Ajker Patrika

ব্রিকস সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের খাবারের মেনুতে যা থাকছে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪৭
ব্রিকস সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের খাবারের মেনুতে যা থাকছে
ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন (১২-১৩ সেপ্টেম্বর) উপলক্ষে বিশ্বনেতাদের অভ্যর্থনা জানাতে সেজে উঠেছে দেশটির রাজধানী নয়াদিল্লি। সম্মেলনের মূল ভেন্যু ভারত মণ্ডপম হলেও অতিথিরা অবস্থান করবেন তাজমহল, দ্য লীলা প্যালেস, দ্য ললিতসহ বিভিন্ন পাঁচতারকা হোটেলে। সম্মেলন শুরুর আগে থেকে এসব হোটেলে চলছে বিশাল প্রস্তুতি। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিদলের রুচি ও ভারতীয় ঐতিহ্যকে একসুতায় বাঁধতে হোটেলগুলোর শেফরা তৈরি করছেন খাবারের বিশেষ মেনু।

সম্মেলনে আসা রাষ্ট্রপ্রধানদের আতিথেয়তায় অংশ নেওয়া দিল্লির শীর্ষ তিন হোটেল তাদের প্রস্তুত করা খাবারের তথ্য প্রকাশ করেছে। চলুন জেনে নিই যা যা থাকছে সেই মেনুতে।

তাজমহল হোটেলের ‘ট্র্যাডিশন টু টেবিল’ নামের বিশেষ খাবারের মেনু। ছবি: সংগৃহীত
তাজমহল হোটেলের ‘ট্র্যাডিশন টু টেবিল’ নামের বিশেষ খাবারের মেনু। ছবি: সংগৃহীত

তাজমহল, নয়াদিল্লি: ট্র্যাডিশন টু টেবিল

ব্রিকস শীর্ষ সম্মেলন উপলক্ষে দিল্লির ঐতিহাসিক তাজমহল হোটেল নিয়ে এসেছে ‘ট্র্যাডিশন টু টেবিল’ নামের এক বিশেষ খাবারের মেনু। এই মেনুর মূল প্রেরণা হলেন শেফদের মায়েরা। শৈশবের স্মৃতি ও মা-ঠাকুমাদের কাছ থেকে শেখা রেসিপিতেই ভারতের ঐতিহ্যকে বিশ্বনেতাদের সামনে তুলে ধরা হবে।

ভারতের ছয়টি ভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সুস্বাদু স্ন্যাক্স বা মুখরোচক খাবার পরিবেশন করা হচ্ছে তাজমহল হোটেলের মেনুতে। এর মধ্যে রয়েছে—

  • কাশ্মীরের মসলাযুক্ত আখরোট
  • পুরোনো দিল্লির ময়দা কাজু
  • মহারাষ্ট্রের সুস্বাদু ভাকরবাড়ি
  • রাজস্থানের মিনি কচুরি
  • বাংলার কুচো নিমকি
  • তামিলনাড়ুর মুচমুচে মুরুক্কু

হোটেলের এরিয়া ডিরেক্টর ও জেনারেল ম্যানেজার ড. আনমোল আহলুওয়ালিয়া জানান, বিগত পাঁচ দশক ধরে বিশ্বনেতাদের আতিথেয়তা প্রদানকারী তাজমহল হোটেল এবার ভারতের বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতিকে ফুটিয়ে তুলছে।

লিলা প্যালেসের মেনুতে থাকছে হাতে তৈরি ও খাওয়ার উপযোগী বিশেষ ‘পদ্মফুল’।
লিলা প্যালেসের মেনুতে থাকছে হাতে তৈরি ও খাওয়ার উপযোগী বিশেষ ‘পদ্মফুল’।

দ্য লীলা প্যালেস: ভোজ্য পদ্মফুল ও মিলেট সমাহার

লীলা প্যালেস তাদের অতিথিদের অভ্যর্থনা জানাতে তৈরি করেছে সম্পূর্ণ ভোজ্য ও হাতে তৈরি বিশেষ ‘পদ্মফুল’। পদ্ম ভারতের জাতীয় ফুল হওয়ার পাশাপাশি ব্রিকস ভারত ২০২৬-এর আনুষ্ঠানিক প্রতীক। গোলাপ, জাফরান ও এলাচের সমন্বয়ে তৈরি এই মিষ্টি পদ্মটির সঙ্গে পরিবেশন করা হবে দেশীয় নানা ফল।

হোটেলটির এক্সিকিউটিভ শেফ করণ ঠাকুর জানান, রাজকীয় ভারতীয় ব্যঞ্জনের পাশাপাশি শরীরবান্ধব ও আধুনিক নিউট্রিশনের ছোঁয়া দিতে তাঁদের মেনুতে থাকছে বিশেষ মিলেট কুকি, হাতে তৈরি গ্র্যানোলা বার ও ওয়েলনেস ইনফিউশন, যেখানে ঐতিহ্যবাহী ভারতীয় উপাদানকে আধুনিক পুষ্টি ভাবনার সঙ্গে মিলিয়ে উপস্থাপন করা হয়েছে।

দ্য ললিত তাদের মেনুতে চিরাচরিত রাজকীয় খাবারকে আধুনিক রূপ দিয়েছে। ছবি: সংগৃহীত
দ্য ললিত তাদের মেনুতে চিরাচরিত রাজকীয় খাবারকে আধুনিক রূপ দিয়েছে। ছবি: সংগৃহীত

দ্য ললিত: দেশীয় স্বাদের সঙ্গে আন্তর্জাতিক ফিউশন

দ্য ললিত তাদের মেনুতে ভারতের আঞ্চলিক খাদ্যসংস্কৃতির সঙ্গে আন্তর্জাতিক স্বাদের চমৎকার মেলবন্ধন ঘটিয়েছে। তাদের মূল মেনুতে চিরাচরিত রাজকীয় খাবারের আধুনিক রূপ দেওয়া হয়েছে, যেমন—

  • সুস্বাদু গালৌটি কাবাব
  • তন্দুরে সেঁকা বিশেষ রুটি ও নান
  • পুষ্টিকর ও সুস্বাদু মিলেটের বিভিন্ন পদ

সম্মেলনে আসা বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাদ ও চাহিদার কথা মাথায় রেখে এশীয় ফিউশন পদ হিসেবে তৈরি করা হয়েছে বিশেষ ‘ব্রেইজড এগপ্ল্যান্ট উইথ মিসো পেস্ট’, ‘সিমার্ড চায়নিজ ক্যাবেজ’ এবং আম্বার সসে তৈরি ‘জাপানি ধাঁচের কিডনি বিন মিষ্টি’।

হোটেলটির জেনারেল ম্যানেজার বিশাল শর্মা জানান, ভারতের ঐতিহ্যবাহী ‘অতিথি দেবো ভব’ নীতিকে ধারণ করে বিশ্বনেতাদের আতিথেয়তা প্রদান করাই তাঁদের প্রধান লক্ষ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত