Ajker Patrika

বাংলাদেশ জাতীয় দলে খেলতে চাই না, ক্রিকেটারের বিস্ফোরক মন্তব্য

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৯: ২২
বাংলাদেশ জাতীয় দলে খেলতে চাই না, ক্রিকেটারের বিস্ফোরক মন্তব্য
সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করলেন তাইবুর রহমান। ছবি: সংগৃহীত

প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০০ রান করেছেন তাইবুর রহমান। লাল বলের ক্রিকেটে করলেন আরও এক সেঞ্চুরি। কিন্তু জাতীয় দলের দরজা এখনো খুলতে পারেননি তিনি। বাংলাদেশ জাতীয় দলে খেলার আগ্রহই হারিয়ে ফেলেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।

মিরপুরের শেরেবাংলায় আজ রংপুরের বিপক্ষে ১০৮ রানের ইনিংস খেলে ঢাকাকে উদ্ধার করেছেন তাইবুর। জাতীয় দলে খেলতে কতটুকু আত্মবিশ্বাসী—সেঞ্চুরির পর সংবাদমাধ্যমকর্মীরা তাঁর কাছে জানতে চান। তখনই বিস্ফোরক মন্তব্য করে বসলেন তাইবুর। ৩৫ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘সরাসরি বলে দিচ্ছি, আমার জাতীয় দলে খেলার কোনো ইচ্ছাই নেই।’

ঘরোয়া ক্রিকেটে ভালো করে অনেকেই জায়গা করে নেন আন্তর্জাতিক ক্রিকেটে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৮ ম্যাচ খেলে অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন। যে ঘরোয়া ক্রিকেটকে জাতীয় দলে সুযোগ পাওয়ার সিঁড়ি মনে করা হয়, সেখানে ছন্দে থাকা তাইবুর স্বপ্ন দেখতেই পারেন জাতীয় দলে খেলার। কিন্তু আজ এই প্রশ্ন উঠতেই তাঁর প্রতিক্রিয়া একটু অন্যরকম দেখা গেল।

সংবাদমাধ্যমকর্মীদের লাইভ সরানোর অনুরোধও করেছেন তাইবুর। কেন জাতীয় দলে খেলার ইচ্ছে নেই—সাংবাদিকেরা জানতে চাইলেন তাঁর কাছে। ৩৫ বছর বয়সী ব্যাটার বলেন, ‘এসব বিতর্কিত উত্তর দিতে চাচ্ছি না এখন।’

তাইবুরের বয়স হয়ে গেছে ৩৫ বছর। এই বয়সে অনেকে ক্রিকেট থেকে অবসর নিয়ে কোচ-ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন। কিন্তু এখনো তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। জাতীয় দলে খেলার ব্যাপার ছেড়ে দিলেন নির্বাচকদের ওপর। সেঞ্চুরি করে সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই ইচ্ছা থাকে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার। তো আমার ইচ্ছে আছে। এখন বাদবাকিটা নির্বাচকদের ওপর।’

সরাসরি না বললেও জাতীয় দলে খেলতে না পারার যে আক্ষেপ রয়েছে, সেটা আজ তাইবুরের কথায় বোঝা গেছে। ৩৫ বছর বয়সী ব্যাটার বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকে ছিল। কিন্তু এখন এটা আর নেই। আমার হয়তো বোঝার ভুল ছিল। তো আমি এই আক্ষেপকে কাজে রূপান্তরের চেষ্টা করছি।’

রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৪ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে ঢাকা। সপ্তম উইকেটে সুমন-তাইবুরের ১৭২ রানের জুটিতে ঢাকা কাটিয়ে ওঠে বিপর্যয়। লিড নিতে না পারলেও ঢাকা ২৮৪ রান করেছে। ৫৬ রানের লিডসহ ৩ উইকেটে ৬২ রানে আজ তৃতীয় দিনের খেলা শেষ করে রংপুর।

আজকের সেঞ্চুরি নিয়ে তাইবুর অনেক খুশি। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদমাধ্যমকে বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমার ক্যারিয়ারে আজ প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৮তম ম্যাচ খেলেছি। দলের জন্য যখন যে দায়িত্ব আসে, ব্যাটার বা বোলার হিসেবে সেটা পালনের চেষ্টা করি। ফিফটি-সেঞ্চুরি যেটাই করি, এটা একটা ব্যক্তিগত অর্জন।’

২০১১ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৮ ম্যাচ খেলেছেন তাইবুর। ৩৪,৭১ গড়ে করেন ৫০৬৭ রান। ৮ সেঞ্চুরি ও ২৬ ফিফটি করেছেন। বোলিংয়ে নিয়েছেন ১১৩ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত