পূজায় মণ্ডপে ঘুরতে পায়ের যত্ন নিন

দুর্গাপূজা শুরু হয়ে গেছে। কেনাকাটা আর বিভিন্ন আয়োজন করতে করতে পায়ের যত্নের কথা ভুলে গেছেন? পূজার দিনগুলোতে নতুন পোশাক পরে আর সাজগোজ করে মণ্ডপ থেকে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখার আনন্দই আলাদা। ফলে সব ধকল যায় পায়ের ওপর দিয়েই। ঘণ্টার পর ঘণ্টা সারিতে দাঁড়িয়ে থাকা আর মাইলের পর মাইল হাঁটার কারণে উৎসবের মাঝেই পায়ে ফোসকা পড়া বা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে, যা পূজার আনন্দ মাটি করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই পূজা শুরুর আগে থেকে পায়ের বিশেষ যত্ন নেওয়া জরুরি। অন্যান্য সমস্যার কথা যদি না-ও বলি, তবু আলতায় রাঙানোর জন্য হলেও তো পায়ের যত্ন নেওয়া শুরু করতে হবে।
যেভাবে পায়ের যত্ন নেওয়া যেতে পারে
নিয়মিত স্ক্র্যাবিং ও এক্সফোলিয়েশন
সারা দিন ধুলোবালি ও মরা চামড়া জমে পায়ের গোড়ালি শক্ত হয়ে যায়। এটি নরম ও কোমল করতে কুসুম গরম পানিতে সামান্য লবণ ও শ্যাম্পু মিশিয়ে পা ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর একটি ঝামা বা ফুট স্ক্রাবার দিয়ে হালকা হাতে পায়ের পাতা ও গোড়ালি ঘষে মরা চামড়া পরিষ্কার করে নিন। এতে পায়ের ত্বক নরম ও মসৃণ থাকবে।

ময়শ্চারাইজেশন জরুরি
পায়ের ত্বক শুষ্ক হয়ে গেলে গোড়ালি ফাটার প্রবণতা বাড়ে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে পা ভালো করে ধুয়ে মুছে নিন। এরপর একটি ভালো মানের ফুট ক্রিম, পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল পায়ে ম্যাসাজ করুন। বিশেষ করে গোড়ালির অংশে একটু বেশি ময়শ্চারাইজার দিন। রাতে মোজা পরে ঘুমালে ময়শ্চার লক হয়ে পা দ্রুত নরম হয়।
জুত নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা
পূজার ঠিক আগে নতুন জুতা কিনে সরাসরি মণ্ডপে ঘুরতে বের হওয়া একদম উচিত নয়। নতুন জুতা অনেক সময় পায়ে ফোসকা বা ব্যথার কারণ হয়। তাই এখন থেকে নতুন জুতাজোড়া বাড়িতে মাঝে মাঝে পরে সামান্য হাঁটাচলা করুন, যাতে সেটি পায়ের সঙ্গে মানিয়ে যায়। এ ছাড়া পূজায় ঘোরার জন্য হিল জুতা এড়িয়ে আরামদায়ক স্নিকার্স, ফ্ল্যাট বা কুশনযুক্ত জুতা বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
পায়ের নখের সঠিক যত্ন
পায়ের নখ অতিরিক্ত বড় থাকলে জুতা পরার পর আঙুলে চাপ লেগে ব্যথা হতে পারে বা নখ উল্টে যেতে পারে। তাই পূজার আগেই নখগুলো সঠিক আকারে কেটে নিন। নখের কোনাগুলো বেশি গভীর করে কাটবেন না, তাতে নখ দেবে ঝুঁকি বেড়ে যাবে।
রক্তসঞ্চালন বাড়াতে নিয়মিত ম্যাসাজ করুন
দিনের ক্লান্তি দূর করতে এবং পায়ে রক্তসঞ্চালন ঠিক রাখতে হালকা গরম তেল দিয়ে পা ম্যাসাজ করতে পারেন। আমন্ড, অলিভ বা নারকেল—যেকোনো তেলই ব্যবহার করতে পারেন। এটি পায়ের পেশি শিথিল করে এবং দীর্ঘক্ষণ হাঁটার শক্তি জোগায়।

জেনে রাখা ভালো
পূজার দিনগুলোতে যখন মণ্ডপে ঘুরবেন, তখনো কিছু ছোটখাটো বিষয় বিবেচনায় রাখতে হবে। যেমন বেশি সময় খালি পায়ে থাকা এড়িয়ে চলা, মণ্ডপ থেকে ফিরে পা ভালো করে ধুয়ে নেওয়া এবং ফোসকা পড়ার আশঙ্কা থাকলে আগে থেকে সেই স্থানে ব্যান্ড-এইড লাগিয়ে নেওয়া।
এখন থেকে এই ছোট ছোট অভ্যাস গড়ে তুললে পূজার দিনগুলোতে পা থাকবে একদম সতেজ আর আপনিও কোনো ক্লান্তি ছাড়াই উপভোগ করতে পারবেন উৎসবের প্রতিটি মুহূর্ত।
সূত্র: হেলথশটস ও অন্যান্য











