
বর্ষার আগমন আমাদের জীবনে স্বস্তি নিয়ে এলেও, বাড়ির পোষা প্রাণীদের জন্য এই আবহাওয়া নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে পড়ে। বৃষ্টি ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় বিশেষ করে পোষা কুকুরের ত্বক ও পেটের সমস্যা বৃদ্ধি পায়। এ ছাড়া অনবরত বৃষ্টি, বজ্রপাত এবং আর্দ্র পরিবেশের কারণে ওদের স্বাভাবিক আচার-আচরণেও বিভিন্ন পরিবর্তন দেখা দেয়। তাই বর্ষার এই দিনগুলোতে আপনার প্রিয় পোষা প্রাণীটিকে নিরাপদ ও সুস্থ রাখতে বিশেষ যত্ন নেওয়া খুব প্রয়োজন। যথাযথ পরিচ্ছন্নতা, সঠিক খাদ্য ও যত্নের সমন্বয়ে বর্ষার দিনগুলোতে আপনার প্রিয় পোষ্য থাকবে সুরক্ষিত।
বর্ষাকালে পোষা কুকুরের পেটের সমস্যা খুবই সাধারণ ঘটনা। তাই এই সময়ে তাদের খাবার হওয়া উচিত হালকা, কিন্তু পুষ্টিকর। অনেক সময় পোষা প্রাণী পানি পান করতে অলসতা করে, যার ফলে পানিশূন্যতা দেখা দিতে পারে। এ সময় তাকে ফুটিয়ে ঠান্ডা করা পরিষ্কার পানি দিন। পাশাপাশি ব্যাকটেরিয়ার সংক্রমণ এড়াতে খাবারের পাত্র নিয়মিত ধুয়ে পরিষ্কার রাখুন। বর্ষায় একটু উষ্ণ ও সহজে হজমযোগ্য খাবার বেশ আরামদায়ক হয়।
বর্ষায় কুকুরকে বাইরে হাঁটাতে নিয়ে যাওয়া বেশ ঝামেলার হতে পারে। তবে কিছু পূর্বপ্রস্তুতি থাকলে এই সমস্যা সহজে সামলানো যায়। হঠাৎ বৃষ্টি থেকে বাঁচাতে কুকুরকে ওয়াটারপ্রুফ রেইনকোট পরিয়ে বের করা ভালো। রাস্তায় জমে থাকা নোংরা পানিতে ক্ষতিকর জীবাণু থাকতে পারে, যা থেকে মারাত্মক সংক্রামক রোগ ছড়ায়। তাই বাইরে থেকে ফেরার পর অবশ্যই তার পা ধুয়ে-মুছে পরিষ্কার করে দেবেন। তা ছাড়া এই মৌসুমে উকুন বা মাইটসের উপদ্রব বাড়ে বলে ভেজা ঘাস বা ঝোপঝাড় এড়িয়ে চলাই ভালো।
বর্ষাকালে হয়তো প্রতিদিন বাইরে গিয়ে লম্বা সময় হাঁটা বা দৌড়ানো সম্ভব হয় না। এই সময়ে ঘরের ভেতর তাদের ব্যস্ত রাখতে নানা ধরনের খেলনা ব্যবহার করতে পারেন। এ ছাড়া ঘরের বিভিন্ন স্থানে খাবার লুকিয়ে রেখে ‘ট্রেজার হান্ট’ খেলাও বেশ আনন্দদায়ক হয়ে উঠতে পারে।

বর্ষার দিনে স্যাঁতসেঁতে মেঝের কারণে পোষা প্রাণীর জয়েন্টের ব্যথা বাড়তে পারে। তাই তাকে ঠান্ডা মেঝেতে শুতে না দিয়ে একটি শুকনো ম্যাট বা বিছানা পেতে দিন এবং রাতে পাতলা কাপড় দিয়ে গা ঢেকে দিতে পারেন। অন্যদিকে, অনেক কুকুরই মেঘের গর্জন ও বজ্রপাতের বিকট শব্দে ভীষণ ভয় পায়। বজ্রপাতের সময় তাই ঘরের সব জানালা বন্ধ রাখুন, যাতে শব্দ কম ভেতরে আসে। এ সময় পোষা প্রাণীটিকে একা না রেখে নিজের কাছাকাছি রাখুন এবং শান্ত করার চেষ্টা করুন।

নিজের পোষা প্রাণীর বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি আমাদের চারপাশের পথপ্রাণী বা আশ্রয়হীন কুকুর-বিড়ালগুলোর প্রতিও কিছুটা সহমর্মিতা দেখানো প্রয়োজন। বৃষ্টির দিনে আপনার বাড়ির বারান্দা, সিঁড়ির নিচে বা গ্যারেজের এক কোণে তাদের জন্য সামান্য একটু জায়গা দিলে তারা অবিরাম ভিজে যাওয়া ও অসুখ থেকে বেঁচে যায়। এ ছাড়া ঘরের বাইরে একটি বাটিতে পরিষ্কার পানি কিংবা কিছুটা অবশিষ্ট খাবার দিলে এই ঋতুতে প্রাণীগুলোর বেঁচে থাকার কষ্ট অনেকটাই লাঘব হয়।
সূত্র: হেডস আপ ফর টেইলস

গত ৩১ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মার্ভেল ভক্তদের বহুল প্রতিক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর সেই জাদুকরি স্মৃতিলোপের পর এবার পিটার পার্কারের জীবনে এসেছে বড় পরিবর্তনের হাওয়া। প্রিয়তমা এমজে-কে হারানোর বেদনা, আন্ট মের শূন্যতা...
২৩ মিনিট আগে
বর্ষার দিনে বিছানায় যেন সেই কড়কড়ে সতেজভাবটা থাকে না। কেমন নেতিয়ে পড়া স্যাঁতসেঁতে বা ভেজাভাব থেকে যায়। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে বিছানা, চাদর ও বালিশে এক ধরনের ঠান্ডা ও আঠালোভাব তৈরি হয়। এর ফলে যেমন ঘুমাতে কষ্ট হয়, স্যাঁতসেঁতে গন্ধ হয়; তেমনি ত্বকের রোগ এবং শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে।
৩ ঘণ্টা আগে
সৌন্দর্যচর্চার জগৎ এখন কেবল বাহ্যিক রূপ সুন্দর করার মধ্যেই সীমাবদ্ধ নেই। বর্তমানে সৌন্দর্যপণ্য়ের কদর করা হচ্ছে তা ত্বকে কেমন অনুভূতি জোগাচ্ছে এবং কতটা আরাম দিচ্ছে তার ওপর বিচার করে। ২০২৬ সালের বৈশ্বিক বিউটি ট্রেন্ড পর্যালোচনা করলে দেখা যায়,
৫ ঘণ্টা আগে
ফ্রিজ খুললেই মেজাজটা খারাপ হয়ে যায়? কাচ, সিরামিক, মেলামিন, স্টিলের বাটিভর্তি খাবার আর ফ্রিজের দরজায় একেক গড়নের বোতল রাখা। প্রায় রোজই ভাবেন, ফ্রিজটা নতুন করে সাজাবেন, গোছাবেন। কিন্তু সেটা হয়ে উঠছে না। তাহলে এই ফিচার আপনার জন্যই।
১ দিন আগে