Ajker Patrika

বাড়িতেই তৈরি করুন পছন্দের লিপ টিন্ট

ফিচার ডেস্ক
বাড়িতেই তৈরি করুন পছন্দের লিপ টিন্ট
রঙিন ফল ও সবজি দিয়ে বাড়িতেই প্রাকৃতিক লিপ টিন্ট তৈরি করে নেওয়া যেতে পারে। ছবি: পেক্সেলস

যতই ন্য়ুড শেডের লিপস্টিক ব্যবহার করুন, বোঝা যাবেই যে ঠোঁটে লিপস্টিক ছুঁইয়েছেন। যাঁরা ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করতে চান না, তবে চেহারায় একটা তরতাজা ভাব আনতে চান, তাঁদের কাছে লিপ টিন্ট খুব জনপ্রিয় হয়ে উঠেছে।

লিপ টিন্ট ব্যবহারের ঠোঁটে বাড়তি কোনো আস্তরণের ছাপ থাকে না, পাশাপাশি ঠোঁটে হালকা গোলাপি আভার কারণে পুরো চেহারায় সতেজভাব ফুটে ওঠে। তবে নামীদামি ব্র্যান্ডের টিন্টগুলোতে প্রায়ই প্যারাবেন, কৃত্রিম সুগন্ধি এবং সিসার মতো ক্ষতিকারক রাসায়নিক থাকে, যা দীর্ঘ মেয়াদে ঠোঁটকে কালো ও শুষ্ক করে তুলতে পারে। রাসায়নিক লিপ টিন্টের ব্যবহার কমিয়ে আনতে বাড়িতেই কিন্তু প্রাকৃতিক লিপ টিন্ট তৈরি করে নেওয়া যেতে পারে। রঙিন ফল ও সবজি ব্যবহার করে কী করে লিপ টিন্ট তৈরি করবেন, তা জেনে নিতে পারেন এখান থেকে–

বিটরুটের লিপ টিন্ট

গাঢ় এবং দীর্ঘস্থায়ী গোলাপি আভার জন্য বিটরুট দিয়ে লিপ টিন্ট তৈরি করা যায়। এতে ঠোঁট রঙিনও হবে, আবার বিটরুটের মধ্য়কার অ্যান্টি-অক্সিডেন্ট ঠোঁটের কালোভাব দূর করতেও সাহায্য করবে। ১ চা-চামচ বিটরুট পাউডার বা ১ চা-চামচ ঘন বিটের রস, ১ চা-চামচ খাঁটি অ্যালোভেরা জেল ও ৩-৪ ফোঁটা আমন্ড অয়েল ভালোভাবে মেশাতে হবে। মিশ্রণটি মসৃণ জেলির মতো হলে একটি ছোট পরিষ্কার এয়ার টাইট কৌটোয় ঢেলে ফ্রিজে রেখে দিন।

স্ট্রবেরি লিপ টিন্ট

যাঁদের ঠোঁট সহজে ফেটে যায় বা শুষ্ক হয়ে পড়ে, তাঁদের জন্য এই ময়শ্চারাইজিং লিপ টিন্টটি দারুণ কার্যকরী। ১টি পাকা স্ট্রবেরি, আধা চামচ পেট্রোলিয়াম জেলি ও ১টি ভিটামিন-ই ক্যাপসুল দিয়েই সহজেই এই লিপ টিন্ট তৈরি করে নেওয়া যাবে। স্ট্রবেরিটি ভালো করে ম্যাশ করে একটি পাতলা কাপড়ে ছেঁকে খাঁটি রসটুকু বের করে নিন। এবার হালকা আঁচে পেট্রোলিয়াম জেলি গলিয়ে নিন। গলানো পেট্রোলিয়াম জেলির সঙ্গে স্ট্রবেরির রস এবং ভিটামিন-ই ক্যাপসুলের ভেতরের তরলটি মিশিয়ে দ্রুত নাড়তে থাকুন। মিশ্রণটি ঠান্ডা হলে জমে গিয়ে চমৎকার লিপবাম টিন্ট তৈরি হয়ে যাবে।

আঙুলের ব্যাকটেরিয়া থেকে টিন্টকে রক্ষা করতে সব সময় একটি পরিষ্কার লিপ ব্রাশ ব্যবহার করুন। ছবি: পেক্সেলস
আঙুলের ব্যাকটেরিয়া থেকে টিন্টকে রক্ষা করতে সব সময় একটি পরিষ্কার লিপ ব্রাশ ব্যবহার করুন। ছবি: পেক্সেলস

গ্লিসারিন ও ফুডকালার দিয়ে তৈরি লিপ টিন্ট

হাতে সময় কম থাকলে রান্নায় ব্যবহৃত ফুড কালার দিয়ে মাত্র দুই মিনিটে এই টিন্ট তৈরি করা যায়। অ্যালোভেরা জেলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে নিন। এবার এক ফোঁটা এক ফোঁটা করে ফুড কালার মিশিয়ে আপনার পছন্দসই রঙের শেডটি নিয়ে আসুন। ব্যস, তৈরি আপনার ইনস্ট্যান্ট গ্লো টিন্ট!

প্রাকৃতিক উপায়ে তৈরি লিপ টিন্ট দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

  • যেহেতু ঘরে তৈরি টিন্টে কোনো কৃত্রিম প্রিজারভেটিভ থাকে না, তাই এটি সংরক্ষণে কিছু নিয়ম মেনে চলা জরুরি।
  • ব্যবহারের পর প্রতিবার টিন্টের কৌটোটি ফ্রিজে সংরক্ষণ করুন। এতে এটি দুই-তিন সপ্তাহ পর্যন্ত একদম তাজা থাকবে।
  • আঙুলের ব্যাকটেরিয়া থেকে টিন্টকে রক্ষা করতে সব সময় একটি পরিষ্কার লিপ ব্রাশ বা কটন বাড ব্যবহার করে টিন্ট ঠোঁটে লাগান।
  • প্রতিটি রেসিপিতে একটি ভিটামিন-ই ক্যাপসুল যোগ করলে তা কেবল ঠোঁটের পুষ্টিই বাড়ায় না, বরং একটি প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে টিন্টকে সহজে নষ্ট হতে দেয় না।

ব্যবহারের সঠিক নিয়ম

ঘরে তৈরি এই টিন্টের সেরা ফল পেতে প্রথমে ঠোঁট চিনি এবং মধুর মিশ্রণ দিয়ে হালকা স্ক্র্যাব করে নিন। এতে ঠোঁটের মরা চামড়া উঠে যাবে। এরপর সামান্য টিন্ট নিয়ে ঠোঁটের ঠিক মাঝখানে লাগিয়ে আঙুল দিয়ে হালকা চেপে চারদিকে ছড়িয়ে দিন। ব্যস, কৃত্রিম মেকআপের ছোঁয়া ছাড়াই আপনি পেয়ে যাবেন এক চমৎকার, সতেজ এবং প্রাকৃতিক লুক!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত