Ajker Patrika

ইরানের সঙ্গে চুক্তি না হলে অবরোধ উঠবে না, যুদ্ধবিরতির মেয়াদও বাড়বে না: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৯: ২০
ইরানের সঙ্গে চুক্তি না হলে অবরোধ উঠবে না, যুদ্ধবিরতির মেয়াদও বাড়বে না: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

তেহরানের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র। যুদ্ধের ইতি টানতে নতুন করে আলোচনা শুরু হবে কি না—এমন এক অনিশ্চয়তার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে, ট্রাম্প জানিয়েছেন—মার্কিন সময় আগামী বুধবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতিও শেষ হচ্ছে এবং এটি বাড়ানোর কোনো সম্ভাবনা আপাতত নেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন—এক সপ্তাহ আগে শুরু হওয়া এই অবরোধ ইরানকে ‘পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে’। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে ‘বিশাল ব্যবধানে’ জিতে যাচ্ছে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে ট্রাম্প বলেছেন—ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুব ক্ষীণ। মার্কিন পূর্বাঞ্চলীয় সময় আগামী বুধবার রাত ৮টায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা।

ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতির মেয়াদ ‘ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা’ পর্যন্ত কার্যকর থাকবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প সতর্ক করে বলেছেন—যদি তার আগে কোনো চুক্তি সম্পন্ন না হয়, তবে এর পরে আর মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ‘একেবারেই ক্ষীণ’।

তাঁর এই মন্তব্য এমন একসময়ে এল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতি আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। তবে পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনা আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনো ওয়াশিংটন ত্যাগ করেননি। অন্যদিকে, ইরান জানিয়েছে তারা এই আলোচনায় অংশ নেবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তথ্যমতে, অবরোধ শুরু হওয়ার পর থেকে মার্কিন বাহিনী এ পর্যন্ত ২৭টি জাহাজকে গতিপথ পরিবর্তন করতে অথবা ইরানের বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে। এ ছাড়া, গত রোববার অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করায় এই সংঘাতের মধ্যে প্রথমবারের মতো ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক ও জব্দ করেছে যুক্তরাষ্ট্র।

সেন্টকমের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, ওই জাহাজটিকে প্রথমে সতর্ক করা হয় এবং পরে মার্কিন সেনারা সেটিতে অবতরণ করে। তেহরান এই ঘটনাকে ‘জলদস্যুতা’ এবং দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছে।

অন্যদিকে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি গত প্রায় দুই মাস ধরে অবরোধ করে রেখেছে ইরান। যার ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। গত শনিবার এটি সংক্ষিপ্ত সময়ের জন্য খুলে দেওয়া হলেও দ্রুতই আবার বন্ধ করে দেওয়া হয়। মূলত হরমুজ প্রণালির আশেপাশে একটি ট্যাংকারসহ বেশ কিছু জাহাজকে তেহরান লক্ষ্যবস্তু করেছে—এমন খবরের পরই এটি পুনরায় বন্ধ হয়।

ট্রাম্প বলেছেন, ইরান ‘গুলি চালানোর সিদ্ধান্ত নিয়েছে’ এবং একে যুদ্ধবিরতি চুক্তির ‘চরম লঙ্ঘন’ হিসেবে আখ্যা দিয়েছেন। ইরান পাল্টা জবাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের বন্দরের অবরোধ না তোলা পর্যন্ত তারা এই রুটটি বন্ধ রাখবে।

তেহরান তাদের প্রতিনিধিদল পাঠানোর বিষয়ে নিশ্চিত না করলেও পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনা হওয়ার কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চলতি মাসের শুরুতে প্রথম দফার আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, ‘এমন পরিস্থিতি তৈরি হয়নি যেখানে ইরানিরা আমাদের শর্তগুলো মেনে নিতে প্রস্তুত ছিল।’ অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনকে ‘অতিরিক্ত দাবি এবং বেআইনি অনুরোধ’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল।

এই সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মুহূর্তে হতে যাচ্ছে। সোমবার বিকেলে বিবিসির সূত্রগুলো জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদল ‘শিগগিরই’ রওনা হবে, যদিও কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি। তবে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তারা মঙ্গলবার রওনা হতে পারেন। পরবর্তীকালে সোমবারই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, এখন পর্যন্ত তেহরানের এই বৈঠকে অংশ নেওয়ার ‘কোনো পরিকল্পনা নেই।’

আগের দফার মতো এবারও ভ্যান্সের সঙ্গে বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনারের থাকার কথা রয়েছে। তবে ইরানের পক্ষ থেকে কারা আসছেন বা আদৌ কেউ আসছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

তা সত্ত্বেও ইসলামাবাদে আলোচনার জোর প্রস্তুতি লক্ষ্য করা গেছে। আগের দফার বৈঠকটি যেখানে হয়েছিল, সেই সেরেনা হোটলের অতিথিদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশি প্রতিনিধিদলের আগমন উপলক্ষে প্রধান সড়কগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্সকে পাকিস্তানের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ইরানকে আলোচনায় বসাতে পারবে বলে পাকিস্তান আত্মবিশ্বাসী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগ নেতারা চাঁদাবাজিতে ব্যস্ত ছিলেন, মন্ত্রীরাও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতেন না: আব্দুল মোমেন

তৃতীয় মাত্রার জিল্লুরের সহধর্মিণী পেলেন বিএনপির মনোনয়ন

বাণিজ্যিক হেলিকপ্টার পরিচালনার লাইসেন্স পেল সাবেক উপদেষ্টার প্রতিষ্ঠান

মির্জাপুরে মাটি খুঁড়ে মা ও নবজাতকের বস্তাবন্দী লাশ উদ্ধার

দুর্নীতি করলে ২৪ ঘণ্টাও থাকতে পারবে না, আজও একজনকে বিদায় দিয়েছি: শিক্ষামন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত