আজ কোনো কিছু না কেনার দিন

হাসি আসবে শুনে। একটা দিনে কিছু কেনা যাবে না, এমনও হয়! আসলেই হয়। আজ সেই দিন, বাই নাথিং ডে। ২৭ নভেম্বর তারিখটি আন্তর্জাতিক ভাবে কিছু না কেনার দিবস হিসেবে পরিচিত। এখানে প্রশ্ন আসতেই পারে, কিছুই কেনা যাবে না এই দিনে– এটা আবার কেমন কথা?
আসলে বাই নাথিং ডে হলো ‘আরও চাই, আরও চাই’ বলে মানুষের নিরন্তর চাওয়ার বিরুদ্ধে একটি নীরব ব্যক্তিগত অবস্থান নেওয়ার সুযোগ। এটি এক ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ। হ্যাঁ, এটি মাত্র একটি দিনেরই ব্যাপার। তবে বিষয়টি শুধু এক দিনের জন্য কেনাকাটা বাদ দেওয়া নয়, বরং এই বিশেষ দিনটিতে কেনাকাটা না করার তাৎপর্যই এখানে আসল। যেটুকু আছে সেটুকু দিয়েই একটি দিন যদি সবাই চালিয়ে নিতে পারে তাহলে জিনিসপত্রের অপচয় কতটা কমে যায়, একবার ভাবুন।
এই দিন নতুন ইলেকট্রনিক্স, নতুন গৃহস্থালি সামগ্রী, নতুন জামাকাপড় বা নতুন জুতা কিছুই কিনবেন না। এমনকি পুরোনো বা সেকেন্ড-হ্যান্ড কোনো জিনিসও নয়। অনলাইন বা কোনো চ্যারিটি শপ থেকেও কেনাকাটা নয়। মুদি বাজার নয়। গাড়ির তেল নয়। আক্ষরিক অর্থেই কিচ্ছু কিনবেন না। কিন্তু বাইরে বের হলেই ফুটপাত বা দোকান থেকে এটাসেটা কেনার বাতিক যাঁদের রয়েছে বা অনলাইনে যা পছন্দ হয় তাই অর্ডার করার অভ্যাস যাদের আছে, তাঁরা এ লেখাটি একবার পড়ুন। তারপর এই একটি দিন নিজেকে সংযত রাখা যায় কিনা ভাবুন।
ঘরে যা আছে তা দিয়েই রান্নার চ্যালেঞ্জ নিন
বাজারে যাওয়া বাদ দিন এবং আপনার রান্নাঘরকে একটি কুকিং শো-এর মতো করে ভাবুন। স্টোরেজ, ফ্রিজ এবং ডিপ ফ্রিজের কোণায় যা কিছু পড়ে আছে, শুধু সেগুলো দিয়েই পুরো এক বেলার খাবার তৈরির চ্যালেঞ্জ নিন। এতে পড়ে থাকা উপকরণগুলো কাজে লাগবে এবং রাতের খাবার তৈরিটা বেশ মজার একটি ধাঁধায় পরিণত হবে।

মানিব্যাগ ছাড়াই হাঁটতে বের হোন
নগদ টাকা, কার্ড এবং মোবাইলে পেমেন্ট করার অ্যাপগুলো বাড়িতে রেখে বাইরে বেরিয়ে পড়ুন। স্থানীয় কোনো পার্ক, প্রকৃতির কাছাকাছি কোনো পথ বা এমন কোনো পাড়ায় হেঁটে আসুন যেখানে খুব একটা যাওয়া হয় না—কিছু কেনার সামর্থ্য ছাড়া হাঁটলে চারপাশের পরিবেশ দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যায়। তখন দোকানের শোকেস দেখার বদলে আপনি সত্যিকার অর্থেই চারপাশের পৃথিবীটাকে খেয়াল করতে শুরু করবেন।
পুরোনো কোনো জিনিস মেরামত করুন
নতুন জিনিস কেনার বদলে নষ্ট বা পুরোনো হয়ে যাওয়া কোনো জিনিস ঠিক করতে এক ঘণ্টা সময় দিন। পোশাকের খুলে যাওয়া বোতামটি সেলাই করুন, রান্নাঘরের ছুরিগুলো ধার দিন, জুতা পরিষ্কার করুন অথবা বসার ঘরের আসবাবপত্রগুলো একটু অদলবদল করে সাজান— কোনো খরচ ছাড়াই ঘরে নতুনত্ব চলে আসবে।
বিনা খরচে আড্ডার আয়োজন করুন
বাড়িতে অতিথি এলে আজকাল লোকে ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার দেয়। কিন্তু বাই নাথিং ডে-তে নব্বই দশকের স্মৃতি মনে করুন তো। বোর্ড গেম খেলুন, আগে পড়া হয়ে গেছে এমন বই অতিথিদের সঙ্গে অদলবদল করুন অথবা এক কাপ চা আর স্ন্যাকস বানিয়ে গল্প করুন। সেল বা ছাড়ের ই-মেইল আর বিজ্ঞাপনের কোলাহল থেকে দূরে থাকার জন্য প্রিয়জনের সঙ্গই সেরা উপায়।
প্রতিবেশীর কাছ থেকে ধার নিন
পেঁয়াজ, রসুন তো বটেই; বাটা মসলাও পাশের দরজায় নক করে নিতে পারেন। আগেকার দিনে আমাদের মা-খালারা যেভাবে প্রতিবেশীদের সঙ্গে ভাব জমাতেন আরকি! রান্নার পর তাদেরও বাটিতে করে একটু খাবার পাঠান। কোনো প্রতিবেশী বা বন্ধুকে জিজ্ঞেস করুন যে, আপনার বেশ কিছুদিন ধরে প্রয়োজন বা শখ এমন কোনো জিনিস তাঁরা আপনাকে ধার দিতে পারবেন কি না। আর হ্যাঁ, ধার নেওয়া জিনিসটির কাজ শেষ হয়ে গেলে তা অবশ্যই ফেরত দিয়ে দেবেন।
বেক করুন
আপনার রান্নাঘরের তাক আর ফ্রিজে তাকিয়ে দেখুন কী কী উপকরণ ইতিমধ্যে আপনার কাছে আছে এবং সেগুলোর সঙ্গে মানানসই একটি রেসিপি খুঁজে বের করুন। আলমারিতে অনেক দিন ধরে পড়ে থাকা এলোমেলো উপকরণগুলো কাজে লাগানোর এটি একটি দারুণ উপায়। আপনি বেকিংয়ে অভ্যস্ত নন? কেক, কুকিজ বা মিষ্টিজাতীয় খাবার বানানোর উপকরণ ঘরে নেই? তাহলে হাতের কাছে যা আছে তা দিয়েই সৃজনশীল কিছু করুন। কোনো সবজি রান্নার সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতি খুঁজে বের করুন অথবা এমন কোনো পদ রাঁধুন যা আপনি আগে কখনো বানাননি।
সূত্র: ট্রেডিং মাই ওউন পাথ ও অন্যান্য









