
এ এক অদ্ভুত অভিজ্ঞতা। জীবনের কোনো এক বাঁকে দাঁড়িয়ে হঠাৎ মনে হতে পারে, ‘আমি আসলে কে? আমার জীবনের উদ্দেশ্য কী?’ তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের খুব চেনা চেহারাটাও অচেনা লাগতে পারে। আর তখনই শুরু হয় আত্মপরিচয়ের সংকট বা আইডেনটিটি ক্রাইসিস। এটি শুধু মনের খেয়াল নয়, বরং মনোবিজ্ঞানের দৃষ্টিতে এক গভীর অনুসন্ধান। আপনি কি আত্মপরিচয়ের সংকটে ভুগছেন? ভয় পাবেন না। যেকোনো সমস্যারই সমাধানের পথ থাকে। তেমনই এই সংকট থেকেও উত্তরণের পথ আছে। সেই পথটা আপনাকেই খুঁজে নিতে হবে।
মনোবিজ্ঞানী এরিক এরিকসন প্রথম এই ‘আইডেনটিটি ক্রাইসিস’ ধারণা সামনে আনেন। তাঁর মতে, মানুষের জীবনে পরিচয় গঠন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব, যা মূলত কৈশোরে শুরু হলেও জীবনের যেকোনো পর্যায়ে দেখা দিতে পারে। যখন আমাদের প্রতিদিনের যাপিত জীবনের ভূমিকা বা প্রত্যাশিত পথ হঠাৎ বদলে যায়, তখনই এই সংকটের সূত্রপাত হয়। এর পেছনে থাকতে পারে নানা কারণ। হতে পারে, সন্তান জন্মদান বা নতুন সম্পর্কে জড়ানো। হতে পারে, বিবাহবিচ্ছেদ বা প্রিয়জন হারানো; কিংবা কর্মক্ষেত্রে চাকরি হারানো কিংবা নতুন কর্মজীবন শুরু করা। এমনকি, বাসস্থান পরিবর্তন বা বড় কোনো ট্রমাটিক অভিজ্ঞতার কারণেও হতে পারে আত্মপরিচয়ের সংকট।
সব মানুষের ক্ষেত্রে এই সংকটের বহিঃপ্রকাশ এক নয়। তবে কিছু সাধারণ লক্ষণ দেখে বোঝা যায়, আপনি আইডেনটিটি ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছেন কি না—
এরিকসনের কাজকে আরও এগিয়ে নিয়ে গেছেন গবেষক জেমস মার্সিয়া। তিনি পরিচয় গঠনের অবস্থাকে চারটি ভাগে ভাগ করেছেন—
ফোরক্লোজার: কোনো রকম অনুসন্ধান ছাড়াই অন্ধভাবে একটি পরিচয় গ্রহণ করা।
ডিফিউশন: নিজের পরিচয় নিয়ে মাথাব্যথা বা লক্ষ্য না থাকা।
মোরাটোরিয়াম: যখন মানুষ সক্রিয়ভাবে নিজেকে খোঁজে, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে না।
অ্যাচিভমেন্ট: দীর্ঘ অনুসন্ধানের পর নিজের পরিচয় ও লক্ষ্য সম্পর্কে স্থির হতে পারা।
সংকট মানেই জীবনের শেষ নয়, উল্টে এটি হতে পারে নতুনভাবে নিজেকে গড়ার দারুণ সুযোগ। এখান থেকে বেরিয়ে আসার কিছু উপায় আছে। সেগুলো হলো—
মূল্যবোধের পুনর্মূল্যায়ন: আপনার কাছে এখন গুরুত্বপূর্ণ কী? জীবনের পুরোনো বিশ্বাসগুলো ঝেড়ে ফেলে নতুন কী আঁকড়ে ধরতে চান, তা ভাবুন।
মানসিক দৃঢ়তা ও ‘ইনার ওয়ার্ক’: নিজের চিন্তা ও আবেগের প্রতি সচেতন হোন। প্রতিদিন কিছুটা সময় নিজের কাজের পেছনে ব্যয় করুন।
সামাজিক সম্পর্কের চর্চা: একাকিত্ব কাটাতে বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটান। সামাজিক যোগাযোগ মানুষের সহানুভূতি ও সহমর্মিতা বাড়াতে সাহায্য করে।
পুরোনো শখ পুনরুদ্ধার: শৈশবে যা করতে ভালোবাসতেন, সেই কাজগুলো আবার শুরু করুন। এটি আপনাকে শিকড়ের সঙ্গে সংযুক্ত করবে।
ডায়েরি বা জার্নাল লেখা: প্রতিদিনের ভালো লাগা, মন্দ লাগা বা উদ্বেগের কথাগুলো লিখে ফেলুন। এতে মনের জট খুলতে সুবিধা হয়।
পেশাদার সাহায্য গ্রহণ: যদি এই সংকট আপনার দৈনন্দিন কাজে বাধা দেয়, তবে থেরাপিস্টের সঙ্গে কথা বলুন। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এ ক্ষেত্রে অত্যন্ত কার্যকর।
ভবিষ্যতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি: কোনো ক্ষতি বা বিচ্ছেদ হয়তো আপনার জন্য নতুন কোনো সুযোগের দুয়ার খুলে দিচ্ছে। নিজের ওপর নিয়ন্ত্রণ বা ‘ফোকাস অব কন্ট্রোল’ বজায় রাখুন।
কোচ বা বিশেষজ্ঞের পরামর্শ: জীবনের পরবর্তী ধাপে যাওয়ার জন্য একজন লাইফ কোচের সাহায্য নিতে পারেন, যিনি আপনাকে নতুন লক্ষ্য নির্ধারণে পথ দেখাবেন।
মনে রাখবেন, আইডেনটিটি ক্রাইসিস কোনো মনস্তাত্ত্বিক রোগ নয়, বরং এটি বিকাশের একটি ধাপ। গবেষকেরা দেখেছেন, যাঁরা দীর্ঘ অনুসন্ধানের পর নিজের পরিচয়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে পেরেছেন, তাঁরা অন্যদের তুলনায় অনেক বেশি সুখী ও স্বাস্থ্যবান হন। শোক, বিচ্ছেদ বা পরিবর্তন আপনার পরিচয়কে মুছে ফেলা নয়। এগুলো আপনাকে আরও পরিণত মানুষ হওয়ার সুযোগ করে দিয়েছে। আয়নার সামনের অচেনা মানুষটি আসলে আপনারই এক নতুন সংস্করণ, যাঁকে চিনে নেওয়ার দায়িত্ব কেবল আপনারই।
সূত্র: ভেরিওয়েল মাইন্ড, বেটার আপ

দুই দশক ধরে একাই পৃথিবীর নানা প্রান্তে ঘুরেছেন ব্রিটিশ ভ্রমণবিষয়ক লেখক লিডিয়া সোয়িনস্কো। জর্জিয়া, ভারত, কলম্বিয়াসহ বহু দেশ ঘুরলেও তাঁর ভ্রমণতালিকায় শ্রীলঙ্কা ছিল না। শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় একটি ১২ দিনের গ্রুপ ট্যুরে যোগ দিয়েই জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি—প্রেমে পড়ে গেছেন
৮ ঘণ্টা আগে
সাগরপাড় থেকে ফেরার পর কমবেশি সবার ত্বক খানিকটা কালচে হয়ে যায়। সমুদ্র এলাকার তীব্র রোদ, নোনাজল এবং বালুর ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষা করতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। সঙ্গে দরকার গভীর পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখা। যাঁরা সমুদ্রপাড়ে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের...
১৬ ঘণ্টা আগে
কারিনা কাপুর একদিকে যেমন ভীষণ ফিটনেস-সচেতন, অন্য়দিকে দারুণ ভোজনরসিক। জনসমক্ষে খাবারের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে কখনোই দ্বিধা করেন না এই তারকা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেছেন, জিরো-ফিগার হওয়ার চেয়ে তিনি বরং আলু পরোটা খেতেই বেশি পছন্দ করেন! এই অভিনেত্রী বারবার তাঁর প্রিয়...
১৯ ঘণ্টা আগে
সকালের নাশতা মানেই কি প্রতিদিনের সেই চেনা ডিম-রুটি? স্বাদে একটু ভিন্নতা আনতে চাইলে চোখ ফেরানো যেতে পারে তুরস্কের দিকে। দেশটিতে নাশতার টেবিলে জনপ্রিয় এক পদ মেনেমেন। টমেটোর রসাল স্বাদ, কাঁচা মরিচের ঝাঁজ আর ডিমের মেলবন্ধনে তৈরি সহজ অথচ দারুণ সুস্বাদু একটি খাবার। অল্প কিছু উপকরণ আর সামান্য সময়েই তৈরি...
২১ ঘণ্টা আগে