ফিউশন ঘরানার খাবার যাঁদের পছন্দ, তাঁরা রান্নার সময় স্বাদ বদলে কত কী-ই না করেন। চিংড়ি দিয়ে কখনো আনারসের মেলবন্ধন ঘটিয়েছেন কখনো? আপনাদের জন্য চিংড়ি দিয়ে আনারসের ঝাল-মিষ্টি রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা
উপকরণ
বড় আনারস একটা, বড় চিংড়ি ছয় পিস, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা ও রসুন-বাটা এক চা-চামচ, হলুদগুঁড়ো, মরিচগুঁড়ো, ধনিয়াগুঁড়ো এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচামরিচ ফালি পাঁচ-সাতটা, সয়াবিন তেল চার টেবিল চামচ।
প্রণালি
আনারস দুই ভাগ করে কেটে কুড়িয়ে নিন বা মিহি কুচি করে কেটে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিন। এবার চিংড়ি মাছ দিয়ে দুই এক মিনিট ভেজে নিন। পরে আদা রসুন-বাটা, হলুদগুঁড়ো, মরিচগুঁড়ো, ধনেগুঁড়ো, লবণ দিয়ে কষিয়ে নিন। এবার আনারস কুড়ানো দিয়ে নেরে চেড়ে রান্না করুন। কোনো পানি দেওয়া যাবে না। আনারসের পানি থেকে রান্না হয়ে যাবে। পানি শুকিয়ে এলে কাঁচা মরিচ ফালি দিয়ে লবণ দেখে নামিয়ে নিন। এবার আনারসের বাটি বানিয়ে তার ভিতর ভরে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে আনারসের ঝাল-মিষ্টি রসা।










