সৌদি আরবে সেনা মোতায়েন করল পাকিস্তান

সৌদি আরবে সেনা মোতায়েন করেছে পাকিস্তান। গতকাল শনিবার দেশটির সেনাবাহিনীর সদস্যদের সৌদি আরবে পাঠানো হয়। এর এক দিন আগে ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা জোটের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
বিবৃতিতে বলা হয়েছে—সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের অবিচল অঙ্গীকারের প্রতিফলন এই সেনা মোতায়েন। সেনাসদস্যদের বিদায় অনুষ্ঠানের বিষয়ে প্রকাশিত বিবৃতিটি সৌদি আরবে সেনা মোতায়েন নিয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রথম আনুষ্ঠানিক বক্তব্য।
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সৌদি আরবের ভূখণ্ডের ভেতরেই দায়িত্ব পালন করবেন মোতায়েন করা সেনাসদস্যরা। উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সৌদি আরবের প্রতিরক্ষাসক্ষমতা আরও শক্তিশালী করাই এ মোতায়েনের লক্ষ্য।
এর আগে গত শুক্রবার ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত, রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অংশ নেন।
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে সংঘাত বৃদ্ধি এবং সৌদি আরবে হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে গত আগস্টে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।
এর আগে গত মে মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলাকালে সৌদি আরবের সঙ্গে আগের একটি প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান কয়েক হাজার সেনা, একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন করেছিল।
এ ছাড়া গত অক্টোবর মাসে পাকিস্তানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, সৌদি আরবের স্থলসীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে দেশটিতে ৩০ হাজার থেকে ৪০ হাজার পাকিস্তানি সেনা মোতায়েন করা হয়েছে।









