
পুরুষের পাশাপাশি নারীদের মসজিদে নামাজ পড়ার বিধান থাকলেও, নানা কারণে বাংলাদেশের সেই প্রচলন নেই। তবে বাগেরহাট শহরের সোনাতলা এলাকার আওলিয়াবাদ জামে মসজিদে নিয়মিত তারাবিহর নামাজ আদায় করছেন নারীরা। মসজিদে এসে নামাজ আদায়ের ফলে নারীরা আরও বেশি আমলদার হতে পারছেন বলে দাবি মসজিদ কর্তৃপক্ষের।
সরেজমিন দেখা যায়, খুলনা বাগেরহাট মহাসড়কের পাশে সোনাতলা মোড় এলাকায় তিনতলাবিশিষ্ট এই মসজিদের দোতলায় নামাজ আদায় করেন নারীরা। আলাদা সিঁড়ি দিয়ে নামাজের জন্য ওঠেন তাঁরা। পুরুষেরা যে ইমামের পেছনে নামাজ আদায় করেন, নারীরাও একই ইমামের পেছনে নামাজ আদায় করেন। পাঁচ বছর ধরে নারীরা এই মসজিদে কোনো প্রকার বিতর্ক ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শরিয়ত সম্মতভাবে তারাবিহর নামাজ আদায় করছেন। ভবিষ্যতে জুমা ও ওয়াক্তের নামাজ আদায়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ কারি মো. মোবারক হোসেন।
মসজিদের ইমাম মো. মোবারক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মসজিদের মুসল্লিদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পাঁচ বছর আগে মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা করি। এর পর থেকে এখন পর্যন্ত নিয়মিত নারীরা তারাবিহ নামাজ পড়ছেন।’
ইমাম মোবারক হোসেন আরও বলেন, ‘দেশের অর্ধেক মানুষ নারী। কিন্তু নারীদের মসজিদে আসার সুযোগ না থাকায় তারা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান থেকে দূরে রয়েছে। মসজিদে আসলে নারীরা ইসলাম সম্পর্কে আরও বেশি জানতে পারবে। কারণ, মসজিদে জুমার খুতবাসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ ছাড়া নবীজির আমলেও মসজিদে নারীরা নামাজ পড়তেন। মসজিদে নারীদের নামাজ পড়ায় শরিয়তের কোনো বাধা নেই। অন্য মসজিদেও এভাবে নারীদের মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা রাখা উচিত।’
এদিকে আওলিয়াবাদ জামে মসজিদের বিষয়টি দেখে উদ্বুদ্ধ হয়ে পার্শ্ববর্তী দশানী এলাকার বায়তুন নাজাত জামে মসজিদেও তিন বছর ধরে নারীরা নিয়মিত তারাবিহর নামাজ আদায় করছেন। সেই সঙ্গে নারীদের জুমার নামাজ আদায়েরও ব্যবস্থা রয়েছে। পথচারী নারীদের জন্য ওয়াক্তের নামাজের ব্যবস্থা রয়েছে এই মসজিদে।
বায়তুন নাজাত জামে মসজিদে মায়ের সঙ্গে তারাবিহ পড়তে আসা ১১ বছর বয়সী ফাতেমা তুজজোহরা ইমা আজকের পত্রিকাকে বলে, ‘মায়ের সঙ্গে প্রথমবারের মতো মসজিদে এসে তারাবিহ পড়তে পেরে আমাদের খুব ভালো লাগছে। মসজিদের দোতলায় আমরা নামাজ পড়ি। আলাদা সিঁড়িতে ওঠানামার ব্যবস্থা আছে, কোনো সমস্যা হয় না।’
নাবিলা তাবাচ্ছুম নামের এক নারী বলেন, ‘মসজিদের নারীদের তারাবিহ করার ব্যবস্থাটা খুবই ভালো হয়েছে। তবে শহরের মসজিদগুলোতে যাতে নারীরা ওয়াক্তের নামাজ আদায় করতে পারে, সেই ধরনের ব্যবস্থা রাখলে খুব ভালো হতো।’
বায়তুন নাজাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. বশির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মহান আল্লাহ তাআলা ইবাদতের জন্য নারী ও পুরুষকে সমান অধিকার দিয়ে সৃষ্টি করেছেন। যে যেমন ভালো কাজ করবেন, আল্লাহ তেমন প্রতিদান দেবেন। মক্কা-মদিনা ও বিভিন্ন মুসলিম রাষ্ট্রে নারীরা মসজিদে নামাজ আদায় করেন। আমাদের দেশেও এটা শুরু হয়েছে। আমাদের এই মসজিদে শতাধিক নারী তারাবিহ ও জুমার নামাজ আদায় করেন।’
নারীদের আরও বেশি বেশি মসজিদে আসা উচিত মন্তব্য করে বশির উদ্দিন আরও বলেন, ‘পুরুষেরা জুমা ও ওয়াক্তের নামাজে মসজিদে আসেন। বিভিন্ন ওয়াজ মাহফিল ও ইসলামিক আলোচনায় হরহামেশাই যায়। যেখানে তাঁরা ইসলামিক আলোচনা শুনতে পারেন। কিন্তু নারীদের এই সুযোগ খুব সীমিত। তাই নারীদের মসজিদে আসা উচিত বলে মনে করি।’

ইসলাম ধর্মের মূল ভিত্তি ও পঞ্চ স্তম্ভের অন্যতম প্রধান স্তম্ভ হলো নামাজ। কালিমার মাধ্যমে ইমান আনয়নের পর একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ। সঠিক নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক বা ফরজ।
৪ ঘণ্টা আগে
সুস্থতা মহান আল্লাহর দেওয়া অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। তবে মানুষের জীবনে অসুস্থতা আসা অস্বাভাবিক নয়; এটি কখনো গুনাহ মাফের মাধ্যম, আবার কখনো ধৈর্যের পরীক্ষা। ইসলাম অসুস্থ হলে যেমন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ সেবনের তাগিদ দিয়েছে, তেমনি শিখিয়েছে মহান শাফি বা আরোগ্যদাতার দরবারে দোয়া করার পদ্ধতি।
১০ ঘণ্টা আগে
ইসলামে নফল ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদ। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে রাসুলুল্লাহ (সা.)-এর জন্য তাহাজ্জুদ আদায় করা বাধ্যতামূলক ছিল। তিনি নিয়মিত এই নামাজ পড়তেন...
১৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৮ ঘণ্টা আগে