Ajker Patrika

সানগ্লাসের লেন্সের রং নিয়ে যত ভুল ধারণা

ফিচার ডেস্ক  
সানগ্লাসের লেন্সের রং নিয়ে যত ভুল ধারণা
ছবি: পেক্সেলস

রোদ থেকে চোখ বাঁচাতে সানগ্লাস ব্যবহার করেন অনেকেই। তবে সানগ্লাস কেনার সময় লেন্স যত গাঢ়, সুরক্ষা তত বেশি এমন ধারণা বেশ প্রচলিত। আবার কেউ কেউ মনে করেন, রঙিন লেন্স মানেই সেটি অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি থেকে চোখের সুরক্ষা দেবে। বাস্তবে বিষয়টি এতটা সরল নয়। চোখের সুরক্ষার জন্য লেন্সের রং, ইউভি সুরক্ষা, আলো প্রবেশের মাত্রা সবকিছু বিবেচনা করা প্রয়োজন।

গাঢ় লেন্স মানেই বেশি সুরক্ষা নয়

সানগ্লাসের লেন্স যত গাঢ় হবে, চোখের সুরক্ষা তত বেশি হবে, এ ধারণা ঠিক নয়। লেন্সের রং বা গাঢ়ত্বের চেয়ে গুরুত্বপূর্ণ হলো সেটিতে যথাযথ অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা স্তর আছে কি না। তাই সানগ্লাস কেনার সময় শুধু কালো বা গাঢ় রঙের লেন্স দেখে সিদ্ধান্ত না নিয়ে ইউভি প্রটেকশনের তথ্য দেখে নিন। বিশেষ করে ইউভি৪০০ লেখা আছে কি না, তা খেয়াল করুন। ইউভি৪০০ বলতে এমন সুরক্ষা বোঝায়, যা প্রায় সব ক্ষতিকর অতিবেগুনি রশ্মি আটকে দিতে সক্ষম।

ছবি: পেক্সেলস
ছবি: পেক্সেলস

লেন্সের রং আর ইউভি সুরক্ষা এক নয়

নীল, বাদামি, ধূসর কিংবা অন্য কোনো রঙের লেন্স দেখে সেটিকে ইউভি সুরক্ষাযুক্ত ধরে নেওয়া ঠিক নয়। লেন্সের রঙের পাশাপাশি সানগ্লাসে ইউভি সুরক্ষার উল্লেখ রয়েছে কি না, তা পরীক্ষা করুন।

কোন রঙের লেন্স কেমন

সানগ্লাসের লেন্সের রং শুধু ফ্যাশনের বিষয় নয়, কোন পরিবেশে সেটি ব্যবহার করা হচ্ছে তার ওপরও এর কার্যকারিতা নির্ভর করতে পারে। তাই ভ্রমণ বা বাইরে দীর্ঘ সময় থাকার ক্ষেত্রে লেন্সের রং বেছে নেওয়ার আগে সেটি কোন ধরনের আলোয় ব্যবহার করবেন, তা বিবেচনা করুন। হলুদ রঙের লেন্স কম আলো বা আবছা পরিবেশে কাজে লাগতে পারে। তবে তীব্র আলোতে দীর্ঘ সময় ব্যবহারের জন্য এটি সবার জন্য আরামদায়ক না-ও হতে পারে। নীল রঙের লেন্সও বাইরে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে বেছে নেওয়া উচিত। লাল বা গোলাপি রঙের লেন্স অনেক সময় কনট্রাস্ট বাড়াতে পারে, তবে এগুলোর ক্ষেত্রেও ইউভি সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

ছবি: পেক্সেলস
ছবি: পেক্সেলস

বাইরে ব্যবহারের জন্য ধূসর, বাদামি ও সবুজ লেন্স

ধূসর লেন্স সাধারণত বাইরের উজ্জ্বল আলো কমিয়ে দেয়, অথচ চারপাশের রং তুলনামূলক স্বাভাবিকভাবে দেখতে সাহায্য করে। তাই দৈনন্দিন বাইরে চলাফেরা কিংবা বিভিন্ন ধরনের খেলাধুলায় এটি ব্যবহার করা যায়। বাদামি লেন্স কনট্রাস্ট ও গভীরতা বোঝার ক্ষেত্রে সহায়ক হতে পারে। ফলে গাড়ি চালানো বা কুয়াশাচ্ছন্ন পরিবেশে এটি আরামদায়ক মনে হয়। সবুজ লেন্সও আলো কমানোর পাশাপাশি কনট্রাস্ট ও রঙের স্বচ্ছতার মধ্যে ভারসাম্য তৈরি করতে পারে।

লেন্সের ফিল্টার ক্যাটাগরি

শুধু লেন্সের রং নয়, সেটি কতটা আলো চোখে প্রবেশ করতে দিচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। সাধারণত সানগ্লাসের ফিল্টার ক্যাটাগরি শূন্য থেকে ৪ পর্যন্ত ভাগ করা হয়। ক্যাটাগরি শূন্য কম আলো বা ঘরের ভেতরের ব্যবহারের জন্য, মেঘলা আবহাওয়ার জন্য এবং সাধারণ দিনের আলোর জন্য উপযোগী হতে পারে। ক্যাটাগরি ৩ উজ্জ্বল রোদে বাইরে ব্যবহারের ক্ষেত্রে বেশি উপযোগী। আর ক্যাটাগরি ৪ তীব্র রোদ, পানি বা বরফের ওপরের প্রবল প্রতিফলিত আলোতে ব্যবহারের জন্য তৈরি করা হয়। তবে ক্যাটাগরি ৪-এর লেন্স গাড়ি চালানোর জন্য উপযুক্ত নয়।

সানগ্লাস কেনার সময় আরও যা দেখবেন

সানগ্লাস কেনার সময় লেন্সে আঁচড় বা রঙের অসমতা আছে কি না, তা দেখে নিন। দুই পাশের লেন্সের বাঁক ও আকৃতি সমান কি না, সেটিও খেয়াল করুন। লেন্সের আকার এমন হওয়া ভালো, যাতে সরাসরি সূর্যের আলো চোখে কম প্রবেশ করে। ফ্রেমও হতে হবে মজবুত ও স্থিতিশীল। পরার পর ফ্রেম বেঁকে যাচ্ছে কি না কিংবা চোখের সামনে লেন্সের অবস্থান ঠিক আছে কি না, তা পরীক্ষা করুন।

সূত্র: রোজিঅ্যালান

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত