Ajker Patrika

ইরান যুদ্ধ শুরুর পর অক্টোবরে হরমুজে এলএনজিবাহী জাহাজ চলাচল সর্বোচ্চ

আজকের পত্রিকা ডেস্ক­
ইরান যুদ্ধ শুরুর পর অক্টোবরে হরমুজে এলএনজিবাহী জাহাজ চলাচল সর্বোচ্চ
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের কারণে চলতি বছর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয় ব্যাপকভাবে। তবে গত অক্টোবরে এ নৌপথ দিয়ে সর্বোচ্চসংখ্যক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজ চলাচল করেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জি ও কেপলারের তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির তথ্য অনুযায়ী—অক্টোবরে হরমুজ প্রণালি অতিক্রম করেছে মোট ৩১টি এলএনজিবাহী জাহাজ। এর মধ্যে ২৩টি কাতারের রাস লাফান এবং আটটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দাস আইল্যান্ড থেকে এলএনজি বোঝাই করেছিল। যুদ্ধ শুরুর পর ফেব্রুয়ারির পর এটিই ছিল সর্বোচ্চ। সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ২৩টি।

এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির জ্যেষ্ঠ প্রধান বিশ্লেষক এরিক ইয়েপ বলেন, সংযুক্ত আরব আমিরাতের জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরে এসেছে। অন্যদিকে, কাতারের ক্ষেত্রে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ববর্তী সময়ের তুলনায় ৩০ শতাংশের বেশি পুনরুদ্ধার হয়েছে।

কেপলারের জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য অনুযায়ী, অক্টোবরে মোট ৪২টি এলএনজি কার্গো বোঝাই করা হয়েছে। সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ২৭ টি। কেপলারের তথ্য বলছে, অক্টোবরে কাতারের রাস লাফান বন্দরে ৩৫টি এলএনজি কার্গো বোঝাই করা হয়। এসব কার্গোর মোট পরিমাণ ছিল ২৭ লাখ টনের বেশি। যুদ্ধ শুরুর পর এটিই ছিল বন্দরটির সর্বোচ্চ মাসিক লোডিং। চলতি বছরের ফেব্রুয়ারিতে কাতার প্রায় ৬২ লাখ টন এলএনজি রপ্তানি করেছিল।

এদিকে, রাস লাফান থেকে এলএনজি নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করা দুটি জাহাজ পরে ওমানের সোহার নোঙর এলাকায় উপকূলের কাছে জাহাজ থেকে জাহাজে (এসটিএস) এলএনজি স্থানান্তর করে। কেপলারের তথ্য অনুযায়ী, ‘এসসি প্রেস্টিজ’ নামের জাহাজটি তার এলএনজি ‘বিডব্লিউ ইএনএন ক্রিস্টাল স্কাই’ নামের আরেকটি জাহাজে স্থানান্তর করে। বর্তমানে দ্বিতীয় জাহাজটি দক্ষিণ কোরিয়ার উদ্দেশে যাত্রা করছে।

অন্যদিকে, ‘আল মাফিয়ার’ জাহাজে থাকা এলএনজি ‘শানডং রেডউড’ ও ‘এজনান’ নামের দুটি জাহাজে স্থানান্তর করা হয়। পরে উভয় জাহাজই এলএনজির চালান পাকিস্তানে পৌঁছে দেয়। সংযুক্ত আরব আমিরাতের দাস আইল্যান্ড থেকে এলএনজি রপ্তানির পরিমাণ অক্টোবরে অপরিবর্তিত ছিল। কেপলারের তথ্য অনুযায়ী, ওই মাসে দ্বীপটি থেকে সাতটি কার্গো বোঝাই করা হয়, যা সেপ্টেম্বরে বোঝাই করা কার্গোর সংখ্যার সমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত