Ajker Patrika

ইরাক হয়ে ইরানে মার্কিন আক্রমণের পরিকল্পনার গুঞ্জন, গোপনে তেহরানে ইরাকি প্রধানমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­
ইরাক হয়ে ইরানে মার্কিন আক্রমণের পরিকল্পনার গুঞ্জন, গোপনে তেহরানে ইরাকি প্রধানমন্ত্রী
বাঘের গালিবাফের সঙ্গে আলী আল–জাইদি। ছবি: এক্স

ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরানে স্থল অভিযান চালানোর সম্ভাব্য মার্কিন যুদ্ধপরিকল্পনার গুঞ্জনের মধ্যেই গোপনে তেহরান সফর করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কার মধ্যে তাঁর এ সফরে যুদ্ধ বন্ধে বাগদাদের মধ্যস্থতার উদ্যোগ এবং ইরানের অবস্থান নিয়ে আলোচনা হয়েছে। এদিকে, ইরানের সমর্থনপুষ্ট ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো সম্ভাব্য যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কায় তাদের নিরস্ত্র করার উদ্যোগ নিয়েছে বাগদাদ। অন্যদিকে, এসব গোষ্ঠীকে ঘিরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।

মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম দ্য ক্রেডলের খবরে বলা হয়েছে, গতকাল সোমবার ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এক অবহিত সূত্রের বরাতে জানায়—গত শুক্রবার একটি প্রতিনিধিদল নিয়ে তেহরানে পৌঁছান জাইদি। সেখানে ইরানের পার্লামেন্টের স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় নেতৃত্ব দেওয়া মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেন তিনি।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে কেবল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ বন্ধে ইরাকের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। অন্য কোনো বিষয় আলোচনায় আসেনি। এ সময় মধ্যস্থতার উদ্যোগ নেওয়ায় ইরাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গালিবাফ। পাশাপাশি যুদ্ধ বন্ধ এবং দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাব তুলে ধরেন তিনি।

ইরানের এই আলোচক বলেন, আলোচনা এগিয়ে নিতে হলে ওয়াশিংটনকে ইরানের সর্বশেষ আলোচনার প্রস্তাবের কাঠামোর মধ্যে তেহরানের অধিকারকে সম্মান করতে হবে।

আগাম ঘোষণা ছাড়াই জাইদির এ সফর এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তান ও কাতার নতুন করে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুদ্ধ বন্ধে তেহরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে। ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা এবং ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের অবসান।

এর আগে ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরাকি প্রধানমন্ত্রী জাইদি। এ সময় তিনি ট্রাম্পকে স্পষ্ট করে জানান, প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে যুদ্ধ শুরু করাকে ইরাকের জন্য ‘বিপর্যয়’ বলে অভিহিত করেন তিনি।

জাইদির দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা অঞ্চলের পরিবর্তনশীল পরিস্থিতি, নিরাপত্তাসংক্রান্ত অগ্রগতি এবং পরবর্তী পর্যায়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় ইরাকের প্রধানমন্ত্রী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর আহ্বান পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ডকে কোনোভাবেই ব্যবহার করতে না দেওয়ার অবস্থান জানান তিনি।

এদিকে, ইরাকের সংবাদপত্র আল-মাদা গতকাল সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, শিয়া সমন্বয় কাঠামোর (শিয়া কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক) এক রুদ্ধদ্বার বৈঠকে প্রধানমন্ত্রী জাইদি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে উপস্থাপন করা যুক্তরাষ্ট্রের একটি ফাঁস হওয়া যুদ্ধপরিকল্পনার কিছু অংশ তিনি দেখেছেন। ওই পরিকল্পনায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করে মার্কিন স্থলবাহিনীর দক্ষিণ ইরানে প্রবেশ এবং দেশটিতে আক্রমণ চালানোর একটি সম্ভাব্য পরিস্থিতির কথা উল্লেখ রয়েছে।

একই বৈঠকে ইরানের সমর্থনপুষ্ট শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর নেতাদের সঙ্গে সরাসরি বিরোধে জড়িয়ে পড়েন জাইদি। এসব গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ নামে পরিচিত। প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে আসাইব আহল আল-হকের নেতা কায়েস আল-খাজালি যখন ইঙ্গিত দেন যে, ইরানের পক্ষে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে এসব সশস্ত্র গোষ্ঠী অংশ নিতে পারে, তখন তাঁকে থামিয়ে দেন জাইদি। তিনি বলেন, এমন পদক্ষেপ নেওয়া হলে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সদস্যদের গ্রেপ্তার করতে তিনি বাধ্য হবেন।

অন্যদিকে, সোমবার লন্ডন থেকে প্রকাশিত সংবাদমাধ্যম আশারক আল-আওসাতের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হলে ইরানের সমর্থনপুষ্ট প্রতিরোধ গোষ্ঠীগুলো প্রতিবেশী দেশ কিংবা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালালে যুক্তরাষ্ট্র তাদের ওপর আঘাত হানবে বলে জাইদিকে সতর্ক করেছে। ওয়াশিংটনের পক্ষ থেকে এমন সতর্কবার্তা দেওয়ার তথ্য ফাঁস হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের বিভিন্ন পর্যায়ে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তু এবং সৌদি আরবে হামলা চালিয়েছিল। পাল্টা জবাবে এসব গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে কয়েক ডজন প্রতিরোধ যোদ্ধা এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটসের (পিএমইউ) সদস্য নিহত হন।

ওয়াশিংটনের চাপের মুখে এখন ইসলামিক রেজিস্ট্যান্স গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার চেষ্টা করছেন ইরাকি প্রধানমন্ত্রী জাইদি। ২০১৪ সালে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ইরাকে দ্রুতগতিতে একের পর এক এলাকা দখল করে নেওয়ার পর সংগঠনটিকে পরাজিত করার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এসব সশস্ত্র গোষ্ঠী।

তবে নিরস্ত্রীকরণ নিয়ে গোষ্ঠীগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। আসাইব আহল আল-হকের মতো কয়েকটি গোষ্ঠী অস্ত্র সমর্পণে সম্মতি জানালেও কাতাইব হিজবুল্লাহ, হারাকাত আল-নুজাবা এবং কাতাইব সাইয়্যিদ আল-শুহাদা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফলে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযান, ইরাকের ভূখণ্ডের ব্যবহার এবং ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর ভূমিকা নিয়ে বাগদাদ এখন জটিল নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতির মুখে পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত