আলেম-ওলামা ও পির-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর

দেশের আলেম-ওলামা ও পির-মাশায়েখের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, ইসলামের জন্য এবং দেশের আলেম-ওলামাদের কল্যাণে যা করা প্রয়োজন, সরকার তা করবে।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত খতমে নবুওয়াত জাতীয় সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, ‘আমরা ওলামায়ে কেরাম ও পির-মাশায়েখের সঙ্গে আছি এবং থাকব। ইসলামের জন্য এবং দেশের আলেম-ওলামাদের জন্য যা করা দরকার, ইনশাআল্লাহ তা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন।’
খতমে নবুওয়াতের বিশ্বাসকে ইমানের মূল ভিত্তি উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, ‘মানবজাতির হেদায়েত ও সঠিক পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ হজরত আদম (আ.) থেকে শুরু করে যুগে যুগে বহু নবী ও রাসুল পাঠিয়েছেন। নবুওয়াতের সেই ধারার পূর্ণতা ও চূড়ান্ত সমাপ্তি ঘটেছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে।’
কওমি মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ‘কওমি মাদ্রাসাগুলো আমাদের মূল ভিত্তি। এই মাদ্রাসাগুলোকে দেখে-শুনে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমাদের ইমানকে ঠিক রাখতে হলে এই ভিত্তির প্রতি যত্নবান হতে হবে।’
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সরকারি সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, দেশের মসজিদ, ইমাম-মুয়াজ্জিন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পর্যায়ক্রমে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুদান কর্মসূচি চালুর পরিকল্পনাও রয়েছে।
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশের হজযাত্রীর কোটা আরও পাঁচ হাজার বাড়িয়ে এক লাখ এক হাজার পাঁচশতে উন্নীত করা হয়েছে। এ জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।








