Ajker Patrika

অতিথি বরণে বিশ্বজুড়ে যত রীতিনীতি

ফিচার ডেস্ক  
অতিথি বরণে বিশ্বজুড়ে যত রীতিনীতি
পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে অতিথি বরণে আছে ভিন্ন ভিন্ন রীতি। প্রতীকী ছবি: পেক্সেলস

অতিথি এলে ঘরে যেন একটু উৎসবের আমেজ তৈরি হয়। তবে অতিথিকে স্বাগত জানানোর ধরন সব দেশে এক রকম নয়। কোথাও অতিথির জন্য করা হয় খাবারের বিশাল আয়োজন, কোথাও এক কাপ চা-ই হয়ে ওঠে আন্তরিকতার প্রতীক। আবার কোথাও অতিথিকে সম্মান জানাতে নির্দিষ্ট অভিবাদন বা কিছু শিষ্টাচার মেনে চলার রীতি রয়েছে। সংস্কৃতি, ধর্ম ও সামাজিক মূল্যবোধের সঙ্গে মিল রেখে পৃথিবীর বিভিন্ন দেশে গড়ে উঠেছে অতিথি আপ্যায়নের নিজস্ব রীতি।

পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে অতিথি বরণে আছে ভিন্ন ভিন্ন রীতি। প্রতীকী ছবি: পেক্সেলস
পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে অতিথি বরণে আছে ভিন্ন ভিন্ন রীতি। প্রতীকী ছবি: পেক্সেলস

ভারত: অতিথিই যেখানে দেবতা

ভারতীয় সংস্কৃতিতে অতিথিকে বিশেষ সম্মান দেওয়ার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। অতিথি দেব ভব; অর্থাৎ অতিথি দেবতার সমান—এই ধারণা ভারতীয় আতিথেয়তার অন্যতম ভিত্তি। বাড়িতে অতিথি এলে খাবার ও পানীয় দিয়ে আপ্যায়ন করা এবং খাবারের ভালো অংশ অতিথির জন্য তুলে রাখা অনেক পরিবারের প্রচলিত রীতি। কারও বাড়িতে গেলে ছোটখাটো উপহার নিয়ে যাওয়াকেও সৌজন্য হিসেবে দেখা হয়। অনেক বাড়িতে ঘরে প্রবেশের আগে জুতা খুলে রাখার রীতি রয়েছে।

জাপান: নীরব যত্নেই আন্তরিকতা

জাপানের আতিথেয়তার সঙ্গে জড়িয়ে আছে ওমোতেনাশি। এটি অতিথির প্রয়োজন আগে থেকে বুঝে নেওয়া এবং বিনিময়ে কিছু প্রত্যাশা না করে যত্ন নেওয়ার ধারণা। এখানে পরিচয়ের সময় নত হয়ে অভিবাদন জানানো প্রচলিত রীতি। ঘর বা নির্দিষ্ট কিছু রেস্তোরাঁয় প্রবেশের আগে জুতা খুলতে হয়। অতিথিকে উপহার দিলে দুই হাতে দেওয়া এবং গ্রহণ করাও সম্মানের প্রতীক।

মধ্যপ্রাচ্য: খেজুর-কফিতে উষ্ণ অভ্যর্থনা

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অতিথি আপ্যায়ন ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে গভীরভাবে যুক্ত। অতিথিকে আন্তরিকভাবে স্বাগত জানানোর পাশাপাশি পরিবেশন করা হয় আরবি কফি ও খেজুর। বাড়িতে প্রবেশের আগে জুতা খুলে রাখার রীতিও প্রচলিত। কেউ খাবার বা পানীয় দিলে অন্তত অল্প পরিমাণ গ্রহণ করাকে সাধারণত সৌজন্য হিসেবে বিবেচনা করা হয়।

পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে অতিথি বরণে আছে ভিন্ন ভিন্ন রীতি। প্রতীকী ছবি: পেক্সেলস
পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে অতিথি বরণে আছে ভিন্ন ভিন্ন রীতি। প্রতীকী ছবি: পেক্সেলস

ফ্রান্স: সৌজন্যে পরিমিতি

ফরাসি আতিথেয়তায় রয়েছে একধরনের পরিশীলিত ও আনুষ্ঠানিক সৌজন্য। কারও বাড়িতে গেলে সময়মতো পৌঁছানো গুরুত্বপূর্ণ, তবে নির্ধারিত সময়ের অনেক আগেই হাজির হওয়া শোভন নয়। অতিথি হিসেবে গেলে ফুল বা উপহার নিয়ে যাওয়ার চল রয়েছে দেশটিতে। সাক্ষাতের সময় পরিস্থিতি অনুযায়ী বঁজুর বা বঁসোয়া বলে অভিবাদন জানানোও সৌজন্যের অংশ। বাড়িতে ঘুরে দেখার আগ্রহ থাকলেও আয়োজক নিজে প্রস্তাব না দিলে তা চাওয়া সাধারণত ঠিক নয়।

যুক্তরাষ্ট্র: স্বচ্ছন্দ ও বন্ধুত্বপূর্ণ

যুক্তরাষ্ট্রের অতিথি আপ্যায়নে আনুষ্ঠানিকতার চেয়ে স্বাচ্ছন্দ্য ও বন্ধুত্বপূর্ণ পরিবেশকে বেশি গুরুত্ব দেওয়া হয়। অতিথিকে প্রায়ই বলা হয় ‘নিজের বাড়ির মতো স্বচ্ছন্দ থাকুন।’ কারও বাড়িতে নিমন্ত্রণ পেলে ওয়াইন, মিষ্টান্ন বা ছোট কোনো উপহার নিয়ে যাওয়াকে সে দেশে সৌজন্য হিসেবে দেখা হয়। হালকা আলাপ, রসিকতা ও স্বাভাবিক পরিবেশ সেখানে আতিথেয়তার গুরুত্বপূর্ণ অংশ। রেস্তোরাঁ ও হোটেলসেবার ক্ষেত্রে বকশিশ দেওয়ার সংস্কৃতিও প্রচলিত রয়েছে।

দেশ বদলালে বদলে যায় অতিথি আপ্যায়নের ভাষা। কোথাও এক কাপ কফি, কোথাও এক মুঠো খেজুর আবার কোথাও বিশাল খাবারের আয়োজন—সবকিছুর মধ্যেই আসলে প্রকাশ পায় অতিথির প্রতি সম্মান ও আন্তরিকতা।

সূত্র: কেদার্ক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত