
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশ্বের অধিকাংশ মুসলিম দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ খোঁজা হবে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ওই দিন আরব ও ইসলামি বিশ্বের কোথাও খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখা যাওয়া বৈজ্ঞানিকভাবে অসম্ভব। ফলে অধিকাংশ দেশে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের (আইএসি) তথ্য অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের সময় চাঁদের অবস্থান এমন থাকবে যে তা দৃশ্যমান হওয়ার জন্য প্রয়োজনীয় দূরত্ব বা কৌণিক অবস্থান তৈরি করবে না। ইবনে তারিক, ফদারহ্যাম এবং ওদেহর মতো জ্যোতির্বিজ্ঞানীদের মানদণ্ড বিশ্লেষণ করে দেখানো হয়েছে, এদিন সন্ধ্যায় আরব বিশ্বের আকাশে চাঁদ দেখার কোনো সুযোগ নেই।
জ্যোতির্বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, ১৭ ফেব্রুয়ারি ইসলামি বিশ্বের পূর্বদিকের দেশগুলোতে চাঁদ সূর্যাস্তের আগেই ডুবে যাবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সূর্য ও চাঁদ প্রায় একই সঙ্গে অস্ত যাবে। অন্যদিকে পশ্চিমের দেশগুলোতে চাঁদ সূর্যাস্তের মাত্র কয়েক মিনিট পর অস্ত যাবে, যা একটি দৃশ্যমান বাঁকা চাঁদ তৈরির জন্য পর্যাপ্ত সময় নয়।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, ১৭ তারিখে ইন্দোনেশিয়ার জাকার্তায় চাঁদ সূর্যাস্তের ৬ মিনিট আগে ডুবে যাবে; সংযুক্ত আরব আমিরাতে সূর্যাস্তের ১ মিনিট আগে চাঁদ অস্ত যাবে; রিয়াদে সূর্যাস্তের ৪২ সেকেন্ড আগেই চাঁদের নিচের অংশ দিগন্তের নিচে চলে যাবে এবং কায়রো ও আলজিয়ার্সে সূর্যাস্তের মাত্র ২ থেকে ৬ মিনিট পর চাঁদ অস্ত যাবে, যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট নয়।
ফরাসি জ্যোতির্বিজ্ঞানী আন্দ্রে দানজোর তত্ত্ব অনুযায়ী, সূর্য ও চাঁদের মধ্যে কৌণিক দূরত্ব ৭ ডিগ্রির কম হলে চাঁদ দেখা অসম্ভব। ১৭ ফেব্রুয়ারি এই দূরত্ব হবে মাত্র ১ থেকে ২ ডিগ্রি। এমনকি আধুনিক হাই-সেন্সিটিভিটি ক্যামেরাতেও এই চাঁদ ধরা পড়া সম্ভব নয় বলে জানানো হয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, এদিন বিকেলে দক্ষিণ আফ্রিকা ও অ্যান্টার্কটিকায় একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। সূর্যগ্রহণ মানেই হলো চাঁদ ও সূর্যের সংযোগ অবস্থা, যার পরপরই চাঁদ দেখা যাওয়া অসম্ভব। এ ছাড়া ওই দিন পশ্চিম আকাশে চাঁদের অবস্থানের কাছাকাছি শুক্র গ্রহের উজ্জ্বল উপস্থিতি থাকবে। অতীতে অনেক ক্ষেত্রে মানুষ শুক্র গ্রহকে চাঁদ ভেবে ভুল করেছে, তাই এবারও এমন বিভ্রান্তিকর দাবি থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
১৮ ফেব্রুয়ারির অনুকূল পরিবেশ
বাংলাদেশ, পাকিস্তান, ইরান ও মরক্কোর মতো দেশগুলো ১৮ ফেব্রুয়ারি (বুধবার) শাবান মাসের ২৯ তারিখ পার করবে। এসব দেশে চাঁদ দেখার চেষ্টা করা হবে। বুধবার সন্ধ্যায় চাঁদ দেখার জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ থাকবে।
এর মধ্যে আবুধাবি ও মক্কায় চাঁদ সূর্যাস্তের পর প্রায় ৫৯ মিনিট আকাশে থাকবে; কায়রো ও জেরুজালেমে চাঁদ প্রায় ৬৫ মিনিট দৃশ্যমান থাকবে এবং রাবাতে আকাশ পরিষ্কার থাকলে প্রায় ৭৩ মিনিট চাঁদ দেখা যাবে।
এই পরিস্থিতিতে বুধবার বিশ্বের প্রায় সব প্রান্তেই চাঁদ স্পষ্ট দেখা যাবে এবং ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে রমজানের রোজা শুরু হবে। তবে ভৌগোলিক অবস্থান ও আবহাওয়া ভেদে কোনো কোনো দেশে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকেও রমজান শুরু হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীরা এবং ধর্মীয় পণ্ডিতদের বড় একটি অংশ মনে করেন, যখন বৈজ্ঞানিকভাবে এটি নিশ্চিত যে চাঁদ দিগন্তের নিচে চলে গেছে, তখন চাঁদ দেখার চেষ্টার কোনো ধর্মীয় প্রয়োজনীয়তা নেই। সৌদি আরবের বিশিষ্ট আলেম শেখ আবদুল্লাহ বিন মানিসহ অনেক স্কলার এই মতকে সমর্থন জানিয়েছেন।
তথ্যসূত্র: গালফ নিউজ

হজ কোনো সাধারণ সফর নয়, এটি মহান আল্লাহর সান্নিধ্যলাভের এক অনন্য মাধ্যম। এই ইবাদত যেমন শরীরের পরিশ্রমে ঋদ্ধ, তেমনি আত্মার প্রশান্তিতে ধন্য। তবে প্রস্তুতির অভাবে অনেক সময় এই পবিত্র সফর কেবল ভ্রমণে পর্যবসিত হয়। তাই হজে যাওয়ার আগে প্রতিটি হাজিকে কিছু মৌলিক বিষয়ে প্রস্তুতি নিতে হয়।
১৩ ঘণ্টা আগে
এই নশ্বর জীবনে প্রতিটি মানুষেরই নিজস্ব কর্মপদ্ধতি ও ব্যস্ততা রয়েছে। কিন্তু একজন মুমিনের জীবনের মূল চালিকাশক্তি হলো পরকালের চিন্তা। দুনিয়াবি ব্যস্ততার পসরা যতই বড় হোক, মুমিন তার ইমান ও আমলের জন্য সময় বের করে নেয়।
১৩ ঘণ্টা আগে
খিভা থেকে আমু দরিয়া (প্রাচীন অক্সাস নদী) পার হলেই চোখে পড়ে মাওয়ারাননাহার বা ট্রান্স-অক্সিয়ানার দিগন্ত। এই জনপদেই গড়ে উঠেছে উজবেকিস্তানের দুই গৌরবোজ্জ্বল শহর—সমরকন্দ ও বুখারা। তবে সব ছাপিয়ে বুখারাকে বলা হয় ‘কুব্বাতুল ইসলাম’ বা ইসলামের গম্বুজ; যা শতাব্দীকাল ধরে ঐতিহ্য, পাণ্ডিত্য এবং সুফি ঐতিহ্যের...
১৩ ঘণ্টা আগে
শৈশবে শিখেছিলাম—‘নামাজে ডান পা নাড়াচাড়া করা যাবে না।’ এর পর থেকে আজ পর্যন্ত নামাজের শেষ পর্যন্ত ডান পা নাড়াচাড়া না করে সালাম ফেরাই। কিন্তু অনেককে দেখি বিষয়টি সম্পর্কে উদাসীন। তাহলে কি আমি ভুল জেনেছি এত দিন? এ ব্যাপারে ইসলামের সঠিক বিধান কী?’
১৩ ঘণ্টা আগে