
ব্যস্ত জীবনে ঝটপট ক্ষুধা মেটাতে ইনস্ট্যান্ট নুডলসের জুড়ি নেই। অল্প খরচে এবং খুবই দ্রুত বানানো যায় বলে শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী—সবারই পছন্দের শীর্ষে থাকে এই খাবার। তবে স্বাদ ও সুবিধার আড়ালে এই জিনিস আমাদের শরীরে কী প্রভাব ফেলছে, তা নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আছে নানান মতামত। মাঝেমধ্যে মুখরোচক খাবার হিসেবে ইনস্ট্যান্ট নুডলস মন্দ নয়, তবে একে নিয়মিত প্রধান খাবার হিসেবে খাওয়া স্বাস্থ্যের জন্য হুমকি। একমাত্র সচেতনতাই পারে আমাদের দীর্ঘমেয়াদি রোগ থেকে রক্ষা করতে।
পুষ্টির বিচারে ইনস্ট্যান্ট নুডলস
ইনস্ট্যান্ট নুডলসে মূলত কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি থাকে। এতে কিছু পরিমাণ চর্বি এবং প্রোটিন থাকলেও আঁশ, ভিটামিন এ, সি, বি১২, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় উপাদানের ব্যাপক ঘাটতি রয়েছে। যদিও অনেক প্রতিষ্ঠান বর্তমানে নুডলসে আয়রন বা বি ভিটামিন যোগ করার দাবি করে। কিন্তু তবুও এটি ভারসাম্যপূর্ণ কোনো খাবারের বিকল্প নয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ইনস্ট্যান্ট নুডলস খায়, তাদের শরীরে প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের অভাব দেখা দেওয়ার ঝুঁকি বেশি থাকে। এ ছাড়া এর আরও বিভিন্ন সমস্যা আছে।
সোডিয়ামের আধিক্য

ইনস্ট্যান্ট নুডলসের বড় উদ্বেগের জায়গা হলো এতে থাকা অতিরিক্ত সোডিয়াম। নুডলসের ভেতরে থাকা মসলার প্যাকেটে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। উচ্চ সোডিয়ামযুক্ত খাবার সরাসরি উচ্চ রক্তচাপের জন্য দায়ী, যা থেকে পরবর্তী সময়ে হৃদ্রোগ ও কিডনির সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে ২ গ্রামের বেশি সোডিয়াম গ্রহণ করা উচিত নয়। অথচ ইনস্ট্যান্ট নুডলসের মাত্র এক প্যাকেট থেকে দিনের প্রয়োজনীয় সোডিয়ামের সিংহভাগ চলে আসতে পারে। এ ছাড়া অনেক সময় নুডলস দীর্ঘস্থায়ী করতে টিবিএইচকিউ নামক প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য নেতিবাচক হতে পারে।
এমএসজি বিতর্ক
ইনস্ট্যান্ট নুডলসের স্বাদ বাড়াতে এতে প্রায়ই মনোসোডিয়াম গ্লুটামেট বা এমএসজি যুক্ত করা হয়। যদিও অনেক দেশে এটি নিরাপদ হিসেবে স্বীকৃত। কিন্তু অনেকের ক্ষেত্রে এটি খেলে মাথাব্যথা, বমি বমি ভাব, পেশিতে টান ধরা বা প্রচণ্ড ঘামের মতো সমস্যা দেখা দিতে পারে। কিছু গবেষণায় অতিরিক্ত এমএসজি সেবনের সঙ্গে ওজন বেড়ে যাওয়া এবং রক্তচাপ বাড়ার যোগসূত্র পাওয়া গেছে।
বিপাকীয় সমস্যা বা মেটাবলিক সিনড্রোম
দক্ষিণ কোরিয়ায় পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে অন্তত দুবার বা তার বেশি ইনস্ট্যান্ট নুডলস খায়, তাদের মেটাবলিক সিনড্রোম হওয়ার ঝুঁকি অনেক বেশি। নারীদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। মেটাবলিক সিনড্রোমের ফলে পেটে অতিরিক্ত চর্বি জমা, উচ্চ রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়, যা ডায়াবেটিস ও হৃদ্রোগের অন্যতম কারণ।
ওজন নিয়ন্ত্রণ ও আঁশের ঘাটতি
ইনস্ট্যান্ট নুডলসে আঁশের পরিমাণ থাকে না বললেই চলে। আঁশ আমাদের পেট দীর্ঘক্ষণ ভরে রাখতে সাহায্য করে। আঁশ কম হওয়ায় ইনস্ট্যান্ট নুডলস খাওয়ার কিছুক্ষণ পরেই আবার ক্ষুধা লেগে যায়, যা মানুষকে অতিরিক্ত খাবার গ্রহণে বাধ্য করে। ফলে দীর্ঘ মেয়াদে এটি স্থূলতা বা অতিরিক্ত ওজনের কারণ হয়ে দাঁড়ায়। এ ছাড়া ময়দা দিয়ে তৈরি হওয়ায় এটি দ্রুত হজম হয়ে রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দিতে পারে।
স্বাস্থ্যসম্মত উপায়ে ইনস্ট্যান্ট নুডলস খাওয়ার টিপস
নুডলস যদি খেতেই হয়, তবে এটিকে একটু পুষ্টিকরভাবে খাওয়ার চেষ্টা করুন।
শাকসবজি যোগ করুন: নুডলসে গাজর, মটরশুঁটি, পালংশাক বা ব্রকলি মিশিয়ে আঁশের পরিমাণ বাড়ান।
প্রোটিন মিশিয়ে নিন: একটি সেদ্ধ ডিম, মুরগির মাংস বা টফু যোগ করলে এটি একটি পূর্ণাঙ্গ খাবারে পরিণত হবে।
মসলা কম ব্যবহার করুন: প্যাকেটের মসলা পুরোটা ব্যবহার না করে অর্ধেক ব্যবহার করার চেষ্টা করুন, এতে সোডিয়ামের মাত্রা কম থাকবে।
সূত্র: হেলথলাইন ও অন্যান্য

স্পেনের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে পায়েলা অন্যতম। চাল, মাংস ও সবজি দিয়ে তৈরি এই এক পাত্রের খাবারটি দেখতে কিছুটা আমাদের পোলাওয়ের মতো হলেও রান্নার ধরন ও স্বাদে কিছুটা ভিন্নতা রয়েছে। মূলত চিকেন পায়েলা ঝামেলাবিহীন খাবার। এর একই প্যানে থাকে ভাত, সবজি ও প্রোটিনের সংমিশ্রণ। বাসমতী চাল ২ কাপ, চিকেন ৩০০...
২ ঘণ্টা আগে
স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। ফলে ত্বক স্বাভাবিকভাবেই চিটচিটে ও তৈলাক্ত হয়ে পড়ে। এমন আবহাওয়ায় অনেকেই মনে করেন, বাতাসে এত জলীয় বাষ্প থাকার ফলে ত্বক বুঝি পর্যাপ্ত হাইড্রেশন বা আর্দ্রতা পাচ্ছে।
৭ ঘণ্টা আগে
বিদেশি খাবারের স্বাদ নিতে সব সময় বিদেশি উপকরণের প্রয়োজন হয় না। আমাদের রান্নাঘরের থাকা চাল, ডাল, পাস্তা আর ছোলা দিয়ে তৈরি করা যায় মিসরের জনপ্রিয় খাবার কোশারি। দেশটির জনপ্রিয় এই পদটিতে একসঙ্গে মেলে দেশীয় ভাত-ডালের পরিচিত স্বাদ, পাস্তার ভিন্নতা আর মসলাদার টমেটো সসের স্বাদ।
৯ ঘণ্টা আগে
ঘাম হওয়া শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। তাপমাত্রা বেড়ে গেলে ঘামের মাধ্যমে শরীর নিজেকে ঠান্ডা রাখে। তাই ঘাম পুরোপুরি বন্ধ করার চেষ্টা না করে অতিরিক্ত ঘাম থেকে তৈরি হওয়া অস্বস্তি কমানোর দিকে নজর দেওয়া উচিত। দৈনন্দিন জীবনে কিছু সহজ অভ্যাস মেনে চললে শরৎকালের অতিরিক্ত ঘাম অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব...
১ দিন আগে