Ajker Patrika

রাকুল প্রীতের প্রিয় মিষ্টি আলুর পায়েস

ফিচার ডেস্ক
রাকুল প্রীতের প্রিয় মিষ্টি আলুর পায়েস
পায়েসের ছবি: এআই দিয়ে তৈরি

বলিউডের ফিটনেস সচেতন অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতে আছেন রাকুল প্রীত সিং। বর্তমানে এই তারকার নাম চর্চায় রয়েছে ‘রামায়ণের’ কারণে। লাস্যময়ী শূর্পণখা কেড়েছেন হাজারো তরুণের হৃদয়। নিয়মিত শরীরচর্চা এবং কড়া ডায়েট মেনে চললেও, রসনা তৃপ্তিতে মোটেই পিছিয়ে নেই তিনি। পায়েসের প্রতি তাঁর ভালোবাসা বেশ পুরোনো। তবে ওজন বাড়ার ভয়ে সাধারণ চালের পায়েস এড়িয়ে চললেও, পায়েস খাওয়ার ক্ষেত্রে রাকুলের রয়েছে নিজস্ব ও অভিনব এক কায়দা।

সম্প্রতি কুণাল বিজয়করের ‘খানে মে ক্যায়া হ্যায়’ অনুষ্ঠানে নিজের এই বিশেষ পায়েসপ্রীতির কথা ভক্তকুলের সঙ্গে ভাগ করেছেন অভিনেত্রী। সেই পায়েস কী দিয়ে তৈরি এবং খেতে কেমন, তা জানতে মন চাইছে? তাহলে জেনে নিন এখান থেকে—

চালের বদলে মিষ্টি আলু দেওয়া হয় পায়েসে

স্বাস্থ্যসচেতন রাকুল পায়েস তৈরি ও খাওয়ার ধরনে এনেছেন দারুণ এক টুইস্ট। সাধারণত পায়েস বলতে আমরা চাল ও দুধের মিশ্রণ বুঝি। কিন্তু রাকুল তাঁর প্রিয় পায়েসটি খান মিষ্টি আলু দিয়ে তৈরি করে। শীত মৌসুমে সহজলভ্য এই সবজি গ্রেট করে সামান্য ঘিয়ে ভেজে, তার সঙ্গে দুধ, কনডেন্সড মিল্ক এবং কাজু, আমন্ড, পেস্তা ও কিশমিশের মতো প্রচুর ড্রাই ফ্রুটস মিশিয়ে তৈরি করা হয় এই বিশেষ পায়েস। মিষ্টি আলুর নিজস্ব মিষ্টতা ও আঁশ থাকায় এটি যেমন স্বাস্থ্যকর, তেমনি খেতেও সুস্বাদু ও ক্রিমি হয়।

রাকুল প্রীত সিং।  ছবি: রাকুল প্রীতের ভেরিফায়েড ফেসবুক থেকে নেওয়া
রাকুল প্রীত সিং। ছবি: রাকুল প্রীতের ভেরিফায়েড ফেসবুক থেকে নেওয়া

গরম নয়, পছন্দ একদম ঠান্ডা পায়েস

রাকুলের পায়েস খাওয়ার আকর্ষণীয় দিক হলো এর তাপমাত্রা। অনেকেই ধোঁয়া ওঠা গরম পায়েস খেতে ভালোবাসেন। কিন্তু রাকুল প্রীতের পছন্দ ঠিক তার উল্টো। তিনি পায়েস রান্না করার পর তা ঘরের তাপমাত্রায় এনে ফ্রিজে রেখে দেন। পায়েস একদম জমে ঠান্ডা হলে তবেই তিনি তা তৃপ্তি করে খান। তাঁর মতে, ঠান্ডা অবস্থায় মিষ্টি আলুর এই পায়েসের স্বাদ বহুগুণ বেড়ে যায়।

এই পায়েস খাওয়ার স্বাস্থ্যকর দিক জেনে নিন

রাকুলের মতে, ফিট থাকার অর্থ পছন্দের খাবার থেকে নিজেকে বঞ্চিত করা নয়; বরং উপকরণে সামান্য পরিবর্তন এনে খাবার স্বাস্থ্যকর করে তোলা। মিষ্টি আলুতে থাকা জটিল শর্করা, আঁশ, পটাশিয়াম এবং বিটা-ক্যারোটিন শরীরের পুষ্টি জোগায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ফলে মিষ্টি খাওয়ার ইচ্ছাও পূরণ হয়, আবার ফিটনেসেও কোনো ব্যাঘাত ঘটে না। সব মিলিয়ে, রাকুল প্রীত সিংয়ের এই ‘ঠান্ডা মিষ্টি আলুর পায়েস’ খাওয়ার স্টাইল এখন ফুড লাভার এবং ফিটনেস ফ্রিকদের কাছে নতুন এক ট্রেন্ড হয়ে উঠতে যাচ্ছে।

সূত্র: এনডিটিভি ফুড

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত