
মেষ
আজ আপনার আত্মবিশ্বাস এভারেস্টের চূড়ায়। কর্মক্ষেত্রে বসের কোনো ভুল ধরিয়ে দিয়ে ‘হিরো’ সাজার চেষ্টা করতে পারেন, তবে পিঠ বাঁচিয়ে কথা বলবেন। আর্থিক দিক থেকে দিনটি মন্দ নয়, পুরোনো কোনো জ্যাকেটের পকেটে বা বইয়ের ভাঁজে হারানো টাকা ফিরে পাওয়ার প্রবল সম্ভাবনা। সঙ্গীর সঙ্গে আজ অহেতুক তর্কে যাবেন না। তিনি হয়তো নীল রং নিয়ে কথা বলছেন আর আপনি লাল—এই নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। ঘাড়ের যন্ত্রণায় ভুগতে পারেন, আসলে সারা দিন অন্যের হাঁড়ির খবর নিতে গেলে ঘাড় তো একটু এদিক-সেদিক হবেই! হলুদ রঙের মিষ্টি কাউকে খাইয়ে দিন, অন্তত একজনের অভিশাপ থেকে তো বাঁচবেন!
বৃষ
আজ আপনি একাই ১০০। বাড়িতে বা অফিসে সব দায়িত্ব আপনার ঘাড়ে এসে পড়বে। বৈদেশিক যোগাযোগের যোগ আছে, অর্থাৎ ফেসবুকে বা ইনস্টাগ্রামে কোনো ‘নাইজেরিয়ান রাজপুত্র’ আপনাকে মেসেজ পাঠাতে পারে—সাবধান! ব্যবসায়িক লসগুলো আজ স্ট্যাটাস হিসেবে দিলেও কেউ লাইক দেবে না, তাই চুপচাপ কাজ করুন। আজ আপনার সঙ্গী একটু বেশিই ডিমান্ডিং হতে পারে। পকেট ফাঁকা থাকলে সরাসরি অসুস্থ হওয়ার ভান করুন। পেট নিয়ে একটু ঝামেলা হতে পারে। বাইরের রাস্তার ফুচকাকে আজ টা-টা বলাই শ্রেয়। তামার পাত্রে পানি নিয়ে গাছে দিন; গাছটি বেঁচে থাকলে আপনার পরমায়ু বাড়বে (হয়তো)।
মিথুন
কথার জাদুতে আজ সবাইকে সম্মোহিত করবেন। অফিসে কোনো প্রেজেন্টেশন থাকলে সফল হবেন, কারণ অর্ধেক লোক আপনার কথা বুঝবে না কিন্তু হাততালি দেবে। সামাজিক সম্মান বাড়বে, পাড়ার ক্লাবের মেম্বারশিপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হওয়ার অফার আসতে পারে। ক্রাশকে মেসেজ পাঠানোর জন্য আজ সেরা দিন। রিপ্লাই না এলে বুঝবেন আপনার গ্রহ ভুল নয়, চয়েস ভুল। অনিদ্রা রোগ দেখা দিতে পারে। রাত জেগে স্ক্রলিং বন্ধ করে পুরোনো পাঠ্যবই খুলে বসুন, দুই মিনিটে ঘুম আসবে। সব সমস্যার সমাধান আজই করতে যাবেন না, ওটা কালকের মিথুনের জন্য রেখে দিন।
কর্কট
আজ আপনি বেশ আবেগপ্রবণ। এফএম রেডিওতে পুরোনো স্যাড সং শুনে নিজের অজান্তেই বাসে বা ট্রামে কাঁদতে পারেন। গোপন শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে—হয়তো অফিসের ক্যানটিনে আপনার নামে মন্দ কথা হচ্ছে। সঞ্চয় বাড়বে, যদি না বিকেলে অনলাইন শপিং অ্যাপের নোটিফিকেশন আপনাকে প্রলুব্ধ করে। আজ সঙ্গীর সঙ্গে দূরত্ব বাড়তে পারে যদি সারাক্ষণ ‘আমি একা থাকব’ মুডে থাকেন। ঠান্ডা লাগার ধাত আছে। আইসক্রিম খাওয়ার আগে অন্তত তিনবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গম্ভীর মুখটি দেখুন। মেডিটেশন করুন, অন্তত ৫ মিনিট চোখ বন্ধ করে অফিসের ফাইলের কথা ভাবলেও হবে।
সিংহ
