
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে একটি মসজিদ ও ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান কমপ্লেক্সে সন্দেহভাজন হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বন্দুকধারীও আছেন। স্থানীয় পুলিশের ধারণা, মুসলিম সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ থেকে এই হামলা হয়ে থাকতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সান ডিয়েগো পুলিশপ্রধান স্কট ওয়াহল জানিয়েছেন, স্থানীয় সময় গতকাল সোমবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টার অব সান ডিয়েগোতে ঘটে যাওয়া এ ঘটনায় দুই হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা নিজেদের গুলিতে আত্মহত্যা করেছে।
সংবাদ সম্মেলনে ওয়াহল বলেন, ‘ইসলামিক সেন্টারকে লক্ষ্য করে হামলা হওয়ায়, অন্য কিছু প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা এটিকে বিদ্বেষজনিত অপরাধ হিসেবে বিবেচনা করছি।’ পুলিশপ্রধান জানান, সন্দেহভাজন দুই হামলাকারী পুরুষ। তাদের বয়স আনুমানিক ১৭ ও ১৯ বছর।
তিনি আরও বলেন, হামলাকারীদের গুলিতে নিহত ৩ জনের একজন ছিলেন ইসলামিক সেন্টারের নিরাপত্তারক্ষী। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠা ঠেকাতে তিনি ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করেছেন। ওয়াহল জানান, তদন্তকারীরা এখন ঘটনাটির পেছনের কারণ ও পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন।
নিহত তিনজনই প্রাপ্তবয়স্ক। তবে স্কুলে থাকা শিশুরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সান ডিয়েগো পুলিশ বিভাগ প্রথমে ইসলামিক সেন্টারে সক্রিয় বন্দুকধারীর উপস্থিতির কথা জানায়। পরে তারা বলে, পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে আনা হয়েছে।’
মসজিদের ইমাম ত্বহা হাসান বলেন, ইসলামিক সেন্টারটি এমন একটি জায়গা, যেখানে মুসলিম ও অমুসলিম সবাই একত্রিত হয়ে নামাজ, শিক্ষা ও সামাজিক অনুষ্ঠান করতে আসেন। তিনি বলেন, ‘উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা অত্যন্ত ন্যক্কারজনক। আমাদের ইসলামিক সেন্টার একটি উপাসনালয়।’
সান ডিয়েগোর মেয়র টড গ্লোরিয়া বলেন, ‘ঘৃণার কোনো স্থান এই শহরে নেই।’ তিনি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ‘আমাদের প্রার্থনা আপনাদের সঙ্গে আছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, যাতে আপনারা এই শহরে নিরাপদ অনুভব করতে পারেন, সে জন্য যা যা করা প্রয়োজন আমরা সব করব। এই সংবেদনশীল সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কোনো সম্পদের ঘাটতি রাখা হবে না।’
এই সেন্টারটি সান ডিয়েগো শহরের কেন্দ্রের উত্তরে ক্লেয়ারমন্ট আবাসিক এলাকায় অবস্থিত। হামলাকারীদের পরিচয় এখনো স্পষ্ট নয়। তবে ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষ বাড়ছে এবং বহু রাজনীতিক ও ভাষ্যকার নিয়মিত মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের দপ্তর জানিয়েছে, তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করছেন। তাঁর দপ্তরের বিবৃতিতে বলা হয়, ‘ঘটনাস্থলে কাজ করা উদ্ধারকর্মীদের প্রতি আমরা কৃতজ্ঞ। সবাইকে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি।’

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনঃউন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যে চলা সাত মাসব্যাপী বিস্তৃত যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব পেশ করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাবটি হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে
অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
১১ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
১১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১২ ঘণ্টা আগে