Ajker Patrika

আপনার জিজ্ঞাসা

দোয়া কুনুত ভুলে গেলে বা না পারলে করণীয়

মুফতি শাব্বীর আহমদ
দোয়া কুনুত ভুলে গেলে বা না পারলে করণীয়
ফাইল ছবি

প্রশ্ন: বিতরের নামাজে দোয়া কুনুত না পারলে বা পড়তে ভুলে গেলে করণীয় কী? ইসলামের সঠিক বিধান জানতে চাই।

ফয়েজ আবদুল্লাহ, নড়াইল

উত্তর: দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর বিতর নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সঙ্গে সুরা মেলানোর পর একটি বিশেষ আমল করতে হয়—যাকে আমরা দোয়া কুনুত বলি। হানাফি মাজহাব মতে, বিতর নামাজে দোয়া কুনুত পাঠ করা ওয়াজিব।

মনে রাখার বিষয় হলো, সাধারণত আমরা যে প্রসিদ্ধ দোয়াটি পড়ি, সেটি পাঠ করা সুন্নত। অর্থাৎ দোয়া কুনুত হিসেবে হুবহু এই দোয়াটিই পড়া ওয়াজিব নয়। বরং আল্লাহর কাছে দোয়া বা ক্ষমা প্রার্থনা করা হয় এমন যেকোনো শব্দ বা বাক্য পাঠ করলে ওয়াজিব আদায় হয়ে যাবে। বিখ্যাত ফকিহ ইবরাহিম নাখয়ি (রহ.)-এর মতে, কুনুতের জন্য বিশেষ কোনো দোয়া নির্ধারিত নেই; যেকোনো দোয়া বা ইস্তিগফার পড়া যায়।

দোয়া কুনুত না জানলে বিকল্প যা পড়া যায়

যদি কারও প্রসিদ্ধ দোয়াটি মুখস্থ না থাকে, তবে সুরা বাকারার ২০১ নম্বর আয়াতটি দোয়া কুনুত হিসেবে পড়া যায়—‘রাব্বানা আতিনা ফিদ-দুনয়া হাসানাতাঁও ওয়া ফিল আখিরাতি হাসানাতাঁও ওয়া কিনা আজাবান নার।’

এ ছাড়া তিনবার ‘আল্লাহুম্মাগ ফিরলি’ অথবা তিনবার ‘ইয়া রাব’ বললেও ওয়াজিব আদায় হয়ে যাবে। সুরা আলে ইমরানের ৮ নম্বর আয়াত—‘রাব্বানা লা তুজিগ কুলুবানা বা দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিল্লাদুনকা রাহমাহ, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।’ বা হাদিসে বর্ণিত অন্য যেকোনো দোয়াও পড়া জায়েজ।

কুনুতের পরিবর্তে সুরা ইখলাস পড়া যাবে?

অনেকে দোয়া কুনুতের পরিবর্তে তিনবার সুরা ইখলাস পাঠ করেন, যা গ্রহণযোগ্য নয়। কারণ সুরা ইখলাস কোনো দোয়াসংবলিত সুরা নয়, বরং এটি আল্লাহর তাওহিদের বর্ণনা। কুনুতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর কাছে রোনাজারি ও প্রার্থনা করা। তাই সুরা ইখলাস না পড়ে যেকোনো মাসনুন দোয়া পড়া উচিত।

দোয়া কুনুত ভুলে গেলে বা ছেড়ে দিলে করণীয়

যদি কেউ ভুলবশত দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে যান, তবে ওয়াজিব ছুটে যাওয়ার কারণে তাকে নামাজের শেষে সিজদায় সাহু দিতে হবে। আর যদি কেউ ইচ্ছা করে দোয়া কুনুত না পড়েন কিংবা ভুলবশত বাদ পড়ার পর সিজদায় সাহু না দেন, তবে ওই নামাজ পুনরায় আদায় করা আবশ্যক।

উত্তর দিয়েছেন: মুফতি শাব্বীর আহমদ, ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত