Ajker Patrika

সংকটে ক্যালিফোর্নিয়ার ওয়াইন শিল্প, দেউলিয়া সবচেয়ে পুরোনো পারিবারিক ওয়াইনারি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১৬
সংকটে ক্যালিফোর্নিয়ার ওয়াইন শিল্প, দেউলিয়া সবচেয়ে পুরোনো পারিবারিক ওয়াইনারি
ক্যালিফোর্নিয়ার একটি আঙুরখেত। ছবি: লস অ্যাঞ্জেলেস টাইমস

ক্যালিফোর্নিয়ার সবচেয়ে পুরোনো পারিবারিক মালিকানাধীন ওয়াইনারিগুলোর একটি গ্যান্ডলাখ-বুন্ডশু। সম্প্রতি প্রতিষ্ঠানটি নিজেদের দেউলিয়া ঘোষণা করে সুরক্ষার জন্য আবেদন করেছে। প্রতিষ্ঠানটির এই পদক্ষেপ ক্যালিফোর্নিয়ার ওয়াইন শিল্পে দীর্ঘদিন ধরে চলা সংকটের আরও একটি বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

১৮৫৮ সালে সোনোমা কাউন্টিতে প্রতিষ্ঠিত এই ওয়াইনারির মালিকানা ছয় প্রজন্ম ধরে একই পরিবারের হাতে ছিল। ঋণ পুনর্গঠনের বিষয়ে ঋণদাতাদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর প্রতিষ্ঠানটি মার্কিন আইনের অধীনে দেউলিয়াত্ব সুরক্ষার আবেদন করেছে। এর মাধ্যমে ঋণ ও মালিকানা-সংক্রান্ত সমস্যা সমাধানের পাশাপাশি ব্যবসা পুনর্গঠনের জন্য সময় পাওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

ওয়াইনারিটির আর্থিক সংকটের পেছনে বড় কারণ হিসেবে রয়েছে ২০২০ সালের একটি জমি অধিগ্রহণ। সে বছরের ফেব্রুয়ারিতে ব্যবসা দ্রুত সম্প্রসারিত হওয়ায় ৬০ একর জমির একটি এস্টেট কেনে প্রতিষ্ঠানটি। কিন্তু মাত্র এক মাস পরই শুরু হয় কোভিড-১৯ মহামারি। এর পর থেকে ক্যালিফোর্নিয়ার ওয়াইন শিল্প আর আগের অবস্থায় ফিরতে পারেনি।

গ্যান্ডলাখ-বুন্ডশুর প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য জেফ বুন্ডশু জানিয়েছেন, পরিবারটি নতুন মালিক খুঁজছে। তবে নতুন মালিক এলেও পরিবার ব্যবসার সঙ্গে যুক্ত থাকবে এবং ব্র্যান্ডটি এগিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাবে।

ক্যালিফোর্নিয়ার ওয়াইন শিল্পে বর্তমানে চাহিদা কমে যাওয়া, বাণিজ্যিক বিরোধ ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়ছে। ওয়াইন জায়ান্ট ‘গ্যালো’ ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ৯০ জনের বেশি কর্মী ছাঁটাই ও নাপা ভ্যালির একটি বড় ওয়াইন তৈরির কারখানা বন্ধের পরিকল্পনা জানিয়েছে।

এ ছাড়া মিশন বেল ওয়াইনারিতে ২১২ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ‘কনস্টেলেশন ব্র্যান্ডস’। প্রতিষ্ঠানটি ওয়াইন ব্যবসা থেকে কিছুটা সরে গিয়ে বিয়ার ব্যবসায় বেশি মনোযোগ দেওয়ার পরিকল্পনা করছে।

কানাডার মার্কিন অ্যালকোহল বয়কটও কয়েকটি ওয়াইনারির ওপর প্রভাব ফেলেছে। ম্যাকম্যানিস ফ্যামিলি ভিনিয়ার্ডসের কানাডায় রপ্তানি একসময় তাদের মোট রপ্তানি বিক্রির ৪০ শতাংশ ছিল; তা কমে এখন মাত্র ৫ শতাংশ হয়েছে। প্রতিষ্ঠানটি এখন স্যাক্রামেন্টো ও সান জোয়াকিন কাউন্টিতে ৩ হাজার ৫০০ একর জমি ২ কোটি ২৫ লাখ ডলারে বিক্রির চেষ্টা করছে।

দাবানলেও ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্পটি। নাপা ভ্যালির সিগনোরেলো এস্টেটও সম্প্রতি সুরক্ষার আবেদন করেছে। আর ২০২৫ সালের পালিসেডস দাবানলে টেস্টিং রুম ধ্বংস হওয়ার পর ৪০ বছরের পুরোনো রোজেনথাল—দ্য মালিবু এস্টেট বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত