Ajker Patrika

ফলের স্বাদে পাঁচ মজার বিদেশি ডেজার্ট

ফিচার ডেস্ক, ঢাকা 
ফলের স্বাদে পাঁচ মজার বিদেশি ডেজার্ট
ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় ডেজার্ট। ছবি: পেক্সেলস

মিষ্টিজাতীয় খাবার বা ডেজার্টের কথা উঠলেই চোখের সামনে ভাসে চকলেট, ক্রিম, ক্যারামেল এবং নানা ধরনের কেক। কিন্তু ফলের মিষ্টতা, টক-মিষ্টি স্বাদ ও রংও যে একটি ডেজার্টকে আকর্ষণীয় করে তুলতে পারে, তার উদাহরণ ছড়িয়ে আছে বিশ্বের নানা দেশের রান্নায়। পরিচিত কলা, আম, আনারস, স্ট্রবেরি বা চেরি দিয়েই তৈরি করা যায় ভিন্ন স্বাদের মিষ্টি খাবারগুলো। ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় এসব ডেজার্ট। রইল ফল দিয়ে বানানো পাঁচটি সহজ ও মজার আন্তর্জাতিক ডেজার্টের রেসিপি।

বানানা বোট

বানানা বোট। ছবি: সংগৃহীত
বানানা বোট। ছবি: সংগৃহীত

কলা, চকলেট ও মার্শম্যালোর মিষ্টি স্বাদে তৈরি বানানা বোট হতে পারে শিশু থেকে বড়—সবার পছন্দের একটি ডেজার্ট। এর জন্য লাগবে পাকা কলা, চকলেট চিপস, ছোট মার্শম্যালো এবং চাইলে ক্যারামেল সস বা বাদামও দিতে পারেন। প্রথমে কলা খোসাসহ মাঝ বরাবর লম্বালম্বি চিরে নিতে হবে। তবে নিচের খোসাটি যেন কাটা না যায়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এবার কলার ভেতরে চকলেট চিপস ও ছোট মার্শম্যালো ভরে ফয়েলে মুড়ে দিতে হবে। এরপর ওভেনে কিছুক্ষণ বেক করতে হবে, যাতে চকলেট ও মার্শম্যালো গলে কলার সঙ্গে মিশে যায়। ওভেন থেকে বের করে ওপর থেকে ক্যারামেল সস বা কুচি করা বাদাম ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন।

ম্যাঙ্গো কাস্টার্ড

ম্যাঙ্গো কাস্টার্ড। ছবি: সংগৃহীত
ম্যাঙ্গো কাস্টার্ড। ছবি: সংগৃহীত

পাকা আমের মিষ্টি সুবাস ও ঠান্ডা কাস্টার্ড—দুটির মেলবন্ধনে তৈরি ম্যাঙ্গো কাস্টার্ড গরমের দিনে যেমন উপযোগী, তেমনি আমের মৌসুমে ঘরোয়া আয়োজনে হতে পারে আকর্ষণীয় ডেজার্ট। শরতের শেষে আম কোথায় পাবেন, সেই চিন্তা দূর করতে ফ্রিজ থেকে বের করে ফেলুন আমের পাল্প। এ ছাড়া লাগবে দুধ, কাস্টার্ড পাউডার, চিনি ও সামান্য ভ্যানিলা এসেন্স। সাজানোর জন্য রাখা যায় আমের টুকরা বা বিভিন্ন ফল। প্রথমে আমের পাল্প ব্লেন্ড করে মসৃণ করে নিতে হবে। এরপর সামান্য ঠান্ডা দুধে কাস্টার্ড পাউডার ভালোভাবে গুলে নিতে হবে, যাতে কোনো দলা না থাকে। বাকি দুধ, চিনি দিয়ে চুলায় বসিয়ে তাতে কাস্টার্ডের মিশ্রণ ঢেলে অনবরত নেড়ে ঘন করতে হবে। চুলা বন্ধ করে কিছুটা ঠান্ডা হলে আমের পাল্প মিশিয়ে নিন। এরপর বাটিতে ঢেলে ফ্রিজে কয়েক ঘণ্টা রাখলেই তৈরি হবে ঠান্ডা ম্যাঙ্গো কাস্টার্ড।

