Ajker Patrika

ইফতারে রাখতে পারেন ঐতিহ্যবাহী পানীয় সোবিয়া

ফিচার ডেস্ক, ঢাকা 
ইফতারে রাখতে পারেন ঐতিহ্যবাহী পানীয় সোবিয়া
সৌদি আরব ও মিসরে ইফতারের টেবিলের অবিচ্ছেদ্য অংশ সোবিয়া। ছবি: সংগৃহীত

চৈত্র মাস শুরু হয়ে গেছে। এই তপ্ত দিনে রোজা রাখার পর এক গ্লাস ঠান্ডা ও সতেজ পানীয়ের কোনো বিকল্প নেই। সৌদি আরব ও মিসরে ইফতারের টেবিলের অবিচ্ছেদ্য পানীয় সোবিয়া। সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই পানীয় শুধু তৃষ্ণা মেটায় না, এর সঙ্গে মিশে আছে কয়েক শ বছরের ইতিহাস। সৌদি আরবের রাস্তায় রমজান মাসে প্লাস্টিক বোতলে বা প্যাকেটে রঙিন সোবিয়া বিক্রি হতে দেখা যায়। তবে ঘরে তৈরি খাঁটি রেসিপিতে তৈরি সোবিয়া স্বাদ ও স্বাস্থ্যের দিক থেকে অনেক বেশি উন্নত।

সোবিয়ার ঐতিহাসিক পথচলা

সোবিয়া মূলত হিজাজ অঞ্চলের (মক্কা ও মদিনা) একটি ঐতিহ্যবাহী পানীয়। ধারণা করা হয়, কয়েক শ বছর আগে মিসরের হজযাত্রীদের কাফেলার মাধ্যমে এই পানীয় আরবে প্রবেশ করে। সময়ের সঙ্গে সঙ্গে এটি হিজাজি পরিবারগুলোর প্রিয় পানীয়তে পরিণত হয়। তবে সৌদি আরবের সোবিয়া এবং মিসরের সোবিয়ার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আরবে এটি বার্লি বা যব এবং রুটির গুঁড়া দিয়ে তৈরি করে গাঁজন প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়। অন্যদিকে, মিসরে এটি তৈরি করা হয় চাল ও নারকেলের দুধ দিয়ে। এটি খেতে অনেকটা ডেজার্টের মতো ক্রিমি ও সুস্বাদু। বর্তমানে মিসরের এই চাল ও নারকেলের দুধের সোবিয়াই বিশ্বজুড়ে বেশি সমাদৃত। মিসরীয় সংস্কৃতিতে সোবিয়াকে শুধু একটি পানীয় বললে ভুল হবে, এটি মূলত একটি উৎসবের পানীয়। যদিও সারা বছর বিভিন্ন মুদি দোকানে এটি পাওয়া যায়। তবে রমজান মাসে এর জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে ওঠে।

মিসরীয় ঘরানার সোবিয়া রেসিপি

৬ জনের উপযোগী করে সঠিক মাপে সোবিয়া তৈরির প্রণালি—

উপকরণ

চাল আধা কাপ, পানি ২ কাপ, ঠান্ডা তরল দুধ ৩ কাপ, নারকেলের দুধ ২ কাপ, চিনি আধা কাপ, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, বরফ কুঁচি প্রয়োজনমতো।

প্রস্তুত প্রণালি

প্রথমে চাল ঠান্ডা পানিতে ধুয়ে ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর একটি হাঁড়িতে ২ কাপ পানি দিয়ে ভেজানো চাল মৃদু আঁচে প্রায় ৩০ মিনিট সেদ্ধ করুন। মাঝে মাঝে নাড়ুন যতক্ষণ না চাল পানি পুরোপুরি শুষে নিয়ে একদম নরম হয়ে যায়। সেদ্ধ চাল চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হতে দিন। চাল ঠান্ডা হয়ে গেলে তাতে ঠান্ডা তরল দুধ যোগ করুন। এবার এতে নারকেলের দুধ, ভ্যানিলা এসেন্স এবং চিনি মেশান। মিশ্রণটি একটি ব্লেন্ডারে নিয়ে একদম মসৃণ হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ব্লেন্ড করুন। পরিবেশনের আগে একটি পাতলা পরিষ্কার কাপড় বা ছাঁকনি দিয়ে মিশ্রণটি ছেঁকে নিন, যাতে কোনো দানা না থাকে। গ্লাসে প্রচুর বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন প্রশান্তিদায়ক সোবিয়া।

আপনি যদি আরও পাতলা সোবিয়া পছন্দ করেন, তবে চাল সেদ্ধ না করে গ্রাইন্ডারে মিহি গুঁড়া করে পানিতে কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে তারপর অন্যান্য উপকরণের সঙ্গে মিশিয়ে ব্লেন্ড করতে পারেন।

সূত্র: আরব নিউজ, ১৯৬ ফ্লেবার্স

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত