
কোরবানির ঈদ মানেই ঘরে ঘরে গরু বা খাসির মাংসের নানা রকম খাবারের আয়োজন। ঈদের দিন থেকে শুরু করে পরপর কয়েক দিন প্রয়োজনের তুলনায় অনেক বেশি মাংস খাওয়া হয়ে যায়। সারা দিনে খাওয়ার রুটিনও হয়ে যায় এলোমেলো।
আত্মীয়স্বজন থেকে শুরু করে বন্ধুদের আড্ডা—সবখানেই চলতে থাকে তেল, চর্বি ও মসলাযুক্ত ভারী খাওয়া। কিন্তু এই অতিরিক্ত ভারী খাবার খেয়ে অনেকেরই দেখা দেয় বদহজম, গ্যাস, বুক জ্বালাপোড়া কিংবা পেটে অস্বস্তির মতো নানান সমস্যা। তাই এই ঈদে ভারী খাবার খাওয়ার পর যাতে ভালোভাবে হজম হয় ও শরীরও ঝরঝরে থাকে, তাই কয়েকটি বিষয় মনে রাখা চাই—
যাঁরা স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা কিংবা হৃদ্রোগের মতো সমস্যায় ভুগছেন, তাঁরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত পরিমাণে মাংস খাবেন।
ঈদে ভারী খাবার খাওয়ার পর কিছু খাবার ও পানীয় পান করলে আরাম পাওয়া যাবে। সেগুলোর মধ্যে আছে—

ভারী খাবার খাওয়ার ৩০ থেকে ৪০ মিনিট পর হালকা গরম পানি পান করতে পারেন। কুসুম গরম পানি অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার কাজে সহায়তা করে। ফলে আরাম পাওয়া যায়।
যেকোনো ভারী খাবার খেয়ে ১৫ থেকে ২০ মিনিট পর প্রোবায়োটিকস-জাতীয় খাবার খান। টক দই দ্রুত খাবার হজম করে। পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করে। এতে থাকা ভালো ব্যাকটেরিয়া অন্ত্রের জন্য উপকারী। তা ছাড়া এই গরমে টক দই খেলে শরীর ঠান্ডাও থাকে।
ভারী খাবার খাওয়ার পর ঘরে তৈরি বোরহানি খেতে পারেন। এটি হজমে বিশেষ ভূমিকা রাখবে।
গরুর মাংসের ভুনা বা কাবাবজাতীয় খাবার খাওয়ার পর এক কাপ আদা চা পান করতে পারেন। আদা খাবার দ্রুত হজমে সহায়তা করে এবং বমি ভাব কমাতে সাহায্য করে। এটি পেটের গ্যাস ও অস্বস্তি কমাতেও সাহায্য করতে পারে। এ ছাড়া পুদিনার চা, কাঁচা হলুদ ও মৌরি সেদ্ধ পানি পানেও খাবার দ্রুত হজম হয়।
এনজাইমসমৃদ্ধ ফল হজম শক্তি বাড়িয়ে দেয়। পেঁপে, আনারস বা কলার মতো ফল শরীরে পানির ঘাটতি দূর করে এবং হজমে সাহায্য করে। কিন্তু ভারী খাবার খাওয়ার পর এগুলো খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াই ভালো।
অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার বেশি না খাওয়াই ভালো। খেতে হলে অল্প পরিমাণে খান ও পাতে সালাদের পরিমাণ বেশি রাখুন।
সব পানীয় কিন্তু হজমের জন্য ভালো নয়। কার্বোনেটেড কোমল পানীয় পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই পরিমিত পরিমাণে পান করুন।
অনেকেই খাবার খাওয়ার পরপরই দুধ চা বা কফি পান করেন। এতে পেটে গ্যাস তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই অন্তত দুই ঘণ্টা বিরতি দিয়ে দুধ চা বা কফি পান করুন।
উৎসবে মসলাদার খাওয়া হবেই। কিন্তু সুস্থ থাকতে সচেতনও থাকতে হবে। শরীর সুস্থ থাকলেই তো ঈদের প্রতিটি মুহূর্ত আরও সুন্দর হয়ে উঠবে। তাই চিকিৎসকের পরামর্শ মেনেই মাংস ও অন্যান্য বিশেষ খাবার খান। এতে উৎসবের আনন্দ অটুট থাকবে।
সূত্র: হেলথ লাইন ও অন্যান্য
ছবি: পেক্সেলস

সিলেট ভ্রমণের আনন্দ শুরু হয় ট্রেন বা বাসে ওঠার পর থেকে। গন্তব্যে পৌঁছানোর আগে বাস বা ট্রেনের জানালা দিয়ে দেখা দুই পাশের সবুজ চা-বাগান, সারি সারি গাছ, নদী-খাল আর দিগন্তজোড়া সবুজের সমারোহ—সব মিলিয়ে এই যাত্রা হতে পারে স্মরণীয়।
২৬ মিনিট আগে
সবুজ পাহাড়ের বুক চিরে শত ফুট উঁচু থেকে আছড়ে পড়ছে জলরাশি। পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে নিচে নেমে যাচ্ছে স্বচ্ছ পানির প্রবাহ। চারদিকে উঁচু-নিচু সবুজ পাহাড়, বুনো ঝোপ, নামহীন রঙিন বুনো ফুলের নয়নাভিরাম সৌন্দর্য মুহূর্তে নিয়ে যাবে কল্পনার রাজ্যে। বলছি খাগড়াছড়ির কথা।
১ ঘণ্টা আগে
সকালবেলার নাশতা হতে হবে মনের মতো—পৃথিবীর সব দেশের মানুষই এটি চায়। ফলে পৃথিবীময় টেবিলে তৈরি হয় বৈচিত্র্য। সকালের নাশতা মানেই তাই কারও কাছে রুটি-মাখন, কারও কাছে ডিম-টোস্ট, আবার কারও কাছে ভাত কিংবা নুডলস। এক দেশের মানুষের কাছে যে খাবার একেবারেই স্বাভাবিক, অন্য দেশের মানুষের কাছে সেটিই হয়ে উঠতে পারে...
১ ঘণ্টা আগে
‘কনডে নেস্ট ট্রাভেলার’ ২০২৬-এর রিডার্স চয়েস অ্যাওয়ার্ডসে বিশ্বের সেরা শহরের মুকুট অর্জন করেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। ১০০-এর মধ্যে ৯৭ দশমিক ৬৮ নম্বর পেয়ে প্যারিস, ইস্তাম্বুল ও টোকিওর মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে শহরটি।
২ ঘণ্টা আগে