পাইনঅ্যাপল কেক

পাইনঅ্যাপল কেক। ছবি: সংগৃহীত
পাইনঅ্যাপল কেক। ছবি: সংগৃহীত

নরম মাখনের কেকের সঙ্গে রসাল আনারসের মিষ্টি ও হালকা টক স্বাদ—এই সমন্বয়েই তৈরি হয় পাইনঅ্যাপল কেক। এর জন্য প্রয়োজন আনারসের টুকরা, ময়দা, ডিম, মাখন, চিনি ও বেকিং পাউডার। চাইলে সামান্য ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। প্রথমে বেকিং পাত্রে মাখন ও চিনি দিয়ে তার ওপর আনারসের টুকরাগুলো সাজিয়ে দিতে হবে। এরপর আলাদা পাত্রে ময়দা ও বেকিং পাউডার মিশিয়ে নিতে হবে। অন্যদিকে মাখন, চিনি ও ডিম ভালোভাবে ফেটিয়ে তাতে শুকনো উপকরণ মিশিয়ে ব্যাটার তৈরি করুন। ব্যাটারটি আনারসের ওপর ঢেলে ওভেনে বেক করুন। কেক হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা করে পাত্রটি উল্টে দিলে আনারসের স্তরটি ওপরে উঠে আসবে। এভাবেই তৈরি হয়ে যাবে পাইনঅ্যাপল কেক।

স্ট্রবেরি পাই

স্ট্রবেরি পাই। ছবি: সংগৃহীত
স্ট্রবেরি পাই। ছবি: সংগৃহীত

স্ট্রবেরির রসাল স্বাদ আর মচমচে পাইয়ের খোলস—এই দুয়ের কারণে স্ট্রবেরি পাই বেশ জনপ্রিয়। এর জন্য লাগবে পাই ক্রাস্ট, তাজা স্ট্রবেরি, চিনি এবং পাইয়ের ওপর দেওয়ার জন্য হালকা গ্লেজ। চাইলে পরিবেশনের সময় হুইপড ক্রিম ব্যবহার করা যায়। প্রথমে পাই ক্রাস্ট তৈরি করে বা প্রস্তুত ক্রাস্ট ব্যবহার করে সেটি ওভেনে হালকা বেক করে নিতে হবে। স্ট্রবেরি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে টুকরা করে নিন। এরপর স্ট্রবেরির সঙ্গে চিনি মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে ফল থেকে রস বের হয়। তৈরি পাই ক্রাস্টের ওপর স্ট্রবেরিগুলো সাজিয়ে হালকা গ্লেজ দিতে হবে। এরপর কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

চেরি পাই কুকিজ

চেরি পাই কুকিজ। ছবি: সংগৃহীত
চেরি পাই কুকিজ। ছবি: সংগৃহীত

পুরো পাই তৈরি না করেও চেরি পাইয়ের স্বাদ পেতে চাইলে বানানো যায় চেরি পাই কুকিজ। ময়দা, মাখন, চিনি, ডিম ও চেরি ফিলিং দিয়ে তৈরি করা যায় এই মিষ্টি খাবার। বাইরে কুকিজের মতো মচমচে, ভেতরে থাকবে নরম টক-মিষ্টি চেরির পুর।

প্রথমে মাখন ও চিনি ভালোভাবে মিশিয়ে তাতে ডিম দিতে হবে। এরপর ময়দা মিশিয়ে নরম ডো তৈরি করুন। ডো থেকে ছোট ছোট অংশ নিয়ে হাতে চ্যাপ্টা করে মাঝখানে চেরি ফিলিং দিতে হবে। এবার চারপাশের ডো দিয়ে ফিলিং ঢেকে কুকিজের আকার দিন। বেকিং ট্রেতে সাজিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় বেক করতে হবে। কুকিজের ওপরের অংশ হালকা সোনালি হয়ে এলে ওভেন থেকে বের করে ঠান্ডা করুন। চায়ের আড্ডায় কিংবা বিকেলের নাশতায় এই কুকিজ হতে পারে মিষ্টি সংযোজন।

সূত্র: অনেস্ট অ্যান্ড ট্রুলি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত