হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে। অনেকেই এ সময়টায় হাঁসভুনা খেতে ভালোবাসেন। রাতের ভোজে রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে হাঁসভুনা খেতে চাইলে এই রেসিপিটি একবার দেখে নিতে পারেন। হাঁসভুনার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
হাঁসের মাংস এক কেজি চামড়াসহ টুকরা করা, পেঁয়াজ কুচি এক কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদা ও রসুন-বাটা ২ টেবিল চামচ, টমেটো কুচি একটা, টকদই চার টেবিল চামচ, হলুদগুঁড়ো, মরিচগুঁড়ো, ধনেগুঁড়ো, জিরাগুঁড়ো এক চা-চামচ করে, কাশ্মিরি লঙ্কাগুঁড়ো ১ চা-চামচ, গরম মসলাগুলো এক চা-চামচ, গোটা গরম মসলা দুই তিন পিস করে, সরিষার তেল হাফ কাপ, ঘি ২ টেবিল চামচ, লবণ চিনি স্বাদমতো, গরম পানি পরিমাণমতো।
প্রণালি
হাঁসের মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে মাংসের সঙ্গে টকদই, আদা ও রসুন বাটা, হলুদগুঁড়ো, মরিচগুঁড়ো, ধনেগুঁড়ো সামান্য তেল দিয়ে মাখিয়ে রাখুন দুই ঘণ্টা। এই সময়টায় মাংসের ভেতরে মসলা ঢুকবে। কড়াইতে সরিষার তেল গরম হলে এলাচ ও দারুচিনি তেজপাতার ফোড়ন দিন। সুগন্ধি বের হলে পেঁয়াজ কুচি সোনালি করে ভাজুন। এরপর পেঁয়াজবাটা, আদা ও রসুন-বাটা, টমেটো কুচি দিয়ে কষিয়ে নিন। এবার মেরিনেট করা মাংস ও লবণ দিন। কম পানি দিয়ে ঢাকনাসহ রান্না করুন সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। মাংস নরম হলে ঝোল মাখা মাখা হলে গরম মসলা, চিনি, ঘি ছড়িয়ে দিন। পরে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রাখুন। তৈরি হয়ে গেল মজাদার হাঁসভুনা।











