
স্যান্ডেলের জায়গায় যেমন ধীরে ধীরে বুট আসে, টি-শার্টের বদলে আলমারি থেকে বের হয় সোয়েটার, তেমনি ঋতুবদলের সঙ্গে বদলানো উচিত ত্বকের যত্ন। গরম ও আর্দ্র আবহাওয়া থেকে যখন ধীরে ধীরে ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়ার দিকে যেতে থাকে প্রকৃতি, তখন ত্বকেও তার প্রভাব পড়ে। বাইরে ঠান্ডা বাতাস আর ঘরের ভেতরের শুষ্ক পরিবেশ—দুইয়ের মিলিত প্রভাবে ত্বক হারাতে পারে স্বাভাবিক আর্দ্রতা। ফলে ত্বক হয়ে উঠতে পারে শুষ্ক, টানটান ও সংবেদনশীল। তবে শীত এলেই পুরো স্কিন কেয়ার রুটিন বদলে ফেলার প্রয়োজন নেই; বরং ত্বক যে সংকেতগুলো দিচ্ছে, সেগুলো বুঝে প্রয়োজন অনুযায়ী কিছু পরিবর্তন আনলেই শুষ্কতাও অনেকটা কমানো সম্ভব।
মুখ ধোয়ার কিছুক্ষণ পরই যদি ত্বক টানটান লাগে, সেটি হতে পারে শুষ্কতার প্রাথমিক লক্ষণ। প্রতিদিনের ময়শ্চারাইজার আগের মতো দীর্ঘক্ষণ ত্বকে আর্দ্রতা ধরে রাখতে না পারলেও রুটিনে পরিবর্তনের প্রয়োজন হতে পারে। মেকআপ করার পর যদি ফাউন্ডেশন ত্বকের শুষ্ক অংশে আটকে যায় বা অসমান দেখায়, নাক, গাল, কপাল কিংবা মুখের চারপাশে সূক্ষ্ম খসখসে ভাব দেখা দেয়, তাহলেও ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ার ইঙ্গিত পাওয়া যায়। এমনকি আগে যে স্কিন কেয়ার পণ্য ব্যবহার করে আরাম পাওয়া যেত, সেগুলো লাগানোর পর হঠাৎ জ্বালা অনুভূত হলেও ত্বকের প্রতি একটু বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।
শীতের সময় বাতাসে আর্দ্রতা কমে যায়। এর সঙ্গে ঠান্ডা বাতাস এবং ঘরের কৃত্রিম উষ্ণতার কারণে ত্বকের ওপরের স্তর থেকে পানি হারানোর প্রবণতা বাড়ে। ফলে ত্বক স্বাভাবিকের তুলনায় বেশি শুষ্ক ও সংবেদনশীল হয়ে ওঠে। তবে শুধু আবহাওয়াই দায়ী নয়। শীতে অনেকে দীর্ঘ সময় ধরে গরম পানিতে গোসল করেন। অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল কমিয়ে দিতে পারে। একইভাবে খুব বেশি ফোম তৈরি করে এমন ক্লিনজার কিংবা ঘন ঘন স্ক্রাব ও এক্সফোলিয়েশন করলেও ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়।
শীতের জন্য ত্বকযত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আর্দ্রতা ধরে রাখা। ত্বক ধোয়ার পর খুব টানটান অনুভূত হলে হালকা ক্লিনজার বেছে নেওয়া যেতে পারে। ক্লিনজিংয়ের পর হাইড্রেটিং সেরাম ব্যবহার করুন। গ্লিসারিন কিংবা হায়ালুরনিক অ্যাসিডের মতো উপাদান ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। মুখ সামান্য ভেজা থাকা অবস্থায় সেরাম ব্যবহার করলে ত্বকে আর্দ্রতা ধরে রাখার ক্ষেত্রে তা সহায়ক। এরপর প্রয়োজন একটি ভালো ময়শ্চারাইজার। শীতে ত্বক বেশি শুষ্ক হয়ে গেলে সেরামের ওপর ময়শ্চারাইজার ব্যবহার করে আর্দ্রতা ধরে রাখার একটি স্তর তৈরি করা যেতে পারে। সেরামাইডযুক্ত ময়শ্চারাইজার ত্বকের প্রাকৃতিক প্রতিরোধী স্তরের জন্য ভালো হতে পারে।

