
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় ধরনের পরাজয়ের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই তৃণমূল কংগ্রেসে (টিএমসি) এক নজিরবিহীন অভ্যন্তরীণ বিদ্রোহের আভাস পাওয়া যাচ্ছে। দলটির অন্যতম পরিচিত মুখ এবং যাদবপুরের সংসদ সদস্য সায়নী ঘোষ এবার দলটির ভেতরে তৈরি হওয়া একটি ‘বিদ্রোহী’ গ্রুপে যোগ দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
তৃণমূলের অন্তত ২০ জন সংসদ সদস্য লোকসভার স্পিকারের কাছে চিঠি লিখে আলাদা একটি সংসদীয় ব্লক গঠনের আবেদন জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, এই বিদ্রোহী গোষ্ঠী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) জোটকে সমর্থন জানাতে পারে।
দলীয় সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন বর্ষীয়ান লোকসভা সংসদ সদস্য কাকলী ঘোষ দস্তিদার। গত সোমবার এই ২০ সংসদ সদস্য স্পিকারের কাছে চিঠি পাঠানোর পর থেকেই তৃণমূলের ভেতরে ভাঙনের বিষয়টি প্রকাশ্যে আসে। সায়নী ঘোষ ইতিমধ্যে কাকলী ঘোষ দস্তিদারের সঙ্গে যোগাযোগ করে বিদ্রোহী নথিপত্রে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। তিনি বর্তমানে কলকাতায় নেই এবং ধারণা করা হচ্ছে, দিল্লিতে অবস্থানরত বিদ্রোহী সংসদ সদস্যদের সঙ্গে তিনিও সেখানে যোগ দিয়েছেন।
এদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত হিসেবে পরিচিত আরেক সংসদ সদস্য মালা রায়ও আকস্মিকভাবে দিল্লিতে গিয়ে বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
তৃণমূলের রাজনীতিতে সায়নী ঘোষের এই আকস্মিক দলবদলের আভাস রাজনৈতিক পর্যবেক্ষকদের চমকে দিয়েছে। কারণ, সায়নীকে এত দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কট্টর ও সোচ্চার সমর্থক হিসেবে বিবেচনা করা হতো। সম্প্রতি তাঁকে দলের যুব শাখার সভাপতি পদেও মনোনীত করা হয়েছিল।
বিধানসভা নির্বাচনের প্রচারকালে এক সাক্ষাৎকারে সায়নী বলেছিলেন, ‘দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) জিতলে বাংলা জিতবে।’ তিনি কোনো অবস্থাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না বলেও প্রত্যয় ব্যক্ত করেছিলেন। এমনকি মমতাকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবেও দেখতে চান বলে প্রচারণা চালিয়েছিলেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের কাছে সায়নী ঘোষের এই অবস্থান পরিবর্তন আরও বেশি বিস্ময়কর ঠেকছে তাঁর দীর্ঘদিনের তীব্র বিজেপি-বিরোধী ভূমিকার কারণে। বিগত বছরগুলোতে তিনি কেন্দ্রীয় সরকারের নারী সংরক্ষণ বিলসহ নানা নীতির কড়া সমালোচনা করেছেন। এ ছাড়া ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগও এনেছিলেন তিনি।
নির্বাচনে পরাজয়ের পর সায়নী দাবি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন ভোট চুরি ও জালিয়াতির কারণে, জনগণ তাঁকে প্রত্যাখ্যান করেনি। তিনি হুংকার দিয়ে বলেছিলেন, ‘আমরা হারিনি, ভোট লুট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে। ২০২৯ সালে দেশের মানুষ এবং ২০৩১ সালে বাংলার মা-মাটি-মানুষ এর উপযুক্ত জবাব দেবে।’
সেই অবস্থান থেকে সরে এসে সায়নীর এই বিদ্রোহী শিবিরের অংশ হওয়া এবং এনডিএ জোটকে পরোক্ষ সমর্থনের প্রস্তুতিকে অনেকে তাঁর রাজনৈতিক সুরক্ষার চেষ্টা হিসেবে দেখছেন।
তৃণমূলের এই সংকট কেবল সায়নী বা কাকলী ঘোষ দস্তিদারের বিদ্রোহেই সীমাবদ্ধ নয়; সম্প্রতি দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী সুস্মিতা দেবও তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তিনি আসামের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ‘দিকনির্দেশনা’ নিতে সাক্ষাৎ করেছেন বলে খবর পাওয়া গেছে।
সায়নী ঘোষ বরাবরই তাঁর ধারালো বক্তব্য এবং রাজনৈতিক প্রচারে আলোড়ন সৃষ্টি করার জন্য পরিচিত। নির্বাচনের প্রচারে তাঁর একটি গান, যার কথায় ‘বক্ষে আমার কাবা, নয়নে মদিনা’ কথাটি ছিল, তা নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে।
বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনের বিপর্যয় এবং একের পর এক শীর্ষ নেতার দল ত্যাগের এই ঘটনা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় রাজনৈতিক অস্তিত্বের সংকট তৈরি করেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে এই বিদ্রোহ দমন করেন এবং তাঁর সংসদীয় শক্তি ধরে রাখেন, সেটাই দেখার বিষয়।

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি শপিং মলে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে এক ভারতীয় মুসলিম কর্মীর ওপর নৃশংস ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, হামলার আগে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘আপনি কি মুসলিম?’
৬ ঘণ্টা আগে
ইরানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ ও বিদেশভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকালে কেরমানশাহ সেন্ট্রাল কারাগারে মোহিউদ্দিন আবদুল্লাহি ও হোসেইন পালানিকে ফাঁসি দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েলের সহায়তায় আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করেছেন—এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘হলিউডি কল্পকাহিনি’ বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তাঁকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন বৈঠক এবং ক্ষমতায় ফেরার পরিকল্পনায় যুক্ত...
৭ ঘণ্টা আগে
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, চলমান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীকে সরাসরি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সেনা ব্যারাকে ওই হামলায় অন্তত সাত সেনাসদস্য নিহত এবং আরও ১৩ জ
৭ ঘণ্টা আগে