর সঙ্গেই জমবে বেশ। পূজার কোন দিন কী পরবে, কেমন সাজবে আর হেয়ারস্টাইল কেমন হবে, তা-ও এরই মধ্য়ে ঠিক করে ফেলেছেন তাঁরা।
১৯ ঘণ্টা আগে