শীতের শুষ্ক আবহাওয়ার প্রভাব শুধু মুখত্বকে পড়ে না, চোখের চারপাশের তুলনামূলক পাতলা ত্বকও শুষ্ক হয়ে যেতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী হালকা হাইড্রেটিং আই ক্রিম ব্যবহার করা যেতে পারে। একইভাবে, ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া এবং ফেটে যাওয়া শীতের পরিচিত সমস্যা। তাই ঠোঁটের যত্নেও নিয়মিত ময়শ্চারাইজিং গুরুত্বপূর্ণ।
অনেকে মনে করেন, শীত বা মেঘলা দিনে সানস্ক্রিনের প্রয়োজন নেই। ধারণাটি ঠিক নয়। অতিবেগুনি রশ্মি সারা বছর থাকে। তাই শীতের স্কিন কেয়ার রুটিনেও সানস্ক্রিন রাখুন। বিশেষ করে দিনের বেলা বাইরে বের হলে ত্বক সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষিত রাখতে সানস্ক্রিন ব্যবহার করুন।
শীতের সময় স্কিন কেয়ার পণ্য বেছে নেওয়ার ক্ষেত্রে সেরামাইড, স্কুয়ালেন, গ্লিসারিন, হায়ালুরনিক অ্যাসিড, নিয়াসিনামাইড ও প্যানথেনলের মতো উপাদান খুঁজে দেখুন। এগুলোর কিছু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং কিছু ত্বকের প্রাকৃতিক প্রতিরোধী স্তরকে সুরক্ষা দিতে সহায়তা করে।
সূত্র: বুটস

খাবারের সঙ্গে মানুষের সম্পর্ক শুধু ক্ষুধা আর তৃপ্তির নয়; এর সঙ্গে মিশে থাকে শৈশবের স্মৃতি, পারিবারিক অভ্যাস, সংস্কৃতি আর নিজের শিকড়ের গল্প। কারও কাছে গরম ভাত হাতে মেখে খাওয়ার অনুভূতি ঘরের স্বাদ, আবার কারও কাছে হাত দিয়ে তুলে খাবার খাওয়াটাই অস্বাভাবিক। একই খাবার, একই ক্ষুধা তবু তাকে গ্রহণ করার রীতি...
১৭ মিনিট আগে
অতিথি এলে ঘরে যেন একটু উৎসবের আমেজ তৈরি হয়। তবে অতিথিকে স্বাগত জানানোর ধরন সব দেশে এক রকম নয়। কোথাও অতিথির জন্য করা হয় খাবারের বিশাল আয়োজন, কোথাও এক কাপ চা-ই হয়ে ওঠে আন্তরিকতার প্রতীক। আবার কোথাও অতিথিকে সম্মান জানাতে নির্দিষ্ট অভিবাদন বা কিছু শিষ্টাচার মেনে চলার রীতি রয়েছে।
৫ ঘণ্টা আগে
মিষ্টিজাতীয় খাবার বা ডেজার্টের কথা উঠলেই চোখের সামনে ভাসে চকলেট, ক্রিম, ক্যারামেল এবং নানা ধরনের কেক। কিন্তু ফলের মিষ্টতা, টক-মিষ্টি স্বাদ ও রংও যে একটি ডেজার্টকে আকর্ষণীয় করে তুলতে পারে, তার উদাহরণ ছড়িয়ে আছে বিশ্বের নানা দেশের রান্নায়। পরিচিত কলা, আম, আনারস, স্ট্রবেরি বা চেরি দিয়েই তৈরি করা যায়...
৭ ঘণ্টা আগে
শীত মানেই একটু উষ্ণতার খোঁজ। রান্না ও খাওয়ার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। গরম স্যুপ, খেজুর গুড়ের পায়েস, পিঠা কিংবা এক কাপ ধোঁয়া ওঠা চা শীতের আমেজ তৈরি করে দেয়। ফলে ঋতুবদলের সঙ্গে রান্নাঘরের উপকরণ ও কাজকর্মে আসে বেশ কিছু পরিবর্তন। একটু বেশি সময় ধরে রান্না করা, একসঙ্গে অনেকটা খাবার তৈরি করা কিংবা...
১ দিন আগে