
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জীবিত ও সুস্থ আছেন বলে জানিয়েছে ডন নিউজ। মঙ্গলবার বিকেলে তাঁর বোন ড. উজমা খানমের সঙ্গে আদিয়ালা জেলেই তাঁর সাক্ষাৎ হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে পরিবারের সদস্যদের দেখা করতে না দেওয়ায় এবং স্বাস্থ্যের বিষয়ে সরকার কোনো স্পষ্ট তথ্য না দেওয়ায় দেশজুড়ে গুঞ্জন ও উদ্বেগ বাড়ছিল।
গত মাসে ইমরান খানের তিন বোন—নুরিন নিয়াজি, আলীমা খান এবং উজমা খান অভিযোগ করেন, ভাইয়ের খোঁজ নিতে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এরপর থেকেই ইমরান খানের স্বাস্থ্য নিয়ে জল্পনা আরও তীব্র হয়।
এদিকে ইমরানের দুই ছেলেও মন্তব্য করেন, কারাগার কর্তৃপক্ষ ‘অপরিবর্তনীয় কিছু’ গোপন করার চেষ্টা করছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ছেলে কাসিম খান জানান, আদালত থেকে কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের নির্দেশ থাকার পরও কাউকে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছিল না। এমনকি ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসককেও জেলে ঢুকতে দেওয়া হয়নি।
জানা যায়, পরিবার বা নিজের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতাদের সঙ্গে প্রায় টানা ২৫ দিন ধরে কোনো সাক্ষাৎ হয়নি ইমরান খানের। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যু নিয়ে গুজব ছড়ায়। ধারণা করা হচ্ছিল—মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হতে পারে, এমন ভয়েই কর্তৃপক্ষ বিষয়টি গোপন করে যাচ্ছে।
ইমরান খানের সমর্থকদের আন্দোলন ইতিমধ্যেই ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে জোরালো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই শহরের প্রশাসন গণজমায়েত নিষিদ্ধের আদেশ জারি করেছে। তারপরও মঙ্গলবার (২ ডিসেম্বর) ইসলামাবাদ হাই কোর্টের সামনে ইমরান খানের সমর্থকেরা বিক্ষোভে নামে।
গত রোববার (৩০ নভেম্বর) পিটিআই–এর সিনেটর খুররম জিশান অভিযোগ করেন, ইমরান খানকে দেশ ছাড়ার চাপ দিতে জেলেই তাঁকে বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। তাঁর দাবি, ইমরানের জনপ্রিয়তায় ভয় পেয়ে সরকার তাঁর কোনো ছবি বা ভিডিও প্রকাশ করছে না।
১৯৯২ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইমরান খান বর্তমানে ৭২ বছর বয়সী। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে আছেন। তাঁর মৃত্যুর গুজব প্রথম ছড়াতে শুরু করে আফগানিস্তানের কিছু সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক সম্প্রতি সীমান্ত বিরোধ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল।

ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন অব্যাহত রাখলে ইসলামাবাদকে সিদ্ধান্ত নিতে হবে তারা ‘ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হয়ে যেতে চায়।’
২ ঘণ্টা আগে
ভারতের রাজস্থানে বছরের পর বছর ধরে দলবদ্ধ ধর্ষণ ও ব্ল্যাকমেলের শিকার হয়ে এক নারী আত্মহত্যা করেন গত মার্চে। সেই নারীর বোনের সঙ্গেও একই ধরনের নির্মম ঘটনা ঘটছিল। কিন্তু প্রায় দুই মাস পর ন্যায়বিচার না পেয়ে এবং একাধিকবার পুলিশের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না হওয়ায় ছোট বোনও আত্মহত্যা করেন।
২ ঘণ্টা আগে
ইউক্রেন রাশিয়ার বিভিন্ন অংশে রাতভর হামলা চালিয়েছে। এসব হামলায় প্রায় সাড়ে ৫০০ ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব হামলায় রাশিয়ায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
২ ঘণ্টা আগে
পরিবার পরিকল্পনা নিয়ে নতুন এক ঘোষণা দিলেন ভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি বলেছেন, কোনো পরিবারে তৃতীয় সন্তানের জন্মের পর তাঁর সরকার ৩০ হাজার রুপি দেবে। আর চতুর্থ সন্তান নিলে ৪০ হাজার রুপি দেবে। এদিকে এই ঘোষণা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
৫ ঘণ্টা আগে