Ajker Patrika

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২১: ১৯
পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির মৃত্যু
স্ত্রী গেইলার সঙ্গে ড্যান কার্নি। ছবি: সিএনএন

বিশ্বখ্যাত ফাস্টফুড চেইন পিৎজা হাটের সহপ্রতিষ্ঠাতা ড্যান কার্নি মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের উইচিটা স্টেট ইউনিভার্সিটি ও সেরিব্রাল পালসি রিসার্চ ফাউন্ডেশন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

প্রায় ৭০ বছর আগে নিজের ভাই ফ্রাঙ্ক কার্নিকে সঙ্গে নিয়ে পিৎজা হাট প্রতিষ্ঠা করেন ড্যান। ২০২০ সালে মারা যান তাঁর ভাই ফ্রাঙ্ক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিএনএন জানায়, ১৯৩১ সালে যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে জন্মগ্রহণ করেন ড্যান কার্নি। সাত ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। উইচিটা স্টেট ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ১৯৫৮ সালে মাত্র ৬০০ ডলার ঋণ নিয়ে মায়ের কাছ থেকে পাওয়া অর্থে দুই ভাই প্রথম পিৎজা হাট রেস্তোরাঁ চালু করেন। পিৎজার জনপ্রিয়তা বাড়ার বিষয়ে একটি সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদন পড়ে ব্যবসাটি শুরুর সিদ্ধান্ত নেন তাঁরা।

রেস্তোরাঁটির প্রথম শাখা খোলা হয়েছিল সেই জায়গায়, যেখানে তাঁদের বাবা আগে একটি মুদিদোকান চালাতেন। ১৯৪৮ সালে বাবার মৃত্যুর পর মাত্র ১৭ বছর বয়সে পারিবারিক ব্যবসার দায়িত্ব পালনে এগিয়ে আসেন ড্যান। গ্রাহকের কাছ থেকে খাবারের অর্ডার নেওয়া, সরবরাহ করা ও খাবার সংগ্রহের বিষয়গুলোও সামলাতেন তিনি।

পরবর্তী সময়ে দুই ভাইয়ের উদ্যোগে পিৎজা হাট দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। কানসাসের টোপেকায় প্রথম ফ্র্যাঞ্চাইজি শাখা চালুর পর প্রতিষ্ঠানটি বিশ্বের ৯০টি দেশে সম্প্রসারিত হয়। ১৯৭৭ সালে তাঁরা পিৎজা হাট বিক্রি করে দেন বহুজাতিক প্রতিষ্ঠান পেপসিকোর কাছে। পরে প্রতিষ্ঠানটির সদর দপ্তর টেক্সাসে স্থানান্তর করা হয়।

ড্যান কার্নি দীর্ঘ পাঁচ দশক সেরিব্রাল পালসি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা ও গবেষণায় অবদানের জন্যও তিনি প্রশংসিত হয়েছেন।

উইচিটা স্টেট ইউনিভার্সিটি তাঁকে একজন সফল উদ্যোক্তা, দানশীল ব্যক্তি ও সমাজের নিবেদিতপ্রাণ মানুষ হিসেবে স্মরণ করেছে।

স্ত্রী গেইলা, সন্তান ও নাতি-নাতনিদের রেখে গেছেন ড্যান কার্নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত