Ajker Patrika

এআই দিয়ে আরবি মাসের নতুন চাঁদ দেখবে সংযুক্ত আরব আমিরাতে

ইসলাম ডেস্ক
এআই দিয়ে আরবি মাসের নতুন চাঁদ দেখবে সংযুক্ত আরব আমিরাতে
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিভিত্তিক ‘ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার’ (আইএসি) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একটি নতুন সফটওয়্যার তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘হিলাল’। দিনের আলোতেও সূর্যের একেবারে কাছাকাছি থাকা অত্যন্ত সরু ও সূক্ষ্ম নতুন চাঁদ শনাক্তকরণ ও ছবি তোলার উদ্দেশ্যে এই আধুনিক প্রযুক্তিটি তৈরি করা হয়েছে।

আবুধাবিতে অবস্থিত আইএসি একটি সুপরিচিত বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র, যা মূলত জ্যোতির্বিজ্ঞান বিষয়ক গবেষণা ও প্রচার-প্রসারের কাজ করে থাকে। সংস্থাটি ‘ইসলামিক ক্রিসেন্টস অবজারভেশন প্রজেক্ট’ (আইসিওপি) পরিচালনা করে, যা বিশ্বজুড়ে নিবন্ধিত পর্যবেক্ষকদের থেকে চাঁদ দেখার রিপোর্ট সংগ্রহ, পর্যবেক্ষণ ও নথিভুক্ত করে থাকে।

‘হিলাল’ সফটওয়্যারটি স্মার্ট অ্যালগরিদমের মাধ্যমে চাঁদের আনুমানিক অবস্থান, আকার এবং দিক বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে চাঁদের বাঁকা অংশ বা রেখা স্ক্যান করে শনাক্ত করতে পারে। সেই সঙ্গে প্রতিটি প্রাপ্ত তথ্যের একটি নির্ভুলতার হার (কনফিডেন্স স্কোর) প্রদান করে। ছবি তোলার সময় চাঁদের কক্ষপথের গতির সঙ্গে ভারসাম্য বজায় রাখা এবং ক্যামেরার এক্সপোজার নিজ থেকেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে প্রযুক্তিটির।

এই সফটওয়্যারটি ইতিমধ্যেই বাস্তব পরীক্ষায় তার সাফল্য প্রমাণ করেছে। সূর্য থেকে মাত্র ৪ দশমিক ৮ ডিগ্রি দূরত্বে অবস্থানকালে এটি সফলভাবে রবিউস সানি মাসের নতুন চাঁদের ছবি তুলতে সক্ষম হয়েছিল।

আইএসি আশা করছে, হিলাল সফটওয়্যারটির মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে চাঁদ পর্যবেক্ষণের তথ্য নথিভুক্ত করা সম্ভব হবে। বিশেষ করে যেসব ক্ষেত্রে খালি চোখ বা প্রথাগত পদ্ধতিতে অত্যন্ত সূক্ষ্ম চাঁদ দেখা সম্ভব হয় না, সেসব ক্ষেত্রেও ঠিক কতটা সূক্ষ্ম চাঁদ ক্যামেরাবন্দী করা সম্ভব—তা নিয়ে গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে এই এআই প্রযুক্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত