রমজান মাসের ধকল আর গরমের তীব্রতায় ঈদের আগে চুলের বারোটা বেজে যাওয়া অস্বাভাবিক কিছু নয়; বিশেষ করে সারা দিন রোজা রাখার ফলে শরীরে পানিশূন্যতা এবং ধুলোবালির প্রভাবে চুল হয়ে পড়ে প্রাণহীন, রুক্ষ ও নিস্তেজ। শুধু দামি শ্যাম্পু বা কন্ডিশনারে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, চুলের মূল গাঠনিক উপাদান হলো কেরাটিন নামক প্রোটিন, যার পুষ্টির জন্য প্রয়োজন গভীর যত্ন। মাথাভর্তি ঘন ও রেশমি চুলের স্বপ্নপূরণে পারলারের খরচ বাঁচিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন কার্যকরী কিছু হেয়ার প্যাক। ঈদের দিনের সাজে চুল আকর্ষণীয় করতে আজ থেকে শুরু করতে পারেন, এমন কিছু হেয়ার প্যাক নিয়ে এই আয়োজন।
কলা ও মধুর ময়শ্চারাইজিং প্যাক
চুল প্রাকৃতিকভাবে নরম ও হাইড্রেটেড রাখতে কলা ও মধুর মিশ্রণ অতুলনীয়। কলা চুলের গোড়া মজবুত করে আর মধু চুলের আর্দ্রতা ধরে রাখে। এই প্যাক তৈরি করতে একটি পাকা কলা ভালো করে চটকে তাতে এক চামচ মধু মিশিয়ে নিন। চাইলে এতে কয়েক ফোঁটা নারকেল তেল যোগ করতে পারেন। মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি রুক্ষ ও আগা ফাটা চুলের জন্য মহৌষধ।

ডিম ও অলিভ অয়েলের প্রোটিন ট্রিটমেন্ট
চুল যদি খুব বেশি ঝরে যায় বা পাতলা হয়ে পড়ে, তবে এই প্রোটিন প্যাক আপনার জন্য সেরা সমাধান। ডিম প্রোটিনের জোগান দেয় এবং অলিভ অয়েল চুল করে তোলে স্বাস্থ্যোজ্জ্বল। এ জন্য একটি আস্ত ডিমের সঙ্গে দুই চামচ অলিভ অয়েল ভালো করে ফেটিয়ে নিন। মিশ্রণটি হালকা ভেজা চুলে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এই প্যাক ধোয়ার সময় অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করবেন। গরম পানি ব্যবহার করলে ডিম চুলে দলা পাকিয়ে যেতে পারে।
পাকা পেঁপে ও টক দইয়ের মাস্ক
চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পাকা পেঁপের জুড়ি নেই। এর সঙ্গে টক দই ও কাঠবাদামের তেল মেশালে তা চুলের গভীর থেকে পুষ্টি দেয়। আধা কাপ পাকা পেঁপে চটকে তাতে দুই চামচ টক দই এবং এক চামচ কাঠবাদামের তেল মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এটি চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে।
মেথি ও আমলকীর কন্ডিশনিং প্যাক
চুলের ঘনত্ব বাড়াতে এবং অকালপক্বতা রোধে মেথি ও আমলকীর প্যাকটি সর্বজন সমাদৃত। এটি মাতার ত্বক বা স্ক্যাল্পের রক্তসঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। এক মুঠো মেথি সারা রাত ভিজিয়ে রেখে সকালে বেটে নিন। এতে দুই চামচ আমলকীর গুঁড়া বা রস মেশান। প্যাকটি মাথার ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রাখুন।

অ্যালোভেরা ও ক্যাস্টর অয়েলের গ্রোথ প্যাক
চুল লম্বা করার দ্রুততম উপায় হলো অ্যালোভেরা ও ক্যাস্টর অয়েলের ব্যবহার। ক্যাস্টর অয়েলে থাকা ফ্যাটি অ্যাসিড চুলের ফলিকল উদ্দীপিত করে। দুই চামচ তাজা অ্যালোভেরা জেলের সঙ্গে এক চামচ ক্যাস্টর অয়েল এবং একটি ভিটামিন ‘ই’ ক্যাপসুল মিশিয়ে নিন। গোসলের এক ঘণ্টা আগে এটি মাথার ত্বকে ম্যাসাজ করুন। এটি নিয়মিত ব্যবহারে চুলের দৈর্ঘ্য দ্রুত বাড়বে।
কিছু জরুরি পরামর্শ
পর্যাপ্ত পানি পান: ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন। শরীরে পানির অভাব হলে চুলের উজ্জ্বলতা কমে যায়।
পুষ্টিকর খাদ্য: সুষম খাবার ও প্রোটিন সমৃদ্ধ খাবার চুলের স্বাস্থ্য ভালো রাখে।
নিয়মিত ম্যাসাজ: প্যাক লাগানোর পাশাপাশি সপ্তাহে অন্তত দুদিন মাথার ত্বকে কুসুম গরম তেল ম্যাসাজ করুন।
ঈদের খুশিতে নিজেকে পূর্ণতা দিতে চুলের যত্ন নিতে অবহেলা করবেন না। বাজারের কেমিক্যালযুক্ত প্যাকের চেয়ে প্রাকৃতিক এই উপায়গুলো দীর্ঘ মেয়াদে আপনার চুলের সুরক্ষা নিশ্চিত করবে।
সূত্র: হেলথ লাইন, মেডিকেল নিউজ টুডে, স্টাইলক্রেজ ও অন্যান্য

বেগুনি তো রোজ ইফতারির আইটেমে থাকে। কিন্তু মুচমুচে সুস্বাদু বেগুনি সবাই তৈরি করতে পারে না। আজকের রেসিপিতে জেনে নিন মুচমুচে বেগুনি তৈরির পদ্ধতি। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধন শিল্পী কোহিনূর বেগম।
২ ঘণ্টা আগে
আজ আপনার অলসতা অলিম্পিক পর্যায়ে পৌঁছে যাবে। ইচ্ছা করবে বিছানা ছেড়ে না উঠতে, কিন্তু পেটের ক্ষুধা তো আর গ্রহ-নক্ষত্র মানে না! কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার টিফিন বক্সের দিকে লোলুপ দৃষ্টি দিতে পারে, নিজের খাবার আগলে রাখুন।
৮ ঘণ্টা আগে
মালয়েশিয়ার নাম শুনলেই অনেকের মনে প্রথমে চলে আসে ঝকঝকে আকাশচুম্বী ভবন, ব্যস্ত নগরজীবন আর আধুনিকতার প্রতীক রাজধানী শহর কুয়ালালামপুরের ছবি। নিঃসন্দেহে এই শহর যেন দেশটির হৃদয়। কিন্তু মালয়েশিয়া কি শুধুই কুয়ালালামপুর? তা মোটেও নয়।
৯ ঘণ্টা আগে
আসছে ঈদ। ভ্রমণপ্রেমীদের অনেকে এখন নতুন করে ভ্রমণের পরিকল্পনা করছেন। যাঁরা দলবলে যেতে চান, তাঁদের তো তেমন কোনো সমস্যা নেই। কিন্তু যাঁরা একা ভ্রমণ করতে চান এবং বলতে গেলে প্রায় নতুন, তাঁদের জন্য কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। একাকী ভ্রমণের স্বাধীনতা যেমন আছে, তেমনি আছে বিভিন্ন সমস্যা।
১০ ঘণ্টা আগে