আপনি আজ বনের রাজা, কিন্তু বনটা যদি হয় আপনার অফিস, তবে একটু মেপে গর্জন করবেন। অতিরিক্ত ‘অ্যাটিটিউড’ দেখাতে গিয়ে বসের কুনজরে পড়তে পারেন। পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা আছে, হয়তো পৈতৃক ভিটার একটা ইট আপনার নামে হবে! প্রেমে আজ ‘ব্রেক-আপ’ আর ‘প্যাচ-আপ’- এর মিউজিক্যাল চেয়ার খেলা চলবে। ধৈর্য ধরুন। চোখের সমস্যা হতে পারে। স্ক্রিন টাইম কমান অথবা চশমার পাওয়ারটা একবার চেক করিয়ে নিন। নীল রঙের পোশাক পরুন, এতে আপনার উগ্র মেজাজ কিছুটা হলেও ঢাকা পড়বে।
কন্যা
আজ আপনার পারফেকশনিজম চরমে। ঘরের পর্দার ভাঁজ ঠিক না থাকলে রক্তচাপ বেড়ে যেতে পারে। অফিসে অন্যদের কাজে খুঁত ধরতে গিয়ে নিজের কাজটাই যেন ভুলে যাবেন না। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন, তবে সেটা হয়তো খুব অল্প পরিমাণ। সঙ্গীর পারফিউম বা মোজার গন্ধ নিয়ে আজ অভিযোগ করবেন না, দিনটি প্রেমের জন্য বরাদ্দ রাখুন। ক্লান্তি বোধ হতে পারে। মাল্টি-ভিটামিন না খেয়ে বরং এক কাপ কড়া আদা-চা খেয়ে দেখুন। বাজে বাজেট করে খামাখা মাথা ঘামাবেন না, অভাব কখনো পরিকল্পনা করে আসে না।
তুলা
সৃজনশীলতা আজ আপনার কানে কানে কথা বলবে। কবিতা লিখতে পারেন বা রান্নাঘরে নতুন কোনো এক্সপেরিমেন্ট করতে পারেন (খাওয়ার যোগ্য হবে কি না গ্যারান্টি নেই)। আর্থিক ব্যাপারে একটু সতর্ক থাকুন, বন্ধুর বিয়েতে গিফট কিনতে গিয়ে পকেট গড়ের মাঠ হতে পারে। সম্পর্কে ভারসাম্য বজায় থাকবে। সঙ্গী আজ আপনাকে ডিনার ডেটে নিয়ে যাওয়ার প্রস্তাব দিতে পারে (বিলটা হয়তো আপনার ভাগ্যেই আছে)। পিঠের ব্যথায় কষ্ট পেতে পারেন। চেয়ারে সোজা হয়ে বসুন, কুঁজো হয়ে ফোন চালালে এমনটাই হয়। ছোট কোনো কাজ সফলভাবে শেষ করুন, দেখবেন আত্মতৃপ্তি আপনাকে অনেকটা হালকা করবে।
বৃশ্চিক
আজ আপনার কূটনৈতিক বুদ্ধির পরীক্ষা। পেছনে কেউ কিছু বললে সরাসরি ঝগড়া না করে একটা কুটিল হাসি দিয়ে চলে আসুন—তাতে সে বেশি ভয় পাবে। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক। নতুন কোনো চুক্তিতে সই করার আগে অন্তত তিনবার ভালো করে পড়ে নেবেন। সম্পর্কে রহস্য বজায় রাখুন। সব কথা আজই বলে দিলে কাল কী নিয়ে কথা বলবেন? এনার্জি লেভেল খুব হাই থাকবে। ব্যায়াম করার জন্য আজ আদর্শ দিন। হলুদ রং আজ আপনার জন্য পজিটিভ ভাইবস আনবে, একটি হলুদ রুমাল সঙ্গে রাখতে পারেন।
ধনু
আপনার ইচ্ছে পূরণ না হওয়ায় মন একটু ভারাক্রান্ত হতে পারে। তবে মনে রাখবেন, চাইলেই তো আর চাঁদ পাওয়া যায় না, মাঝে মাঝে মোমবাতিতেই সন্তুষ্ট থাকতে হয়। ভ্রমণের সুযোগ আসবে, হয়তো বন্ধু আপনাকে বাইকের পেছনে বসিয়ে চক্কর কাটাতে নিয়ে যাবে। একতরফা প্রেমে আজ একটু আশার আলো দেখা দিতে পারে। সে হয়তো আপনার স্টোরি ভিউ করেছে! হাঁটাহাঁটি করুন। সারা দিন বসে থাকলে শরীর মরিচা ধরা লোহার মতো হয়ে যাবে। অপ্রয়োজনীয় জ্ঞান দেবেন না, বিশেষ করে যারা আপনার চেয়ে বেশি জানে বলে দাবি করে।
মকর
আজ আপনার জন্য লটারি জেতার মতো দিন (আক্ষরিক অর্থে নয়)। হারানো কোনো ফোন বা মানিব্যাগ ফিরে পেতে পারেন। নতুন অতিথির আগমন হতে পারে, যার ফলে আপনার সাধের শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা প্রবল। সহকর্মীদের চক্রান্ত থেকে দূরে থাকুন, তারা আজ আপনার টিফিন বক্সের ওপর নজর দিচ্ছে। পুরোনো কোনো প্রেম আজ ফিরে আসার চেষ্টা করতে পারে। মেসেজ ডিলিট করার বোতামটি হাতের কাছেই রাখুন। পা ব্যথার যোগ আছে। লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করুন। সাদা রঙের কিছু সঙ্গে রাখুন, শান্তি বজায় রাখতে সাহায্য করবে।
কুম্ভ
আজ আপনার মেজাজ বেশ রাজকীয়। নিজেকে গ্রুমিং করতে বিউটি পারলারে বা সেলুনে অনেকটা সময় কাটাতে পারেন। আর্থিক সমৃদ্ধি ঘটবে, তবে সেটা লটারিতে নয়, আপনার কোনো বুদ্ধিদীপ্ত কাজের মাধ্যমে। বন্ধুদের সঙ্গে আড্ডায় আজ মধ্যমণি হয়ে থাকবেন। সিঙ্গেলরা আজ কাউকে ইমপ্রেস করার সুযোগ পাবেন। শুধু নিজের ব্যাংক ব্যালেন্স নিয়ে মিথ্যা বলবেন না। মানসিক শান্তি পাবেন। গান শুনুন বা বই পড়ুন, মোবাইল থেকে দূরে থাকুন। আজ ‘না’ বলতে শিখুন। অন্যের কাজ নিজের ঘাড়ে নিয়ে কুঁজো হবেন না।
মীন
আজ আপনার ষষ্ঠ ইন্দ্রিয় খুব প্রখর। কে পেছনে কাঠি দিচ্ছে আর কে শুভাকাঙ্ক্ষী, তা চোখের পলকেই বুঝে যাবেন। ব্যবসায়িক পার্টনারের সঙ্গে আজ কথা-কাটাকাটি হতে পারে। তবে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। দান-ধ্যানে মন দিতে পারেন। সঙ্গীর সঙ্গে আজ দীর্ঘ আলোচনার যোগ আছে। বিয়ের কথা তোলার জন্য আজ দিনটি ভালো। পায়ের পাতায় বা গোড়ালিতে যন্ত্রণা হতে পারে। জুতা পরার সময় সাবধান। হুট করে বড় বিনিয়োগ করবেন না। গুগল বা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করার চেয়ে অভিজ্ঞ কাউকে জিজ্ঞেস করুন।

রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র রাজকন্যার কথা মনে আছে? তার মধ্য়ে ছিল প্রেম ও সৌন্দর্য। আবার সে যুদ্ধে যেতেও ভয় পেত না। বলা ভালো, নারীসুলভ আচরণের চেয়ে তার মধ্য়ে পুরুষের শক্তিই দৃশ্যমান ছিল বেশি। অর্জুনের প্রেমে পড়ার পর দেবতার বরে সে অপরূপ নারীতে পরিণত হলেও তাতে তুষ্ট ছিল না।
১ ঘণ্টা আগে
এখন চলছে মাঘ মাস। হাড়কাঁপানো শীত থাকার কথা। কিন্তু ভোর কিংবা রাতে হিমেল হাওয়ার কাঁপুনি লাগলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপে বেশ গরম লেগে যাচ্ছে। একদিকে থাকছে শীতের আমেজ, অন্যদিকে হালকা গরম—এ দুইয়ের টানাপোড়েনে কোন পোশাকটি আলমারি থেকে বের করবেন, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা কাজ করে।
২ ঘণ্টা আগে
বসন্তের আবহে ভালোবাসার বার্তা নিয়ে এসেছে ফেব্রুয়ারি মাস। ৭ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয় রোজ ডে বা গোলাপ দিবস। প্রিয়জনকে একগুচ্ছ গোলাপ দিয়ে মনের না-বলা কথাগুলো জানিয়ে দেওয়ার জন্য এর চেয়ে মোক্ষম সুযোগ আর হয় না।
৩ ঘণ্টা আগে
প্রতিদিন আমাদের খাবার তালিকায় রুটি পরিচিত হলেও সঠিক কৌশল না জানার কারণে তা অনেক সময় শক্ত হয়ে যায়। তবে রুটি নরম করতে শুধু আটা মেখে নেওয়াই যথেষ্ট নয়; ছোট কিছু কৌশলেও লুকিয়ে থাকে এর আসল রহস্য।
৪ ঘণ্টা আগে