Ajker Patrika

বোর্ড চাইলে আবারও এনভিডিয়ার প্রধান হতে চান হুয়াং

আজকের পত্রিকা ডেস্ক­
বোর্ড চাইলে আবারও এনভিডিয়ার প্রধান হতে চান হুয়াং
এনভিডিয়ার সাবেক প্রধান জেনসেন হুয়াং। ছবি: বিবিসি

প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্বে ফিরতে পরিচালনা পর্ষদ অনুরোধ জানালে জেনসেন হুয়াং ‘সম্মানিত’ বোধ করবেন বলে জানিয়েছেন। বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে আকস্মিকভাবে পদত্যাগের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এই বিষয়ে মন্তব্য করলেন তিনি। তাঁর বিরুদ্ধে চীনের এক কথিত গুপ্তচরের সঙ্গেও সম্পর্ক থাকার অভিযোগ উঠেছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে হুয়াং বলেন, ‘ব্যক্তিগত জীবনে আমি গুরুতর কিছু ভুল করেছি। এর ফলে পরিচালনা পর্ষদকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছি, যা নিয়ে আমি গভীরভাবে অনুতপ্ত। নিজের ভুলের সম্পূর্ণ দায়ভার আমি নিচ্ছি।’

তবে তিনি জানান, পদত্যাগের পর কোম্পানির কর্মী, বিনিয়োগকারীসহ বিভিন্ন মহল থেকে তাঁর কাছে বিপুলসংখ্যক ফোন এসেছে। তাঁদের অনেকেই তাঁকে এনভিডিয়ার সিইও হিসেবে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

এদিকে মঙ্গলবারের পরবর্তী সময়ে নিজেদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় এ এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠানের।

তবে হুয়াংয়ের এনভিডিয়ায় ফিরে আসার সম্ভাবনা এখনো অত্যন্ত অনিশ্চিত। বিবিসির সোমবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাঁকে পুনরায় প্রতিষ্ঠানের দায়িত্বে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা পরিচালনা পর্ষদের নেই।

বরং তাঁর কর্মকাণ্ড নিয়ে সক্রিয়ভাবে তদন্ত করছে পর্ষদ। অভিযোগগুলোর মধ্যে এনভিডিয়ার এক শীর্ষ নির্বাহীর সঙ্গে তাঁর কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টিও রয়েছে।

এ ছাড়া চীনের হয়ে কাজ করেন—এমন সন্দেহভাজন এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন আইনপ্রণেতাদের একাধিক কমিটির সামনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন হুয়াং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত